সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপি জামায়াতের কাজ দেশে আইএস নেই
সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এ ঘটনার পেছনে নিশ্চয়ই তাদের মদদ আছে। আমাদের অর্জনগুলো ম্লান করানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়। এর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাদের হাত আছে।’
আর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের এ দেশে তৎপরতার বিষয়টি আলোচনায় থাকলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। তিনি আরো বলেন, এখন পর্যন্ত বলতে পারি, ‘আমাদের এখানে আইএস বা তেমন কোনো সংগঠনের তৎপরতা গড়ে উঠতে পারেনি।’ প্রধানমন্ত্রী গতকাল দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বাংলাভাই- এগুলো আমাদের দেশে সৃষ্টি করা হয়েছিল। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, অ্যারেস্ট করেছি। আর আমাদের দেশে কিছু কিছু লোক তো ওদিকে যাওয়ার জন্য আগ্রহী হয়ে পড়ে, এটাই সমস্যা।’
এ ধরনের ঘটনা বন্ধে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ধরনের সন্ত্রাসবাদের কোনো স্থান বাংলাদেশে হোক, তা আমরা চাই না, তা হতে দেব না, এটা হলো বাস্তব কথা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতালিয়ান নাগরিককে হত্যার পর শিকাগো থেকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আসে আইএস এর সঙ্গে জড়িত। কিন্তু আমাদের গোয়েন্দারা তাদের জড়িত থাকার বিষয়ে কোনো সূত্র এখনো পায়নি। কখন কে একটা স্ট্যাটাস দিয়ে দিল, আর আমাদের তা গ্রহণ করতে হবে? কেন করতে হবে?’
দুই বিদেশি খুনের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যার স্টাইলটা একই রকম। ইতালির নাগরিককে চারটি গুলি করা হয়েছে। একটা গুলিও মিসফায়ার হয়নি। চারটা গুলিই তাঁর লাগল। তার মানে কি এটা সুপরিকল্পিত? আমি একটু স্মরণ করাতে চাই, এর আগে বিএনপির এক নেতার বক্তব্য। এর পরে তাঁর রি-অ্যাকশন। সেগুলো যদি মিলিয়ে দেখেন, তাহলে জিনিসটা খুব স্পষ্ট হয়ে যায়।’
প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিল করা প্রসঙ্গে বলেন, ‘তাদের ক্রিকেট দল যে এলো না, অস্ট্রেলিয়ায় কী ঘটল? সেখানেও সঙ্গে সঙ্গে দুজনকে গুলি করে মারল। আমি জানি না আমাদের মিডিয়াগুলো তা হাইলাইটস করেছে কি না। অস্ট্রেলিয়া কী জবাব দেবে? যেসব দেশ বাংলাদেশে একজন হত্যার পর রি-অ্যাকশন দেখাল, তারা অস্ট্রেলিয়ার এই হত্যাকাণ্ড এবং আমেরিকার স্কুলে গুলি করে হত্যা করার পর কী করল? তারা কি সেখানে রেড অ্যালার্ট ঘোষণা করেছে? আমরা একটি ঘটনা ঘটলে বেশি সেনসেটিভ হয়ে যাই- অর্জনগুলো যেন শ্যাডো হয়ে গেল, হারিয়ে গেল। আমরা এত মানসিক দৈন্যে কেন ভুগি।’
তিনি বলেন, যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। অবশ্যই এখানে পরিকল্পিত কিছু তো আছেই। আপনি যুদ্ধাপরাধীদের বিচার করছেন। তারাই ’৭৫-এর পর ২১ বছর ক্ষমতায় ছিল। আজকে তাদের যখন আমরা বিচার করছি, তার কিছু রি-অ্যাকশন তো হবেই। এখানে কিছু গণসচেতনতা দরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের বলব, এ ঘটনায় সব অর্জন একেবারে ধ্বংস হয়ে গেল; এই যদি আপনাদের চিন্তা-ভাবনা হয়, তাহলে আমার মনে হয় ওই বিএনপি-জামায়াত রাজাকারদের যে উদ্দেশ্য সেটাই সফল।
সৌদি নাগরিক খালাফ হত্যার বিচার করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের (সৌদি আরব) বিচারব্যবস্থা এবং আমাদের বিচারব্যবস্থা আলাদা। তারা তো পেলেই গলা কেটে দেয়। আমরা তো তা করতে পারি না। তখন তো আপনারাই বলবেন গেল গেল, সব গেল। মানবাধিকার লঙ্ঘন হলো। খুনিদের মানবাধিকার নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত। এটাই হলো আমাদের দেশের মানবাধিকারবাদীদের চরিত্র।
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে নোবেল বিজয়ী ড. ইউনূসের উপস্থিত থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে যার আপন জায়গা খুঁজে পেয়েছে। জনগণই এর জবাব দেবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানকার নানা বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে তুলে ধরেন। সংবাদ সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “২৫ সেপ্টেম্বর দুপুরে আমি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি সংস্থা বিসিআইইউ আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নিই। আমি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের জানাই আমরা শিগগিরই ‘৭ শতাংশ প্রবৃদ্ধির ক্লাবে’ প্রবেশ করতে যাচ্ছি। আমি তাঁদের আগামী বছরে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা জানাই।”
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সফলতা তুলে ধরে তিনি বলেন, স্কাই পাওয়ার গ্লোবাল বাংলাদেশে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য তাঁরা ৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখান।
প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, কংগ্রেস সদস্যরা বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ, ৬ শতাংশের অধিক হারে বার্ষিক প্রবৃদ্ধি অর্জন, জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান ও মিয়ানমারের শরাণার্থীদের প্রতি মানবিক সহায়তা প্রদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী তাঁর লিখিত বক্তব্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে থাকাকালীন ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ পুরস্কার গ্রহণের বিষয়টিও তুলে ধরেন।
বাংলাদেশে সংকট দেখছেন না বিশ্বনেতারা
বিভিন্ন মহলে এ দেশে গণতন্ত্রের সংকট ও মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও বিশ্বনেতারা কোনো সংকট দেখছেন না বলে জানান শেখ হাসিনা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালীন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও মন্ত্রী যাঁদের সঙ্গে দেখা হয়েছে, কেউ বাংলাদেশে সংকট বা ইলেকশন- এসব বিষয়ে আলোচনাই করেননি। বরং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকেই তাঁরা সাধুবাদ দিয়েছেন। বাংলাদেশই ওখানে অন্য রকম ফোকাল পয়েন্ট ছিল। বাংলাদেশ কিভাবে এত উন্নতি করল, তা নিয়ে তাঁদের আগ্রহ ছিল। বিশ্ব নেতৃবৃন্দ এ দেশের পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। বিশ্বনেতাদের অনেকেই আমাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। বারাক ওবামা নিজে চিঠি পাঠিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁরা যদি সংকট মনে করতেন, তাহলে নিশ্চয়ই আমাকে আমন্ত্রণ জানাতেন না। বর্তমানে বাংলাদেশে সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য অ্যান মেইনও বাংলাদেশে কোনো সংকট দেখতে পাচ্ছেন না বলে সংবাদ সম্মেলনে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাইরে কোনো সংকট নেই। সংকট শুধু এ দেশের কিছু মানুষের মনে। কথায় বলে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।
প্রধানমন্ত্রী বলেন, একটি গ্রুপ আছে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটা তারা করতে থাকবে। আজকে আমরা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি, এটাই অনেকের পছন্দ নয়। কেউ কেউ মতামত দিয়ে ফেললেন- আর্মি নাকি আমার পুরো কন্ট্রোলে। এ জন্য আর্মি কিছু করতে পারছে না। যিনি এটা বলেছেন, তাঁর মানে তিনি আর্মি নিয়ে নাড়াচাড়া করছেন। কিন্তু ও গাছ থেকে ফল পড়ে নাই। যে যেভাবে ব্যাখ্যা দিক, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন আমাদের সব থেকে অগ্রাধিকার।
আমার যা কিছু অর্জন তা আ. লীগের
আওয়ামী লীগ ও সরকারের চেয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি, বিদেশি একটি সংস্থার এমন জরিপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটা গাছ যখন বেড়ে ওঠে, সে গাছের শিকড় থাকে। আপনি গাছটা দেখেন, ফুলটা দেখেন, ফলটা দেখেন, কিন্তু শিকড়টা দেখেন না। আজকে বলেন, আমার রেটিং বেশি। আমার রেটিং যাই হোক না কেন, আমার শিকড় হচ্ছে আমার দল। এটা কিন্তু ভুললে চলবে না। আজকে আমি যা কিছু করছি, নিশ্চয় আমার দলের জন্যই করতে পারছি। দলই আমাকে সভানেত্রী নির্বাচিত করেছে। দলের সহযোগিতা আছে, সমর্থন আছে বলেই আমি এত দূর উঠতে পেরেছি। আমার যা কিছু অর্জন তা আওয়ামী লীগের।
গাইবান্ধার সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
গুলি করে শিশুকে আহত করার ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, সে সংগঠনে কিছু ঘটতেই পারে। কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি কি না সেটাই বড় কথা। আমরা কিন্তু ঘটনা ধামাচাপা দিই না, প্রশ্রয়ও দিই না। কালকে (শনিবার) আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে আলাপ করেন। সঙ্গে সঙ্গে আমি বললাম, এখনই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর পিস্তলের লাইসেন্স ক্যানসেল করেছি। মামলা দেওয়া হয়েছে। ব্যবস্থা নিচ্ছি। ওখানে সংগঠন টিকিয়ে রাখা কঠিন। কারণ ওখানে জামায়াতে ইসলামী মানুষ খুন করছে। এই খুনখারাবির মধ্যে দলের মধ্যে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি।
নারী ক্রিকেট দলকে সাধুবাদ জানানো উচিত
বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানে খেলতে না গেলেও বাংলাদেশের নারী ক্রিকেট দল সেখানে যাওয়ায় তাদের সাধুবাদ জানানো উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি। আমাদের মেয়েরা সেখানে গেছে, ক্রিকেট খেলবে। এই যে সাহস, তাকে সাধুবাদ জানানো উচিত। তিনি বলেন, আপনারা জানেন, পাকিস্তান একটা ফিউডাল এবং কনজারভেটিভ সোসাইটি। কাজেই আমাদের মেয়েরা সেখানে খেলতে গিয়ে সাহসের পরিচয় দিয়েছে। একাত্তরে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান একটি আলাদা রাষ্ট্র এবং তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখনো রয়েছে। সেখানে খেলাধুলা বা যেকোনো অনুষ্ঠানে আমরা গর্বের সঙ্গে যাব, বিজয়ী জাতি হিসেবে যাব।
৯১ শতাংশ বেতন বাড়ানো কি শিক্ষকরা কল্পনা করেছিলেন?
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শিক্ষকদের ৯১ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। তাঁরা কি এটা কল্পনা করতে পেরেছিলেন? আসলে তাঁদের বেতন কমিয়ে দেওয়া উচিত ছিল। ওনারা কথায় কথায় ছেলেমেয়েদের পড়াশোন বন্ধ করে দেবেন। আমি পদক্ষেপ গ্রহণ করব কেন?
তিনি বলেন, তাঁরা সচিবদের সঙ্গে সুযোগ-সুবিধার তুলনা করেন। সচিবদের চাকরির বয়স ৫৯ আর শিক্ষকদের ৬৫ বছর করেছি। তাহলে কি শিক্ষকদেরও চাকরির বয়সসীমা কমিয়ে দেব? সচিবরা আর কোনো চাকরি করতে পারেন না। শিক্ষকরা একাধিক চাকরি করেন। কোন শিক্ষক, কতজন শিক্ষক, কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তার তালিকা কিন্তু আমার কাছে আছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁরা তো আন্দোলন করছেন, তাহলে একটা সমাধান না হওয়া পর্যন্ত যে বেতন বাড়ানো হয়েছে তা নেবেন না নিশ্চয়ই? এখানে আমার হস্তক্ষেপ করার কিছু নেই। অর্থমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, বিষয়টি তাঁরা দেখবেন। শুধু একটা কথা বলব, আন্দোলন করে ছেলে-মেয়েদের পড়ালেখার ক্ষতি করবেন না।











