প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ বিএনপির
গতকাল রোববার সংবাদ সম্মেলনে ইতালীয় ও জাপানি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াত জড়িত বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বিএনপি। একইসঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তার মন্তব্যকে 'অরুচিকর' বলেও উল্লেখ করা হয়েছে। সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই অরুচিকর। তিনি প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
রিপন বলেন, কাউকে অপমান করে, কারও প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে কেউ কখনও বড় হতে পারে না। এ সময় বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকেও অন্তর্ভুক্তির দাবি জানান রিপন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদেশিরা শুধু বাংলাদেশের উন্নয়নই দেখতে চান না, তারা এ দেশের ভোট এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থাও দেখতে চান।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে রিপন বলেন, বিদেশি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াত জড়িত বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দুঃখজনক ও অনভিপ্রেত। রিপন বলেন, প্রধানমন্ত্রী একদিকে বলছেন, তদন্ত ছাড়া বিদেশিদের হত্যায় আইএস জড়িত আছে- তা বলা যাবে না। অন্যদিকে তদন্ত না করেই এ ঘটনায় বিএনপিসহ বিরোধী দলকে জড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। রিপন এ সময় রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল হক লাকু, রংপুর মহানগর বিএনপির নেতা রাশেদুন্নবী বিপ্লবকে রংপুর থেকে র্যাবের সাদা পোশাকের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। গ্রেফতারকৃত এই দুই নেতার মুক্তিও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তকদির হোসেন জসিম, আলবার্ট পি কস্টা প্রমুখ উপস্থিত ছিলেন। দায়িত্বহীন উক্তি তদন্তে ব্যাঘাত ঘটাবে- ফখরুল: বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি তদন্তে ব্যাঘাত সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল সরকারের বা আওয়ামী লীগের কোনো নেতার নাম উল্লেখ করেননি। তবে তার এই বিবৃতি দেওয়ার দুই ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে বলে অভিযোগ করেন। মির্জা ফখরুলের বিবৃতিতে দুর্বৃত্তের হাতে রাজধানীতে একজন ইতালীয় এবং রংপুরে একজন জাপানি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে, বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দু'জন বিদেশি নাগরিককে হত্যাকারী আততায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, 'সরকারের ওপর মহল থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্যই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত কখনও হয় না। তদন্তে পক্ষপাত চলে আসে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিএনপি-জামায়াতের নাম একসঙ্গে নিয়ে অভিযোগটা উত্থাপন করেছেন, সেটাকেও ভালোভাবে দেখছে না বিএনপি।
মির্জা ফখরুল বলেন, 'বিএনপি ও জামায়াতকে একসঙ্গে ব্র্যাকেট করারও কোনো কারণ নেই। কারণ আমরা দুটি সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দল।' বিএনপির শাসনামলে এ ধরনের হত্যাকাণ্ড কখনও প্রশ্রয় দেয়নি; বরং প্রতিটি ঘটনার যথাযথ বিচার করেছে বলেও দাবি করেন তিনি। তবে বিদেশি নাগরিক হত্যাকাণ্ড নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান যে মন্তব্য করেছেন, সেটাকে তার 'ব্যক্তিগত মতামত' বলেই বর্ণনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা মঈন খান এর আগে ইতালির নাগরিক হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেছিলেন, 'সরকার যে জঙ্গি ও উগ্রবাদ জুজুর ভয় দেখিয়ে আসছে, এখন তারা নিজেরাই তার শিকারে পরিণত হয়েছে।'
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, বাংলাদেশে দু'জন বিদেশি নাগরিকের হত্যা একটি চরম নিন্দনীয় ঘটনা। এ দুই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং একে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই বলেও বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন।











