শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের সংলাপে নোবেল

news-image

‘এটা পুরো বিশ্বের জন্য বার্তা। গণতন্ত্রকামী সকল দেশ আর সকল মানুষের জন্য বার্তা যে- সংলাপের মাধ্যমে সব কিছুর সমাধান করা যায়।’ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সুস্পষ্ট অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছে তিউনিশিয়ার চারটি সংগঠনের জোট ‘ন্যাশনাল ডায়ালগ কুয়ার্টেট’। জোটের উল্লেখযোগ্য অংশ তিউনিশিয়ান অর্ডার অব লইয়ার্স এর প্রেসিডেন্ট মোহাম্মেদ ফাহদেল মাহফুজ বিশেষ এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। জোটের বাকি তিন সংগঠন হলো- তিউনিশিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিশিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস এবং তিউনিশিয়ান হিউম্যান রাইটস লিগ। গতকাল নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, তিউনিশিয়ায় ২০১১ সালের ‘জেসমিন বিপ্লবের’ পর দেশটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বলিষ্ঠ অবদান রেখেছে ‘তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কুয়ার্টেট’। ২০১৩ সালে তিউনিশিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ধ্বংসের ঝুঁকিতে ছিল তখন এ জোটটি গঠিত হয়। যখন দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত তখন একটি বিকল্প শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করে এই জোট। কয়েক বছরের মধ্যে তিউনিশিয়ায় একটি সাংবিধানিক প্রক্রিয়ার সরকার প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা রাখেন তারা। ওই সাংবিধানিক প্রক্রিয়ার সরকারে নারী-পুরুষ, রাজনৈতিক পছন্দ বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে দেশের জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। নোবেল শান্তি পুরস্কার তিউনিশিয়ার গণতন্ত্রকে আরও সংহত করতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করে নোবেল কমিটি। 
গতকাল নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল জয়ীর আনুষ্ঠানিক ঘোষণা দেন কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান কাচি কুলম্যান। নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটেও ‘তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কুয়ার্টেট’ জোটকে নোবেল পুরস্কার প্রদানের প্রেক্ষাপট তুলে ধরা হয়। এ বছর নোবেল পুরস্কারের জন্য ২৭৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়েছিল নোবেল কমিটি। পুরস্কার ঘোষণার আগ দিয়ে বিশ্বের সংবাদমাধ্যমগুলোতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও পোপ ফ্রান্সিসের সম্ভাবনার কথা বলা হচ্ছিল। কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এ বছরের নোবেল পুরস্কার জিতে নেয় তিউনিশিয়ার এ জোট। তিউনিশিয়ায় আরব বসন্তের সূত্রপাত হয় ২০১০-২০১১ সালে। ২০১০ সালের ডিসেম্বরে পুলিশি অসদাচরণ ও দুর্নীতির প্রতিবাদে এক তরুণের আত্মাহুতির ঘটনার মধ্য দিয়ে দেশটিতে আন্দোলন শুরু হয়। দ্রুতই সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। রূপ নেয় গণঅভুত্থানে। পরের বছর জানুয়ারিতে দেশটির স্বৈরশাসক প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির ২২ বছরের শাসনের অবসান ঘটে। মার্কিন সাংবাদিক এন্ডি কারভিন তিউনিশিয়ার জাতীয় ফুলের নামে ওই গণবিপ্লবের নাম দেন ‘জেসমিন বিপ্লব’। পরে নামটি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা পায়। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, ‘ওই আরব বসন্ত দ্রুতই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। ওই দেশগুলোর অনেকগুলোতে এখন গণতন্ত্র আর মৌলিক অধিকারের জন্য লড়াই থমকে গেছে বা বাধার সম্মুখীন হয়েছে। তবে তিউনিশিয়া প্রাণবন্ত একটি সমাজের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করেছে। যেখানে মানুষের মৌলিক অধিকারের ওপর সম্মান প্রদর্শনের দাবি ছিল।’  
আরব বসন্তের রাষ্ট্রগুলোর মধ্যে শুধু তিউনিশিয়াই তাদের গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে পেরেছে। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন যুদ্ধবিদ্ধস্ত। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম সরকারকে ২০১৩ সালে উৎখাত করে দেশটির সেনাবাহিনী। নোবেল কমিটি বলেছে, তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কুয়ার্টেট এর সংগঠনগুলো তিউনিশিয়ার সমাজের বিভিন্ন ক্ষেত্র ও আদর্শের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে রয়েছে কর্মশীল জীবন, সমাজকল্যাণ, আইনের শাসন ও মানবাধিকারের নানা মূল্যবোধ। এর ভিত্তিতে তারা অসাধারণ নৈতিক কর্তৃত্ব সহকারে দেশটিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে মধ্যস্থতাকারী ও চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করে। আরও বলা হয়, তিউনিশিয়ার অভ্যুত্থান শস্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনে রূপ নেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুয়ার্টেটের প্রচেষ্টা। তারা রাজনৈতিক দলগুলো, কর্তৃপক্ষ এবং নাগরিকদের মধ্যে শান্তিপূর্ণ সংলাপের পথ উন্মোচন করে দেয়। কুয়ার্টেক ব্যপক পরিসরে যে জাতীয় সংলাপ প্রক্রিয়া চালু করতে সক্ষম হয়েছিল তা তিউনিশিয়াজুড়ে সহিংসতা কমিয়ে আনতে সফল হয়। কর্তৃত্বপরায়ণ শাসক বেন আলির পতনের পর গণতন্ত্রের পথে তিউনিশিয়ার উত্তরণের ঘটনাপ্রবাহ বেশ কয়েকটি কারণে স্বতন্ত্র এবং নজিরবিহীন। প্রথমত, এতে প্রতীয়মান হয়েছে, ইসলামপন্থি ও ধর্মনিরপেক্ষ আন্দোলনগুলো দেশের সর্বোত্তম স্বার্থের জন্য একসঙ্গে কাজ করতে পারে। ফলে, তিউনিশিয়ার উদাহরণ সংলাপের গুরুত্ব নতুন করে তুলে ধরে। দ্বিতীয়ত, তিউনিশিয়ায় পরিস্থিতির উত্তরণে স্পষ্ট হয় যে, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানগুলো দেশের গণতন্ত্রকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এমন একটি প্রক্রিয়া কঠিন পরিস্থিতির মধ্যেও অবাধ নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারে। 
নোবেল কমিটি বলেছে, এ অর্জনের উল্লেখযোগ্য কৃতিত্ব দিতে হবে ন্যাশনাল ডায়ালগ কুয়ার্টেটকে। কৃতিত্ব এজন্য দিতে হবে যে জেসমিন বিপ্লবের সুফল হারিয়ে যায় নি। ঘোষণার শেষে বলা হয়, তিউনিশিয়া রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা জনিত চ্যালেঞ্জের মুখোমুখি। নরওয়ের নোবেল কমিটির প্রত্যাশা এ বছরের পুরস্কার দেশটির গণতন্ত্র রক্ষায় অবদান রাখবে। আর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও বিশ্বের অন্য স্থানগুলোতে যারা শান্তি ও গণতন্ত্রের প্রচারণায় কাজ করছেন এটা হবে তাদের জন্য অনুপ্রেরণা। সর্বপরি এটা তিউনিশিয়ার জনগণকে উৎসাহ যোগাবে বলে উল্লেখ করে নোবেল কমিটি।  
উল্লেখ্য, নোবেল পুরস্কারের ৬টি বিষয়ের মধ্যে শান্তিতে নোবেলকে সবথেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। বিজয়ীরা পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনা প্রাইজমানি পাবেন। ১০ই ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।