শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের বিমান হামলা

news-image

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সহিংস উত্তেজনার বিস্তৃতি ঘটছে। গতকাল রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর কন্যাশিশু নিহত হয়েছে। এ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে গত ১২ দিনের সহিংসতায় ২২ ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি প্রাণ হারাল। এর মধ্যে শুক্রবার এক দিনেই ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে। ক্রমে খারাপের দিকে গড়াতে থাকা পরিস্থিতিতে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ আরো ব্যাপক হতে পারে। সে ক্ষেত্রে তৃতীয় ইন্তিফাদা বা গণ-অভ্যুত্থানের আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে শুক্রবার হামাস নেতা ইসমাইল হানিয়া ইন্তিফাদার ডাকও দিয়েছেন।

 

হাসপাতাল সূত্র জানায়, গাজার উত্তরাঞ্চলীয় জেইতুন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনি নারীর নাম নুর হাসান (৩০)। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী মেয়ে শাদও নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। ধ্বংসাবশেষের নিচে কেউ চাপা পড়েছে কি না তার অনুসন্ধান চলছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিমান হামলার লক্ষ্যবস্তু পার্শ্ববর্তী একটি বাড়ি বিধ্বস্ত হলেও এ হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।

অন্তঃসত্ত্বা নারী ও শিশু নিহত

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, 'হামাসের দুটি অস্ত্র তৈরির স্থান লক্ষ্য করে' বিমান হামলা চালানো হয়েছে। গত শুক্র ও শনিবার ইসরায়েলে দুটি রকেট ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে (আদি শহর) মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের অনুষ্ঠান আয়োজন এবং ফিলিস্তিনিদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১ অক্টোবর ছুরি হামলায় এক ইসরায়েলি দম্পতি নিহত হলে পরিস্থিতির আরো অবনতি ঘটে।

এ উত্তেজনা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সীমাবদ্ধ থাকলেও শুক্রবার তাতে যুক্ত হয় গাজাও। ওই দিন থেকে গতকাল কন্যশিশুসহ অন্তঃসত্ত্বা নুর নিহত হওয়ার আগ পর্যন্ত দুই দিনে গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় ৯ ফিলিস্তিনি। এর মধ্যে শনিবার ১৩ ও ১৫ বছরের দুই কিশোরকেও হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই দিনের সংঘাতে আহত হয় অন্তত ২৩ ফিলিস্তিনি। এদিকে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নারী (৩১) বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে ওই নারী নিজেই গুরুতর আহত হয়েছেন। এক ইসরায়েলি পুলিশ সদস্য আহত হলেও ওই নারীর এটি আত্মঘাতী হামলা ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। চলমান সহিংসতায় কোনো নারীর হামলার ঘটনা এটাই প্রথম। ইসরায়েলি পুলিশ অবশ্য জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা ছিল খুবই সামান্য।

দুই পক্ষের মধ্যে চলমান এ সহিংসতায় আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনও অশান্তির পথ পরিহারের আহ্বান জানিয়েছেন। তবে হতাশাগ্রস্ত ফিলিস্তিনি তরুণরা আব্বাসের আহ্বানকে উপেক্ষা করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মূলত খালি হাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এই তরুণদের লড়াইয়ের প্রধান কৌশলই হলো ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ছোড়া। তবে বিক্ষিপ্তভাবে কেউ কেউ ছুরি নিয়েও হামলা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আব্বাস ও নেতানিয়াহু উভয়েই এরই মধ্যে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতাই পরিস্থিতির জন্য অন্য পক্ষকে দায়ী করেছেন। সূত্র : আল-জাজিরা, এএফপি।