সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জাপা নেতা খুন বিক্ষুব্ধ জনতার হামলা

news-image

 
কুড়িগ্রাম কচাকাটা পুলিশ থানার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান রাজা (৪০)-কে হাত পায়ের রগ কেটে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আতিকুর রহমান রাজা কুড়িগ্রাম-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাকের খালাতো ভাই। রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা এক হয়ে প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থানা এবং কুড়িগ্রাম থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ খুনের রহস্য উদঘাটনে ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে। বিক্ষুব্ধদের দেয়া আগুনে বিএনপি নেতা আবদুল জলিলেরসহ ৬টি বাড়ি ভস্মীভূত হয়েছে। নিহতের স্ত্রী সাহিদা বেগম এ খুনের পিছনে খোদ পুলিশের ইন্ধন আছে বলে অভিযোগ করেন।


নিহতের ছোট ভাই প্রভাষক আজিজুল ইসলাম রানা জানায়, বুধবার রাত ১২টার দিকে মাদারগঞ্জের বকুলতলায় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়। আতিকুর রহমান রাজা বুধবার সন্ধ্যায় হাজীপুর এলাকায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মাহফিল শেষে রাতে মোটরসাইকেলযোগে বন্ধু আলতাফ হোসেনসহ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বন্ধু আলতাফ হোসেন আর রাজা পিছনে বসা ছিলেন। রাত ১২টার দিকে মাদারগঞ্জ বকুলতলা হাজীপাড়া গ্রামের জোড়া দীঘির পাড়ে কয়েকজন মুখঢাকা দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ধারালো চাপাতি দিয়ে হাত, পায়ের রগ কেটে ও মাটিতে ফেলে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় মোটরসাইকেলসহ বন্ধু আলতাফ হোসেন পালিয়ে যায়। প্রভাষক রানা দাবি করেন, পূর্ব শক্রতার জের ধরে বিএনপি নেতা ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, পুত্র রবিন, লাভলু ও লাবিন এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন। এদিকে খবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ কচাকাটা থানার সামনে জড়ো হয়ে খুনিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। নিহতের স্ত্রী সাহিদা বেগম একমাত্র কন্যা নিহা (৪)-কে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি মৃত্যুর খবর পেয়ে মেয়েকে নিয়ে ঢাকা থেকে বলভেরখাস এলাকায় স্বামীর বাড়িতে আসেন। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। 
বিলাপ করতে করতে সাহিদা অভিযোগ করেন, তার স্বামী রাজা মানুষের সেবা করতেই ভাল চাকরি ছেড়ে এলাকায় পড়ে থাকেন। এজন্য শত্রু হন সাবেক চেয়ারম্যান আবদুল জলিলের। আবদুল জলিলের সঙ্গে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সখ্য ছিল। ওসি মোস্তাফিজুর রহমান সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করায় তার প্রতিবাদ জানায় রাজা। অন্যায়ের প্রতিবাদ করায় পুলিশের রোষানলে পড়েন। এ কারণে এ হত্যাকাণ্ডে ওসি মোস্তাফিজুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
মাদারগঞ্জ বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, রাজা এলাকায় অত্যন্ত জনপ্রিয়। যে কোন অন্যায়ের প্রতিবাদে সে সোচ্চার থাকতো। গত ইউপি নির্বানে বল্লভেরখাস ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়ে অল্প ভোটে হেরে যান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন থেকে গণসংযোগ করে আসছিলেন। তার প্রতিপক্ষরাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে সবার ধারণা। নিহত রাজার স্ত্রী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 
কচাকাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা করা হয়েছে। ভোর রাতে বকুলতলা হাজীপাড়া গ্রামের জোড়া দীঘির পানি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুই মহিলাসহ মোটরসাইকেল চালক আলতাফ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামি ধরার চেষ্টা করছে পুলিশ। 
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ লোকজন গতকাল দুপুরে প্রতিপক্ষ বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল জলিলের বাড়িতে আগুন দেয়। এ সময় ওই বাড়িসহ ৬টি বাড়ি ভস্মীভূত হয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান