শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডার নিয়ে মরিয়া ছাত্রলীগ-যুবলীগ গোলাগুলি

news-image

পূর্বাঞ্চল রেলওয়ে

পূর্বাঞ্চল রেলওয়ের কাজ পাওয়ার ক্ষেত্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরো কয়েকজন আহত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবি) এলাকায় এ ঘটনা ঘটে। সংঘাতে জড়ানো এই দুটি পক্ষ হলো যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী। বাবর অনুসারী যুবলীগকর্মী শাহেদ গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। এই পক্ষের আহত অন্য দুজন হলেন নূর হোসেন ও সাবি্বর। লাঠিসোঁটার আঘাতে জখম হয়েছেন তাঁরা। হেলাল আকবর চৌধুরী বাবর যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক এবং সাইফুল আলম লিমন ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সহসম্পাদক। বাবর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং লিমন সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

 

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ জুন নগরীর সিআরবিতে ৪৮ লাখ টাকার দরপত্র জমা নিয়ে হেলাল আকবর চৌধুরী বাবর ও সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগকর্মী সাজু পালিত ও আরমান হোসেন নামের এক শিশু নিহত হয়। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর থেকে সিআরবি এলাকা থমথমে। সেই বাবর ও লিমন গ্রুপ যেকোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন। উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকায় মুখোমুখি অবস্থান নেয় লিমন ও বাবরের অনুসারীরা। লিমনের কর্মীরা সাতরাস্তায় মোড়ে এলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি লেগে যায়। পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর দুপুর দেড়টার দিকে সিআরবি সাতরাস্তার মোড় এলাকায় 'সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে সমাবেশ করে বাবর পক্ষ। সেখানে লিমনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।

ওই সমাবেশ থেকে ৫০০ গজ দূরে সিআরবি-কদমতলী সড়কের মুখে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় লিমনের অনুসারীরা। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এর পরও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দুই পক্ষই পরস্পরের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দুই পক্ষের লোকজনের হাতেই তখন লাঠিসোঁটা, চাপাতিসহ ধারালো অস্ত্র দেখা গেছে। জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষকে আরেক পক্ষ ধাওয়া করতে দেখা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবর পক্ষের লোকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে লিমনের অনুসারীরা। বিকেল ৩টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এবং গুলি করার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর দুই পক্ষের নেতাকর্মীরা এক কিলোমিটার দূরত্বে আলাদা জায়গায় অবস্থান নেয়। তবে সন্ধ্যায় জানা গেছে, লিমনের লোকজন টাইগারপাস এলাকায় অবস্থান নিয়েছে। অন্যদিকে সিআরবি সাতরাস্তার মোড় এলাকায় অবস্থান করছিল বাবরের অনুসারীরা। পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে গতকালের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানায় কোনো মামলাও হয়নি। কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, 'এক পক্ষ মিটিং করছিল, অন্য পক্ষ মিছিল করছিল। দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে আমরা মাঝখানে অবস্থান নিই। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি। আমরা না থাকলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'

গোলাগুলি প্রসঙ্গে ওসি বলেন, 'একটু দূরে শব্দ শুনেছি। মিছিল থেকে গুলি করেছে নাকি ককটেল বিস্ফোরণ হয়েছে তা বলতে পারছি না।' কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। গতকাল সন্ধ্যায় হেলাল আকবর চৌধুরী বাবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, 'হজ করে চার দিন আগে আমি ঢাকায় এসেছি। এখনো চট্টগ্রামে যাইনি।' তিনি বলেন, 'লিমনের নেতৃত্বে সন্ত্রাসীরা সিআরবি এলাকায় বেশ কিছুদিন ধরে ছিনতাই, চুরি-ডাকাতি, ইয়াবাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এলাকাবাসী অপরাধের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সমাবেশ করেছে। সাতরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে লিমনের ছেলেরা হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের (লিমন গ্রুপ) হাতে অস্ত্রশস্ত্র ছিল।'

তবে এ বিষয়ে লিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। দুই বছর আগে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় বাবর, লিমনসহ দুই পক্ষের ৮৭ জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মামলা হয়। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল, আশপাশের এলাকা এবং ঢাকায় অভিযান চালিয়ে বাবর, লিমনসহ ৫৭ জনকে গ্রেপ্তার করলেও কয়েক মাসের মধ্যে সবাই জামিনে মুক্তি পায়। ওই সময় বাবর ও লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরে বাবর কেন্দ্রীয় কমিটির নেতা হন।