বিদ্যুৎ কেন্দ্রের সেঞ্চুরি , ৩ বিদ্যুৎকেন্দ্র থেকে ৪২ বিদেশী প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন তিনটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ১০০-তে। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কেন্দ্রসহ সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরও তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর উদ্বোধন করে তিনি বলেন, আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা সেঞ্চুরি করেছি। ক্রিকেট খেলায় সেঞ্চুরি হয়; বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও বাংলাদেশ সেঞ্চুরি করেছে। কাজেই এটা একটা বিরাট অর্জন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাআল্লাহ আমরা তা করে ফেলবো। ভবিষ্যতে আরও বেশি আমরা করতে পারবো। তিনি বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর ‘বিদ্যুতের হাহাকার’ দূর করতে প্রথমে ‘ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র’ করা হয়। এখন সরকার অনেকগুলো ‘মেগা প্রজেক্ট’ হাতে নিয়েছে। সেগুলোতে একটু সময় লাগবে। কিন্তু বাংলাদেশে কখনও যেন আর বিদ্যুতের সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করে যাচ্ছে। নতুন তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ‘আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল’ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ২৫ কোটি ৬০ লাখ ডলার। এর সিম্পল সাইকেলের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ইতিমধ্যে জাতীয় গ্রিডে যোগ হতে শুরু করেছে। কম্বাইন্ড সাইকেলের ৭৫ মেগাওয়াটও নভেম্বরে জাতীয় গ্রিডে যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
‘ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎকেন্দ্র’ নির্মিত হয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে। উদ্যোক্তা কোম্পানি হিসেবে ইউনাইটেড এন্টারপ্রাইজ বিদ্যুৎকেন্দ্রটির ৭১ শতাংশের মালিক। বাকি ২৯ শতাংশ আশুগঞ্জ পাওয়ার কোম্পানির। প্রায় ১৭ কোটি ডলারে নির্মিত এ কেন্দ্রের বিদ্যুৎ ইতিমধ্যে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। ৫১ মেগাওয়াটের ‘ইনডিপেনডেন্ট বিদ্যুৎকেন্দ্র’ (আইপিপি) নির্মাণ করেছে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নবনির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সিলেটে কাজীরবাজারে নবনির্মিত সুরমা নদীর ওপর কাজীরবাজার সেতু, নয়াকান্দি সেতু, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত কিটিংচর ও সাটুরিয়া সেতু, সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল রেলক্রসিংয়ের ওপর ওভারপাস নির্মাণ, সিলেটের বিমানবন্দর বাইপাস ইন্টার-সেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ এবং মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ শহরাংশ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। প্রত্যেক এলাকায় আরও অনেক প্রকল্পের বাস্তবায়নকাজ চলছে। এজন্য দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে ও সময়মতো শেষ করতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলওয়েমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাজ বন্ধ সিদ্ধিরগঞ্জ কেন্দ্রের
৩ বিদ্যুৎকেন্দ্র থেকে ৪২ বিদেশী প্রত্যাহার
‘নিরাপত্তাহীনতার’ কারণে দেশের তিনটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে ৪২ বিদেশী কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেনের একটি কোম্পানি। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ৩৮, পিডিবির বিবিয়ানায় কর্মরত দুই এবং খুলনায় দুজনকে প্রত্যাহার করা হয়েছে। স্পেনের আইসোল্যাক্স নামের কোম্পানির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলোতে কর্মরত ছিলেন এসব বিদেশী নাগরিক। বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের উন্নয়নে কর্মরত স্পেনের ওই কোম্পানি গত ৫ই অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি অবহিত করে উদ্বেগ প্রকাশ করে। বুধবার তারা এসব কেন্দ্রে কর্মরত কর্মীদের প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পিডিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান চৌধুরী পিডিবির বিবিয়ানা-১ এ কর্মরত দুই বিদেশীকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন। বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্রটির বর্তমানে ভূমি উন্নয়নের কাজ চলছে বলে জানান তিনি। খুলনার নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকেও দুই বিদেশীকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে পিডিবির তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ (ইজিসিবি) কোম্পানির ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৮ জন বিদেশী নাগরিককে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয় আইসোল্যাক্স। ইজিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত দুইদিন থেকে ওই বিদেশী নাগরিকরা কাজ বন্ধ রেখেছেন। ওই কেন্দ্রের ফিডার মিস্ত্রি আবদুল বারেক জানান, গত দুই দিন ধরে কাজ বন্ধ। আমাদের অর্ধেক বেতন দিয়ে বিদায় করে দেয়া হয়েছে। প্রত্যাহার করে নেয়া ৩৮ জনের মধ্যে সাতজন শহরের জামতলার প্যারাডাইজের মালিকানাধীন ভবনের সাতটি ফ্ল্যাটে বসবাস করতেন। তারা ওই ফ্ল্যাট ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান (চলতি দায়িত্ব) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে বিদেশী কোন নাগরিক নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আবেদন করেনি। তারপরও নিরাপত্তাহীনতায় কাউকে যদি প্রত্যাহার করে নেয়া হয় তাতে আমাদের কী করার আছে।
এদিকে দুই বিদেশী নাগরিক দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর নারায়ণগঞ্জে ২৩টি রাষ্ট্রীয় স্থাপনা এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কোন ধরনের অঘটন যাতে না ঘটে সেজন্য কঠোর সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র, খাদ্যগুদাম (সাইলো), তেলের ডিপোসহ ২৩টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই) নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছেন জেলা প্রশাসন। এ ছাড়া নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে বিমানে এবং দেশের বিভিন্ন স্থানে তেল পরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (বিজিবি, র্যাব ও পুলিশ) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।
হবিগঞ্জে অবস্থানরত এবং আগত বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে জেলার বাহুবল উপজেলার পুটিজুড়ীতে অবস্থিত দি প্যালেস রিসোর্ট অ্যান্ড স্পা থেকে সকল বিদেশী বর্ডার চলে গেছেন।
হবিগঞ্জের গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তজা জানান, জেলার যে সকল স্থানে বিদেশী নাগরিক কর্মরত এবং অবস্থান করছেন সে সকল স্থানে চেক পোস্ট বসানো হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন। হবিগঞ্জে বাহুবল উপজেলার দি প্যালেস অ্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে প্রতি দিন ১০/১২ জন বিদেশী পর্যটক অবস্থান করেন। রোববার সেখানে মাত্র ১ জন বিদেশী পর্যটক ছিলেন। সোমবার সকালে ওই পর্যটক চলে যাওয়ার পর এখন সেটি বিদেশী শূন্য।
জেলার নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত রয়েছেন ৪৮ জন বিদেশী নাগরিক। এ ছাড়া গ্যাসফিল্ডের পাশেই নির্মাণাধীন বিদ্যুকেন্দ্র বিবিয়ানা-১, বিবিয়ানা-৩ এ কর্মরত রয়েছেন প্রায় ২শ’ বিদেশী। তবে তাদের নিরাপত্তার কোন ঘাটতি নেই। শেভরনের জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা বদর জানান, বিবিয়ানায় কোন নিরাপত্তা ঘটতি নেই। সেখানে সেন্ট্রি নামে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান কাজ করছে।
শাহজিবাজারে নির্মাণাধীন ৩৩০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ স্টেশনের নির্মাণ কাজ করছে একটি চায়না প্রতিষ্ঠান। সেখানে চীনের ২শ’ নাগরিক কর্মরত। তাদের নিরাপত্তার জন্য দেশের এলিট ফোর্স নামে একটি প্রতিষ্ঠান কাজ করছে। পাশাপাশি চিনের একটি বেসরকারি সিকিউরিটি কোম্পানি নিরাপত্তা দেখভাল করছে।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলার যে সকল এলাকায় বিদেশী নাগরিকরা কর্মরত রয়েছেন সেসব এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।











