কলেজ ৯৮ ভর্তীচ্ছু ৪৫ হাজার
আসন সাত হাজার ৩৫৫টি। এর বিপরীতে ভর্তিযোগ্য প্রার্থী ৪৪ হাজার ৭৫৪ জন। সরকারিতে সুযোগ না পেলে ১৮ অক্টোবর থেকে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির আবেদন করতে পারবেন তাঁরা। আবেদনপত্র জমার শেষ তারিখ ২৭ অক্টোবর। মেধা ও কোটা অনুসারে ভর্তিযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ৩০ অক্টোবর। ভর্তি শুরু ৩১ অক্টোবর। ভর্তির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে ৯৮টি বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ। তবে দুঃখজনক হলেও সত্য, আসন আর প্রয়োজনীয় টাকার অভাবে ভর্তি পরীক্ষায় পাস করেও ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে ৩৭ হাজার ৪০০ জনের বেশি শিক্ষার্থীর। আবার কোনো কোনো কলেজের আসন পূরণ হয় না। টাকা বা মানের অভাবে অনেকে এসব কলেজে ভর্তি হতে চান না। প্রাইভেট মেডিক্যালে সরকারের বেঁধে দেওয়া ভর্তি ফি সর্বোচ্চ ১৫ লাখ ১০ হাজার টাকা।
আদতে হাতেগোনা কয়েকটি মেডিক্যাল কলেজ ওই পরিমাণ কিংবা অগোচরে এর চেয়েও বেশি নেয়। বেশির ভাগ প্রাইভেট মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এর চেয়ে অনেক কমে ভর্তি করে। এমনকি গত বছর পত্রপত্রিকার বিজ্ঞাপনে দেখা গেছে, দুই-তিন লাখ টাকা ভর্তি ফি নিয়েও ডেন্টাল এবং চার-পাঁচ লাখ টাকায়ও বিভিন্ন মেডিক্যাল কলেজ ভর্তি করেছে। তাই ১৫ লাখ টাকার কথা শুনে ভয় পাওয়া কিংবা শুরুতেই হতাশ হওয়া ঠিক হবে না। বরং নিজের আর্থিক সামর্থ্য ও কলেজগুলোর শিক্ষার গুণগত মান যাচাই-বাছাই করে চেষ্টা করে দেখার পরামর্শ দিয়েছেন মেডিক্যাল শিক্ষার বিশিষ্টজনরা। একইভাবে কলেজগুলোর প্রতিও কেবল টাকা পেয়েই ভর্তি না করে বরং মেধা বিবেচনায় নিয়েই ছাত্রছাত্রীদের ভর্তি করার পরামর্শ তাঁদের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর। এতে অংশ নেন ৮২ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। পাস করেছেন ৪৮ হাজার ৪৪৮ জন। গড় পাসের হার ৫৮.৪ শতাংশ।
সরকারি হিসাব মতেই দেশে সরকারি মেডিক্যাল কলেজ ৩০টি ও ডেন্টাল কলেজের সংখ্যা ৯টি। আর বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৬৫টি ও ডেন্টাল কলেজ ৩৩টি। সরকারি মেডিক্যাল ও ডেন্টালে আসনসংখ্যা তিন হাজার ৬৯৪টি এবং বেসরকারি মেডিক্যাল ও ডেন্টালে আসনসংখ্যা সাত হাজার ৩৫৫টি।
নিয়ম অনুসারে, সরকারি প্রতিষ্ঠানগুলোর তিন হাজার ৬৯৪টি আসনে ভর্তি শেষ হওয়ার পরই কেবল বেসরকারি কলেজে ভর্তি শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির শেষ তারিখ ১৭ অক্টোবর। ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ ভর্তি সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, নির্দিষ্ট সময়ের আগেই ভর্তি শেষ হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান বলেন, 'আমরা ইতিমধ্যেই একটি সার্কুলার জারি করে দিয়েছি। যার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সরকার অনুমোদিত বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর মধ্য থেকে যাঁর যাঁর পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও নীতিমালা এবং সরকারের নির্দেশনা মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।'
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
সরকার অনুমোদিত বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটগুলো ছাত্রছাত্রী ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ একাধিক বহুল প্রচারিত বাংলা ও ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ভর্তি পরীক্ষায় ২০০ মধ্যে ১২০ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ বা তদূর্ধ্ব প্রাপ্ত নম্বরধারীদের নম্বরের সঙ্গে প্রাপ্ত জিপিএ যোগ করে ভর্তির জন্য মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটার নীতিমালা অনুসরণ করা হবে। অসচ্ছল ও মেধাবী কোটায় ভর্তির জন্য ছাত্রছাত্রীরা নির্ধারিত ফরমে (ফরম কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাবে) পছন্দের কলেজ বা ইউনিটে আবেদন করবেন।
ভর্তির সময় লাগবে
ভর্তির জন্য নির্ধারিত ছাত্রছাত্রীদের নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কলেজের স্টুডেন্ট সেকশন থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। আবেদনপত্রে যেসব তথ্য ও সনদপত্রের উল্লেখ আছে, তার মূল কপি ভর্তির সময় জমা দিতে হবে। লাগবে অনলাইন আবেদনপত্রের স্টুডেন্ট কপি, অনলাইনে ডাউনলোড করা প্রবেশপত্র, চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদপত্র বা টেস্টিমোনিয়ালের মূল কপি। মুক্তিযোদ্ধা, জেলা কোটা, উপজাতীয় প্রার্থীদের কোটার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 'ও' লেভেল ও 'এ' লেভেল বা সমমানের মার্কশিট স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সমমানের সনদের মাধ্যমে স্বীকৃত হতে হবে।











