১৫৬ কোটি টাকা ব্যয়ে তিতাস নদীর খনন প্রকল্প এননেকে অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির অক্লান্ত পরিশ্রমে ১৫৬ কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী খনন প্রকল্প মঙ্গলবার একনেকে অনুমোদন হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে ৯০ দশমিক ৫৭ কিলোমিটার তিতাস নদী খনন, ৩ কিলোমিটার এন্ডারসন ( কুরুলিয়া) খাল খনন এবং ৯ কিলোমিটার পাগলা নদী খনন।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার আজবপুর তিতাস নদীর উৎপত্তিস্থল থেকে নাসিরনগরের কুন্ডা, সরাইলের শাহবাজপুর, আখাউড়ার বড় বাজার, সদর উপজেলার উজানিসার ঘুরে গোকর্নঘাট হয়ে তিতাস নদীর বিভিন্ন স্থানে ৯০ দশমিক ৫৭ কিলোমিটার তিতাস নদী খনন করা হবে। এছাড়া পাগলা নদীর খারঘর ও লালপুর এলাকার ৯ কিলোমিটার এবং এন্ডারসন খালের ৩ কিলোমিটার এলাকা নদী খনন করা হবে। তিতাস নদী খনন হলে গ্রীষ্ম মৌসুমে এই এলাকার ৫৮ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়া তিতাস নদী খনন হলে নৌ-চলাচলে সুবিধা বাড়বে। জেলায় মাছের উৎপাদন বাড়বে, দারিদ্রতা হ্রাস পাবে। জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাওয়াসহ ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
তিতাস নদীটি খননের দাবি জেলাবাসীর দীর্ঘদিনের। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার মোকতাদির চৌধুরী এম.পি তিতাস নদীটি খননের জন্য সরকারের উপর মহলের সাথে বিভিন্ন সময় কথা বলেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের সাথে তিনি একাধিকবার কথা বলেন। মোকতাদির চৌধুরী এম.পির অক্লান্ত চেষ্টায় গতকাল মঙ্গলবার সকালে একনেকের সভায় ১৫৬ কোটি টাকা ব্যায়ে তিতাস নদী খনন প্রকল্প অনুমোদন হয়।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে খনন কাজ শুরু হবে বলে আশা করছি। তিনি বলেন, প্রকল্পটি ৫ বছরের মধ্যে বাস্তবায়িত হবে।
এ ব্যাপারে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সাথে যোগাযোগ করলে তিনি তিতাস নদী খনন প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রকল্পটি অনুমোদন হওয়ায় পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালকেও ধনবাদ জানান।











