অস্ট্রেলিয়া আসবে নতুন সূচিতে
'বাতিল' শব্দটি তখন সতর্কতার সঙ্গেই ব্যবহার করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া; বরং বাংলাদেশে না আসাকে 'স্থগিত' বলেছিল অস্ট্রেলিয়ান বোর্ড। গতকাল সেই স্থগিত সফর নিয়েই কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে। দুবাইয়ের ওই বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তারা নতুন সূচি ঠিক করে অবশ্যই বাংলাদেশ সফরে আসবে। দুবাই থেকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ খবর নিশ্চিত করেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, খুব শিগগির তারা নতুন সূচি ঠিক করে আমাদের জানাবে। এবং সে অনুযায়ী তারা দুই টেস্টের সিরিজ খেলতে আসবে।' টেলিফোনে বিসিবি প্রধান নির্বাহী এর বেশি আর বলতে চাননি।
দুবাইয়ে পাঁচ দিনব্যাপী আইসিসির সভা শুরু হয়েছে তিন দিন আগে। এরই মধ্যে এক্সিকিউটিভ কমিটির বৈঠক শেষ হয়েছে। সব বোর্ডের প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময়ও হয়েছে। আজ ও কাল সেখানে বোর্ডপ্রধানদের বৈঠক হওয়ার কথা। প্রথমে অর্থ কমিটির বৈঠক হবে সেখানে। তবে এর বাইরেও বিসিবি সভাপ্রধান বিভিন্ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলে বিসিবি সূত্রের খবর। আর সেখানে বাংলাদেশের ক্রিকেট অগ্রগতির ব্যাপারটা সবার কাছেই প্রশংসিত হয়েছে। তবে আলাদাভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে।
আর সেখানেই নতুন সূচি করে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই নতুন সময়টা হতে পারে আগামী বছরের এপ্রিল কিংবা সেপ্টেম্বরে। কেননা, ওই সময়ই কেবল এফটিপিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কোনো খেলা নেই। অস্ট্রেলিয়ার স্থগিত এ সফর ছাড়াও কথা উঠেছে আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন নিয়ে। মিডিয়ায় খবর এসেছে, নিরাপত্তার কারণ দেখিয়ে এই আসর নিতে আগ্রহী শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। তবে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকের বৈঠকে এই ব্যাপার উঠতে পারে বলে বিসিবি সূত্রের খবর। তবে বিসিবি এ ব্যাপারে আশাবাদী যে, এই আসর বাংলাদেশ থেকে কোথাও সরিয়ে নেওয়া হবে না। এরই মধ্যে এক্সিকিউটিভদের বৈঠকে বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয়তা এবং বাজারদর কত বেশি, তা 'প্রেজেন্টেশন' করে দেখানো হয়েছে। এবং তাতে নাকি অন্যান্য বোর্ডকর্তাও বেশ খুশি।











