সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিও অংশ নিতে পারে

news-image

স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধিতা করলেও শেষ পর্যন্ত অবস্থান বদল করতে পারে বিএনপি। দলীয় প্রতীক নিয়েও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে দলটি। আবার জাতীয় রাজনীতির কৌশলগত হিসাব-নিকাশ কষে সরাসরি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিয়ে দল-সমর্থিত একক 'স্বতন্ত্র প্রার্থী' দিয়েও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোনোভাবেই ক্ষমতাসীন আওয়ামী লীগকে খালি মাঠে গোল দেওয়ার কোনো সুযোগ দেবে না বলে বিএনপির একাধিক নেতা সমকালকে জানিয়েছেন।

অবশ্য গতকাল সোমবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, সরকারের এ উদ্যোগের উদ্দেশ্য নিজেদের নেতাদের জিতিয়ে আনা। স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় পরিচয়ে অনুষ্ঠানে পাঁচ প্রতিষ্ঠানের আইন সংশোধনে মন্ত্রিসভার অনুমোদনকে 'সাংঘর্ষিক' বলে দাবি করেছে বিএনপি। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, এতে তারা বিস্মিত হয়েছেন। এ আইন সংশোধনে মন্ত্রিসভার অনুমোদনের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বিএনপির মুখপাত্র বলেন, সরকার ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন চেষ্টা করছে। স্থানীয় সরকার-সংক্রান্ত নির্বাচনী আইন অধ্যাদেশ আকারে জারি করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে নাম প্রকাশ না করে দলের একাধিক নীতিনির্ধারক সূত্র জানিয়েছে, দলীয়ভাবে হোক আর স্বতন্ত্রভাবে, নির্বাচনী মাঠে থাকবেন বিএনপির প্রার্থীরা। এমনকি পরিকল্পিতভাবে আসন্ন পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবেন তারা। দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আর ভুল করবে না দলটি। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও দল-সমর্থিত প্রার্থী দিয়েছিল বিএনপি। এমনকি দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও রাজপথে নেমে প্রচার চালিয়েছেন। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অথবা 'স্বতন্ত্র প্রার্থী' দিয়ে ভোটযুদ্ধে থাকবেন বিএনপি নেতারা।

 

বিএনপির অধিকাংশ নেতা মনে করেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থীদের বিপুল বিজয় হবে। আর ভোট কারচুপি করলে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হবে। দলীয় সরকারের অধীনে জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচন সম্ভব নয় বলে আন্দোলনের নতুন ইস্যু তৈরি করতে পারবেন তারা। সূত্র জানায়, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অত্যন্ত সুপরিকল্পিতভাবে অংশ নেবে বিএনপি। নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজনে দলের গঠনতন্ত্র সংশোধন, কেন্দ্রীয়ভাবে টিম গঠন, জনপ্রিয় প্রার্থী জরিপ করার প্রস্তুতি নেবে দলটি। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গোপন মাঠ জরিপের মাধ্যমে যোগ্য ও জনপ্রিয় নেতাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল  বলেন, এখনই তারা দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না। তাৎক্ষণিকভাবে দলের মুখপাত্র প্রতিক্রিয়া দিয়েছেন। এর বাইরে এখন তারা আর কিছু বলবেন না। নির্বাচনের তফসিল ঘোষণার পর অংশ নেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দলের স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর রায়  বলেন, যদি নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হয়, বিএনপি শতকরা ৯০টিতে জয়ী হবে। ভোট নিরপেক্ষ হবে কি-না তার ওপর নির্ভর করছে তাদের নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি। একই সঙ্গে তিনি এও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের লেজুড়বৃত্তি করে আসছে। সরকারকে খুশি করার কারণে তাদের মেয়াদ শেষ হওয়ার পরও সরিয়ে দেওয়া হচ্ছে না। এ কমিশন ভেঙে দেওয়ার ব্যাপারে তাদের দাবি বহাল আছে। নিরপেক্ষ নির্বাচন করতে হলে এ কমিশনকে সরিয়ে দিতে হবে।

 

এ বিষয়ে দলের তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। এতে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় পরিচয়ে অনুষ্ঠানে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রিপন বলেন, সরকারের এ ধরনের চিন্তাভাবনা আঁচ করতে পেরে বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছিল। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু সরকার তা না শুনে তড়িঘড়ি করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে।

 

বিএনপির মুখপাত্র বলেন, উন্নত বিশ্বে দলীয় পরিচয়ে স্থানীয় নির্বাচন হয়। কিন্তু সেসব দেশে আমাদের দেশের মতো রাজনৈতিক অপচর্চা হয় না। দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্র ও সমাজ আরও বিভাজিত হয়ে পড়বে বলে মনে করেন তিনি। রিপন বলেন, জাতীয় সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের আগে এমপিরা স্বপদে বহাল থাকতে পারেন। কিন্তু মেয়াদোত্তীর্ণ হলে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের যে বিধান রাখা হয়েছে, প্রস্তাবিত আইনে তা-ও সাংঘর্ষিক। এ ছাড়া স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার যে কথা সংবিধানে রয়েছে, সে ধারাও ক্ষুণ্ন হবে। এই অধ্যাদেশ জারি হওয়ার পর যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন উপযোগী হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগে নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরদের পদে থাকার বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

আসাদুজ্জামান রিপন বলেন, মানুষ যখন দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি করছে, তখন এটাকে পাশ কাটিয়ে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পেছনে সরকারের মহাদূরভিসন্ধি রয়েছে বলে বিএনপি মনে করে। এর মাধ্যমে সরকার প্রমাণ করার চেষ্টা করবে, বিরোধী দল জাতীয় নির্বাচন বর্জন করলেও সব পর্যায়ের স্থানীয় নির্বাচনে তাদের প্রতি জনগণের তথাকথিত সমর্থন রয়েছে। এটা সরকারের অসৎ পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। রিপন বলেন, সরকারের দমন-পীড়নে বিরোধী দলের হাজারও নেতাকর্মী কারারুদ্ধ। সরকার বিরোধী দলকে নূ্যনতম গণতান্ত্রিক স্পেস দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে সমান সুযোগ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া দুরূহ।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা