মুমিনের অভিভাবক হজরত আলী
জিলহজ ১৮, হিজরি ১০, মার্চ ১০, ৬৩২ খ্রি., উম্মতে মুহাম্মাদী (সা.)-এর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনন্দঘন এক মহাখুশির দিন। ওই ঐতিহাসিক দিনেই দ্বীন-ই-ইসলাম আল্লাহর কাছ থেকে পরিপূর্ণতাপ্রাপ্ত হয়ে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করে। হজরত আলী (রা.) আল্লাহ ও রাসূল (সা.) কর্তৃক মুমিনদের ‘মওলা’ হিসেবে মনোনীত ঘোষিত হন।
বিদায় হজের পর রাসূলুল্লাহ (সা.) মদিনায় ফেরার পথে গাদীর-এ- খুম নামক স্থানে আল্লাহর নির্দেশে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে হজরত আলীকে (রা.) মুমিনদের মওলা হিসেবে মনোনীত করেন। ওই ঐতিহাসিক ঘটনার ৮০ কিংবা ৮৪ দিন পর আল্লাহর রাসূল (সা.) আল্লাহর সান্নিধ্যে চলে যান। প্রিয়নবী (সা.) জীবনে মাত্র একবার হজ পালন করেছিলেন। বিদায় হজ সমাপনের পর তিনি মদিনা যাত্রা করেছিলেন এহরাম পরা অবস্থায়। সঙ্গে সোয়া লাখ সাহাবি ছিলেন। পথে ১৮ জিলহজ মদিনার কাছে গাদীর-এ-খুম নামক স্থানে উপস্থিত হলে পবিত্র কোরআনের শেষ আয়াতের আগের এ আয়াত নাজিল হয়।
‘হে রাসূল (সা.) পৌঁছাইয়া দিন যা আপনার রব থেকে নাজিল হয়েছে। আর যদি তা না করা হয় তাহলে তো আল্লাহর রেসালত পৌঁছে দেয়া হল না। আল্লাহ শিগগিরই আপনাকে মানবমণ্ডলী থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের হেদায়াত করেন না’ (সূরা মায়েদা : ৬৭)।
প্রিয়নবী (সা.)-এর ওপর দীর্ঘ ২৩ বছর পবিত্র কোরআন নাজিল হয়। নবুয়াত ও রেসালাতের বিভিন্ন নির্দেশ তিনি যথাসময়ে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন অবতীর্ণও প্রায় শেষ। বিদায় হজে সবার কাছ থেকে বিদায়ও নেয়া হয়েছে। নবীজী (সা.)-এর শেষ সময় আর মাত্র ৮০ কিংবা ৮৪ দিন বাকি। এখন চিন্তা করার বিষয় হচ্ছে, কী এমন নির্দেশ, যা তিনি এখনও উম্মতের কাছে পৌঁছাননি? সত্যিই ভাববার বিষয়! আল্লাহর পক্ষ থেকে এ নির্দেশ নাজিল হওয়ার পর, রাসূলুল্লাহ (সা.) গাদীর-এ- খুম নামক স্থানে আল্লাহর ওই ঘোষণাটি উম্মতকে জানিয়ে দেয়ার জন্য এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করলেন।
বারায়া ইবনে আজেব ও জায়েদ ইবনে আকরাম বর্ণনা করেন, ‘যখন রাসূলুল্লাহ (সা.) গাদীর-এ-খুম নামক এলাকায় এলেন তখন সবাইকে একত্রিত করলেন, হজরত আলীর (রা.) হাত ধরে ওপরে তুললেন এবং জনতার উদ্দেশে বললেন, ‘তোমরা কী জান, আমি মুমিনদের নিজেদের প্রাণের চেয়েও অধিক আওলা (প্রিয়)?’ লোকেরা বললেন, ‘হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ (সা.)’। অতঃপর তিনি বললেন, ‘মান কুনতুম মওলাহু ফাখাজা আলীয়্যুন মওলাহু, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু, আদা মান আদাহু, আনসুর মান নাসারা, আখজুল মান খাজালা, ফালা ইয়াস হাদিল হাজেরুল খায়রা’।
অর্থাৎ- হে আল্লাহ, আমি যার মওলা এ আলীও তার মওলা। হে আল্লাহ, যে তাকে বন্ধু বানায় তুমিও তাকে বন্ধু রূপে গ্রহণ কর আর যে তার সঙ্গে শত্র“তা করে তুমিও তাকে শত্র“ হিসেবে গ্রহণ কর। অতঃপর হজরত আবু বকর, হজরত ওমর ও হজরত আলীর সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়ে বললেন, ‘ওহে আবু তালেবের সন্তান, প্রত্যেক মুমিন নর-নারীর মওলা হিসেবে তুমি সকাল করবে, সন্ধ্যা করবে (মুসনাদে আহমদ, তারিখে বগদাদ, সাওয়ায়েকে মুহারিকা, বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, ৭ম খণ্ড, পৃ: ৬১৬, ই:ফা:বা, ইবনে মাযা ইত্যাদি)। এ হাদিসটি কমপক্ষে ১১০ সাহাবা, ৮৪ তাবেঈন, ২৫৫ ওলামা, ২৭ হাদিস সংগ্রাহক, ১৮ ধর্মতত্ত্ববিদ, ১১ জন ফিকাহবিদ, ইমাম ও ওলামারা যেমন- মসনদে ইবনে হাম্বল, তিরমিযি, নাসাঈ, ইবনে মাযা, আবু দাউদ, তফসিরে কাশশাফ ইত্যাদি বিখ্যাত কিতাবে উল্লিখিত হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেস দেহলবীর ‘ইজালাতুল খাফা’ কিতাব বিশেষভাবে দ্রষ্টব্য।
পবিত্র কোরআনেও আল্লাহতায়ালা হজরত আলীকে (রা.) মুমিনদের মওলা হিসেবে ঘোষণা করেছেন। দেখুন পবিত্র কোরআনের আয়াত- ‘অবশ্যই আল্লাহ তোমাদের মওলা (অভিভাবক), তাঁর রাসূল (সা.) তোমাদের মওলা এবং যে ঈমান এনেছে, নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে রুকুকালীন অবস্থায়’ (সূরা মায়েদা : ৫৫)।
তাফসিরকারকরা সবাই একমত যে, এই আয়াত হজরত আলীর (রা.) শানে নাজিল হয়েছে। হজরত আবুজর গিফারি (রা.) থেকে বর্ণিত, একদিন আমরা সবাই নবীজী (সা.)-এর সঙ্গে মসজিদে নামাজরত ছিলাম এমন সময় একজন ভিক্ষুক এসে হাঁক দিল। কেউ তাকে ভিক্ষা দিচ্ছিল না দেখে সে দু’হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগল, ‘হে খোদা তুমি সাক্ষী থেক, আমি আজ তোমার নবীর দরবার থেকে খালি হাতে ফিরে যাচ্ছি।’ হজরত আলী (রা.) তখন নামাজরত ছিলেন। তিনি তার কনিষ্ঠ আঙুলের আংটিটি খুলে ভিক্ষুকের দিকে ছুড়ে দিলেন। ভিক্ষুক তা নিয়ে চলে গেল। প্রার্থনা শেষ হতে না হতেই জিবরাইল (আ.) হজরত আলী (রা.) ওপর আল্লাহর সন্তুষ্টির এ আয়াতখানি নিয়ে অবতীর্ণ হলেন। হজরত ঈমাম গাজ্জালি (র.) বলেন, সেই ভিক্ষুকটি কোনো পেশাদার ভিক্ষুক ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা। হজরত আলীকে (রা.) বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এ ব্যবস্থা (আরও দেখুন : তাফসিরে মাযহারি, তাফসির ইবনে কাসির-৩য় খণ্ড পৃ: ৪৮৪, ৪৮৫/ বিদায়া ৭ম খণ্ড- পৃ.৬২৭, ই:ফা:বা)।
পবিত্র কোরআনে আল্লাহপাক আমাদের নির্দেশ দিচ্ছেন, ‘ইয়া আইয়্যুহাল লাজিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম’ (সূরা নিসা : ৫৯)। অর্থ- হে ঈমানদাররা তোমরা আল্লাহকে মানো এবং রাসূল (সা.) কে মানো এবং উলিল আমরকে মানো। ‘উলিল আমর’ অর্থ এখানে আল্লাহ এবং রাসূল (সা.)-এর পক্ষ থেকে উম্মতকে পরিচালনা বা হুকুম প্রদানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আল্লাহ এবং রাসূল (সা.)-এর নির্দেশ মানা সব মুমিন নর-নারীর জন্য ফরজ।
আল্লাহর নির্দেশে রাসূল (সা.) গাদীর-এ-খুম এলাকায় হজরত আলীকে (রা.) ‘অছি’ (নিজের অনুপস্থিতিতে বা অবর্তমানে ধর্মীয় কাজ সমাধা করার জন্য প্রতিনিধি নিযুক্তি), পবিত্র কোরআনের ভাষায় উম্মতের ‘উলিল আমর’ বা ‘মওলা’ রূপে নিযুক্তি দিয়ে যান। ইমাম ওয়াকেদী তার আসবাউল নজুল কিতাবে, হজরত আবু সাঈদ খুদরী (রা.) এর বর্ণনায়, হাফিজ আবু রাফে (রা.)-এর বরাতে ইমাম ইব্রাহিম বিন মুহাম্মদ আল হামাউয়াইনিশ শাফেয়ী তার ফারিদুস সামাতাঈন কিতাবে হজরত আবু হোরাইরার বর্ণনায় বলেন, সূরা মায়িদার উল্লিখিত ৬৭ নং আয়াতটি হজরত আলী (রা.)-এর শানে অবতীর্ণ হয়। এভাবে হজরত আলীর (রা.) প্রতিনিধিত্ব বা মওলাইয়্যাতের বায়াত শেষ হলে তখন পবিত্র কোরআনের শেষ আয়াতটি নাজিল হল- (দেখুন বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, ৭ম খণ্ড, পৃ : ৬১৬, ৬১৭, ই:ফা:বা)। ‘আজ কাফেররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেল, অতএব, তাদের ভয় কর না। ভয় কর আমাকে, আজ তোমাদের দ্বীন পূর্ণ করে দিলাম এবং তোমাদের দ্বীনের ওপর আমি রাজি হয়ে গেলাম’ (সূরা মায়িদা : ৩)।
উম্মতে মুহাম্মাদীর দ্বীন পরিপূর্ণ হওয়ার এবং হজরত আলীর (রা.) মওলাইয়্যাত ও বেলায়েতের ঘোষণা এবং তাদের ওপর আল্লাহর নেয়ামতদান করার বিষয়টি সম্পূর্ণ হল।
গাদীর-এ-খুমের ভাষণে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমি তোমাদের কাছে দুটি মূল্যবান বস্তু রেখে যাচ্ছি। যার একটি থেকে অপরটি কখনও বিচ্ছিন্ন হবে না। প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে আমার ইতরাত বা আহলে বাইত। আমার আহলে বাইত সম্পর্কে তোমাদের আল্লাহর নির্দেশ স্মরণ করিয়ে দিচ্ছি। একথা তিনি তিনবার বললেন’। তিনি আরও বলেন, ‘তোমরা যদি এ দুটি মূল্যবান বস্তুকে আঁকড়ে ধর তাহলে কেয়ামত পর্যন্ত বিভ্রান্ত ও পথভ্রষ্ট হবে না’। তিনি তাঁর পবিত্র আহলে বাইতকে হজরত নূহ (আ.)-এর নাজাতের তরণী বলেও উল্লেখ করেছেন। হাদিস মোতাবেক নবী করিম (সা.)-এর উল্লিখিত আহলে বাইত হচ্ছেন আলী, ফাতেমা, হাসান ও হোসাইন (রা.)। নবীজী (সা.)-এর পবিত্র বিবিরা আহলে বাইতের অন্তর্ভুক্ত নন। তাও হজরত আয়েশা (রা.) বর্ণিত হাদিস থেকে প্রমাণিত (দেখুন- মুসলিম, তাফসির ইবনে কাসির, ৯ম খণ্ড, পৃ: ৮৯-৯০, ই:ফা: বা:)।
এ আলোচনা থেকে এ কথা পরিষ্কার হল যে, উম্মতের জন্য আল্লাহ এবং রাসূল (সা.)-এর মনোনীত মওলা বা উলিল আমর হচ্ছেন হজরত আলী (রা.)। ‘পবিত্র কোরআন ও আহলে বাইতে রাসূল (সা.) কে আঁকড়ে ধরার’ এ নির্দেশকে উপেক্ষা করে স্বৈরাচারী রাজন্যবর্গ ও তাসাউফ জ্ঞানবর্জিত ধার্মিকদের অনুসরণের কারণেই আজ মুসলিম উম্মাহর এ দুর্দশা কিনা তা প্রতিটি মুসলমানের ভেবে দেখা জরুরি।











