ইউরো বাছাই বড় জয়েও স্পেনে বিষাদ
ঘরের মাঠে ৪-০ গোলের বিধ্বংসী জয়। যাতে নিশ্চিত হয়েছে গত দুইবারের ইউরো বিজয়ীদের ২০১৬ আসরে অংশগ্রহণ। স্পেন-ক্যাম্পে উল্লাসের ঢেউ বয়ে যাওয়ারই তো কথা। কিন্তু সেটি আর হলো কোথায়? স্বাগতিক দর্শকরা আবারও দুয়োধ্বনি দিয়েছে জেরার্দ পিকেকে। আর ইনজুরির কারণে প্রথমার্ধেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মিডফিল্ডার দাভিদ সিলভা ও ফরোয়ার্ড আলভারো মোরাতাকে। তাতে ফ্রান্সের টিকিট পাওয়ার আনন্দের রঙেও যে বিষাদের ছোপ পড়েছে স্পেনে!
গত মৌসুমে বার্সেলোনার ত্রিমুকুট জয়ের পর রিয়াল মাদ্রিদকে নিয়ে কটাক্ষ করেছিলেন পিকে। এর পর থেকে জাতীয় দলের জার্সিতে এই ডিফেন্ডারের মাঠে নামা মানেই সমর্থকদের দুয়োধ্বনি তাঁর দিকে ধেয়ে যাওয়া। সমর্থকদের প্রতি কোচ ও সতীর্থদের অনুরোধেও কাজ হয়নি। পরশু লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচেও এর পুনরাবৃত্তি। ‘পিকের ব্যাপারটি নিয়ে আলোচনায় আমি ক্লান্ত’-ম্যাচ শেষে কোচ ভিসেন্তে দেল বস্কের প্রতিক্রিয়া। তাঁর হতাশা আরো বেশি সিলভা ও মোরাতার ইনজুরিতে, ‘ম্যাচের সবচেয়ে খারাপ অংশ ছিল ইনজুরি দুটি। দুর্ভাগ্যজনকভাবে ওরা ইনজুরিতে পড়ল। এখন মেডিক্যাল রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না সেগুলো কতটা সিরিয়াস।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাসখানেকের মতো বাইরে থাকতে হবে সিলভাকে। আর আশঙ্কা সত্যি করে মোরাতার পায়ের হাড় ভেঙে থাকলে তাঁর ফুটবল থেকে ছিটকে যাওয়া হবে আরো বেশি দিনের জন্য।
মাঠের ফুটবলে স্পেন অবশ্য ছিল দুর্দান্ত। বাছাইপর্বের ৯ ম্যাচের মধ্যে অষ্টম জয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলল তারা। ঠিক এক বছর আগে স্লোভাকিয়ার কাছে ১-২ গোলে হারের পর সাত ম্যাচে কোনো গোল খায়নি। পরশুর বিধ্বংসী জয়ে জোড়া গোল মিডফিল্ডার সান্তি কাযোরলা ও ফরোয়ার্ড পাকো আলকাসেরের। এর মধ্যে পরেরজনের গোল দুটির গুরুত্ব আলাদা। ডিয়েগো কোস্তার বহিষ্কারাদেশে লুক্সেমবার্গের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন মোরাতা। তাঁর ইনজুরির পর মাঠে নামেন আলকাসের। জোড়া লক্ষ্যভেদে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচে নিজের গোলসংখ্যা নিয়ে যান ৬-এ। সেখানে কোস্তা স্পেনের জার্সিতে ৯ ম্যাচে করেন মোটে একটি গোল।
এই জয়ের বেশ সন্তুষ্ট কোচ দেল বস্কে, ‘বাছাইপর্বে বেশ কঠিন সময় গেছে আমাদের। তাতে দল হিসেবে ঠিক প্রতিক্রিয়াও দেখাতে পেরেছি। আমাদের রক্ষণভাগ বরাবর বেশ আঁটোসাঁটো। আর আজ আমরা বেশ কিছু সুযোগও তৈরি করতে পেরেছি। তা থেকে আরো কিছু গোল করা উচিত ছিল।’ খুশি সুযোগ কাজে লাগানো ফরোয়ার্ড আলকাসেরও, ‘স্ট্রাইকারদের কাজই গোল করা। এ মুহূর্তে সেটি করতে পারছি বলে আমি খুশি। তাই বলে আয়েশী হওয়ার কোনো সুযোগ নেই। চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমি জাতীয় দলে আরো বেশি সুযোগ পাই।’ ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০১৬ ইউরোতে খেলা নিশ্চিত করল স্পেন। ‘এইচ’ গ্রুপ থেকে ইউরোতে জায়গা নিশ্চিত করেছে ইতালি, কাল আজারবাইজানকে তারা হারিয়েছে ৩-১ গোলে। নেদারল্যান্ডসের ভাগ্যটা ঝুলেছিল তুরস্কের ওপর। কাল ডাচরা কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে নিজেদের কাজটা করেছে বটে, তবে পরে তুরস্ক যদি চেকপ্রজাতন্ত্রকে হারিয়ে থাকে তাহলে ডাচদের বিদায়। ‘এ’ গ্রুপে আইসল্যান্ড ২-২ গোলে ড্র করেছে লাটভিয়ার সঙ্গে।
‘ই’ গ্রুপ থেকে ইংল্যান্ডের চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত হয়েছে আগেই। পরশু এস্তোনিয়াকে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বে ৯ ম্যাচে নবম জয় পায় তারা। ইনজুরির কারণে রেকর্ড গোলস্কোরার ওয়েইন রুনি খেলেননি। যাঁর কাছ থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করেছেন, সেই কিংবদন্তি ববি চার্লটনের কাছ থেকে ম্যাচ শুরুর আগে কীর্তির স্মারক হিসেবে ‘সোনালি জুতা’ নিয়েছেন রুনি। এরপর দেখেছেন থিও ওয়ালকট ও রহিম স্টারলিংয়ের গোলে ইংল্যান্ডের সহজ জয়।
এই গ্রুপে রানার্স-আপ হওয়া নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। পরশু ৭-০ গোলে সান ম্যারিনোকে হারিয়ে। আর স্লোভেনিয়া-লিথুয়ানিয়ার অন্য ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ‘জি’ গ্রুপে আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা অস্ট্রিয়া পরশু ৩-২ গোলে হারিয়েছে মন্টেনেগ্রোকে। তাদের পয়েন্ট ২৫। এএফপি











