ভোলায় থেমে নেই মা ইলিশ শিকার, চলছে অভিযানও
মা ইলিশ রক্ষায় ইলিশ প্রজনন মৌসুম ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন নদীতে মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। সরকারি নিষেধাজ্ঞার পরেও থেমে নেই মা ইলিশ নিধন। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেরা মা ইলিশ শিকার করছে দেদারছে। একই সঙ্গে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানও চলছে। একদিকে চলছে মা ইলিশ নিধন, অন্যদিকে চলছে মা ইলিশ রক্ষা অভিযান। স্থানীয়দের অনেকে মা ইলিশ রক্ষা অভিযানকে জেলে ও প্রশাসনের মধ্যে চোর-পুলিশ খেলা হিসেবেও মন্তব্য করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এক শ্রেণির জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভোলার নদ-নদীতে মা ইলিশ শিকার করছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে ওই সব জেলেরা নদীতে ইলিশ মাছ শিকার করছে। পরে এসব মা ইলিশ নির্ধারিত কয়েকটি স্থানে মেঘনা-তেঁতুলিয়া নদীর তীরে এনে বিক্রি করা হচ্ছে। ৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি হালি বিক্রি করা হচ্ছে দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকায়। এদিকে মা ইলিশ রক্ষা অভিযানের সময়ে তুলনামূলক কম দামে ইলিশ বিক্রি হচ্ছে জেনে এক শ্রেণির ক্রেতারাও অভিযানের সময়ে ইলিশ মাছ কেনার জন্য ওৎ পেতে থাকে। তারা আগে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে নির্ধারিত স্থানে নির্ধারিত জেলেদের কাছ থেকে মা ইলিশ কিনছেন। গতকাল শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী বাজার সংলগ্ন মেঘনার পারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন জেলে নৌকা ও ট্রলার দিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করছেন। ওই এলাকার কয়েকজন জেলে ও স্থানীয়রা জানায়, জেলেরা নদী থেকে মাছ শিকার করে ধনিয়া ইউনিয়নের ভোলা খাল, স্লুইচঘাট, ইলিশা ইউনিয়নের বিশ্বরোড, চডার মাথা, কাঠির মাথা, ভাঙতির খাল, ব্যারিষ্টার কাচারি ও কাচিয়া ইউনিয়নের বেশ কয়েকটি স্থানসহ সদর উপজেলার অন্তত ৩০টি স্থানে এনে বিক্রি করছেন।
সেই সূত্র অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধনিয়া ইউনিয়নের স্লুইচঘাট এলাকায় গিয়ে দেখা যায়, একটি বেদে নৌকা দিয়ে কয়েকজন বেদে নদী থেকে কিছু মা ইলিশ শিকার করে নদীর তীরে এনে স্থানীয় মাছ ব্যবসায়ী (মাছ বেপারী) মোঃ মনির ও রিপন হাওলাদেরর কাছে বিক্রি করছে। মাছ বেপারী মনির ও রিপন হাওলাদার সেই মাছ ওই ঘাটেই প্রকাশ্যে ডাক দিয়ে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে। মা ইলিশ কিনতে আসা ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকার মোঃ কামাল হোসেন জানান, তিনি স্লুইচঘাট থেকে মাছ বেপারী মনিরের কাছ থেকে মাঝারী সাইজের ১২টি মা ইলিশ এক হাজার টাকা দরে কিনেছেন। একই ইউনিয়নের তুহিন জানান, তিনি মাছ বেপারী মনিরের কাছ থেকে ছোট সাইজের ৭ হালী মা ইলিশ কিনেছেন ৮০০ টাকায়। প্রশাসনের অভিযানের মধ্যেও জেলেদের কাছ থেকে মা ইলিশ কেনার কথা স্বীকার করে মাছ বেপারী মোঃ মনির ও রিপন হাওলাদার জানান, তারা স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে মা ইলিশ কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন।
এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। তিনি দাবি করেন, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ভোলায় গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাত পর্যন্ত এক সপ্তাহে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৪৭ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেদের এক মাস, ছয় মাস ও এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ৯৫ জেলের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৮৫ হাজার টাকা। নৌকা আটক করা হয়েছে ১৮টি। এছাড়া ১০১টি অভিযান পরিচালনাকালে চার লাখ ৭২ হাজার দুইশো মিটার অবৈধ জাল ও এক মেট্রিক টনেরও বেশী মা ইলিশ জব্দ করা হয়েছে।
প্রশাসনের জনবল সংকটের কারণে অভিযান পুরোপুরি সফলতা পায়নি বলেও স্বীকার করে জেলা প্রশাসক আরো বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ৯ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এ অভিযান চলবে। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু জেলে নদীতে মাছ শিকার করার কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক আজ রবিবার দুপুরে বলেন, আমাদের অভিযান চলছে। নিষেধাজ্ঞা জারির শুরু থেকে এ পর্যন্ত অভিযানে ভোলা জেলায় ২০০ জন জেলেকে জেল দেওয়া হয়েছে। দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ জাল জব্দ করা হয়েছে দুই লাখ ২০ হাজার মিটার টাকা।
উল্লেখ্য, এ বছর ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ প্রজনন মৌসুম হিসেবে চিহিৃত করে ওই সময়ে ইলিশের অভয়ারন্য নামে খ্যাত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।











