বাড়ল ভাড়া, তালিকা নেই কোনও বাসেই
ঢাকার অভ্যন্তরীণ রুটে বাস ভাড়া বৃহস্পতিবার থেকে কিলোমিটারে ১০ পয়সা বেড়েছে। তবে ভাড়া বৃদ্ধির শর্ত অনুযায়ী এদিন রাজধানীর কোনও বাসেই নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি। তালিকা না টাঙিয়েই নেওয়া হচ্ছে বর্ধিত ভাড়া। ফলে যাত্রীরাও জানতে পারছেন না কোন রুটে কত টাকা ভাড়া বেড়েছে। এদিকে ঢাকা থেকে পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী গ্যাসচালিত (সিএনজি) বাসের ভাড়াও বৃহস্পতিবার থেকে কিলোমিটারে ১০ পয়সা বেড়েছে। এসব বাসেও ভাড়ার তালিকা লাগানো হয়নি।
গত ১ আগস্ট সরকার গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোরপর পরিবহন মালিকদের দাবি মুখে গত ১০ সেপ্টেম্বর বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়।
সরকারি সিদ্ধান্তে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা ও মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও মিনিবাসে সর্বনিম্ন ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট, কাওরানবাজার, প্রেসক্লাব ও মতিঝিল এলাকায় সরেজমিনে দেখা যায়, কোনও বাসেই বর্ধিত ভাড়ার তালিকা লাগানো হয়নি। বাসের চালক ও সহকারীদের দাবি— তারা সরকারের কাছ থেকে এখনও তালিকা পাননি। তাই লাগাতে পারেননি।
তবে মহানগর পুলিশ বলছে— নতুন ভাড়ার তালিকা পরিবহন মালিক সমিতিগুলোকে দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব বাসে তালিকা টাঙানো। নিয়ম অনুযায়ী, ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্যয় বিশ্লেষণ কমিটি। আর ভাড়ার তালিকা প্রণয়ন করে পরিবহন কমিটি। এ কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম সমকালকে জানান, পুলিশও অভিযোগ পেয়েছে পরিবহন মালিকরা বাসে ভাড়া তালিকা লাগাননি। খেয়াল খুশি মতো ভাড়া নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বিআরটিএর সহযোগিতায় অভিযান চালাবে পুলিশ।
সড়ক পরিবহন সচিব এম এ এন সিদ্দিক জানান, নতুন ভাড়া তালিকা রুট অনুযায়ী মালিক সমিতিগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে। তালিকা ছাড়া কোনও বাস নামতে পারবে না। তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কি-না তা দেখতে ভ্রাম্যমাণ আদালত থাকবে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সমকালকে বলেন, সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও রুটেই সরকার নির্ধারিত ভাড়া মানা হচ্ছে না। মালিকরা অযৌক্তিক পরিবহন ব্যয় দেখিয়ে সরকারকে দিয়ে ভাড়া বাড়িয়ে নিয়েছেন। কিন্তু যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা-ও মানা হচ্ছে না।
তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধু সিএনজিচালিত বাসের ভাড়াই বাড়বে। কিন্তু ডিজেলচালিত বাসের ভাড়াও বেড়েছে।
প্রেসক্লাব এলাকায় সরেজমিনে দেখা যায়, কাউন্টার সার্ভিসগুলো আগের মতোই সরকার নির্ধারিত ভাড়া মানছে না। প্রেসক্লাব থেকে সায়েন্স ল্যাবের দূরত্ব ২ দশমিক ৯ কিলোমিটার। এই হিসেবে ভাড়া হওয়ার কথা ৪ টাকা ৯৩ পয়সা। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ৭ টাকা। তাই এ পথের ভাড়া ৭ টাকার বেশি নেওয়ার সুযোগ নেই। ২৯ পয়সা ভাড়া বাড়লেও বাসগুলো বাড়িয়েছে দুই টাকা। ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
এটিসিএল পরিবহনের টিকিট বিক্রেতা বাপ্পি জানান, এই পরিবহনে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। মালঞ্চ পরিবহনেও একই চিত্র।
প্রেসক্লাব থেকে মোহাম্মদপুরের তাজমহল রোডের দূরত্ব ৭ দশমিক ৯ কিলোমিটার। ভাড়া হওয়ার কথা ১৩ টাকা ৪৩ পয়সা। কিন্তু নেওয়া হচ্ছে ২৫ টাকা। প্রেসক্লাবের সামনে অপেক্ষামাণ যাত্রী আদনান শফি জানান, কাউন্টার থেকে এ দামেই টিকিট বিক্রি করা হচ্ছে। ভাড়া বেড়েছে জানলেও, কোন রুটে কত বেড়েছে তা জানেন না। তাই যে দামে টিকিট বিক্রি করা হচ্ছে, তাই দিতে হচ্ছে যাত্রীদের।কাউন্টার সার্ভিসের তুলনায় লোকাল বাসে ভাড়া কিছুটা কম নেওয়া হচ্ছে। সকালে ফার্মগেট এলাকায় উত্তরা, হাউসবিল্ডিং, এয়ারপোর্ট, খিলক্ষেত থেকে আসা যাত্রীরা জানালেন, আগের চেয়ে এক দুই টাকা বেশি নেওয়া হচ্ছে। কিন্তু বাসে ভাড়ার তালিকা না থাকায় জানেন না, ভাড়া কতটা বেড়েছে।
তিন নম্বর বাসের যাত্রী নূরুল ইসলাম জানান, এয়ারপোর্ট থেকে ফার্মগেটের ভাড়া ২০ টাকা নেওয়া হয়েছে। আগে ১৫/১৬ টাকা নেওয়া হতো। নতুন তালিকা অনুযায়ী, মিনিবাসে প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা হিসাবে এ পথে ভাড়া হওয়ার কথা ১৯ টাকা। ১ টাকা বেশি নেওয়া হচ্ছে।
তবে বাসের চালক ও সহকারীরা জানালেন, যাত্রীদের জন্য সামনে খারাপ দিন অপেক্ষা করছে। একাধিক চালক জানান, রাজধানীতে এখনও ঈদের ছুটির আমেজ চলছে। যাত্রী স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। তাই যাত্রী টানতে ভাড়া কম রাখা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে ভাড়া আরও বাড়তে পারে।











