সিরিয়ায় সেনা পাঠাতে সংসদের অনুমোদন নিলেন পুতিন
সিরিয়া সংকট নিরসনে সেখানে সেনা পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রাশিয়ার সংসদ। পুতিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত বুধবার দেশটির সংসদের উচ্চকক্ষ এ অনুমোদন দেয়। রাশিয়ান প্রেসিডেন্টের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা সার্জেই ইভানভ এক টেলিভিশন বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন। বক্তৃতায় ইভানভ বলেন, পররাষ্ট্র নীতিতে কোনো লক্ষ্য অর্জনের জন্য এই অনুমোদন দেয়ার প্রয়োজন নেই। তবে রাশিয়ার জাতীয় স্বার্থ বিবেচনায় এর দরকার রয়েছে। রাশিয়ান সংবিধান অনুযায়ী সিরিয়ায় অভিযান পরিচালনার আগে পুতিন সংসদে এর পক্ষে আবেদন করেন। এর আগে ২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়ায় অভিযানের আগেও এমন একটি আবেদনের প্রেক্ষিতে সেনা অভিযানের অনুমতি পেয়েছিলেন তিনি। অপর খবরে বলা হয়, সিরিয়ায় বিমান হামলা চালানো নিয়ে যত দ্রæত সম্ভব আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। দুই দেশের শীর্ষ ক‚টনীতিকরা এ খবর জানিয়েছে। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, যে কোনো ধরনের অনিচ্ছাকৃত ঘটনা এড়াতে যোগাযোগ দুই দেশের মধ্যে স্থাপন করা জরুরি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যতো দ্রæত সম্ভব দুই দেশের মধ্যে আলোচনা হবে। সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে গত বুধবার থেকে রাশিয়ার প্রায় ২০টি জঙ্গিবিমান হামলা চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। তবে রাশিয়া আইএস নয় বরং আসাদবিরোধীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র নিজেও অবশ্য সিরিয়া ও ইরানে আইএসের ওপর বিমান হামলা চালাচ্ছে। উল্লেখ্য, দীর্ঘ দিনের গৃহযুদ্ধের সুযোগে সিরিয়ায় শক্ত ঘাঁটি গড়ে তুলেছে আইএস।তবে সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে রাশিয়া ও মার্কিন বাহিনীর মধ্যে খুব কম সমন্বয় হয়েছে বলে ন্যাটো জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া গত বুধবার বিমান হামলা চালানোর মাত্র ঘণ্টাখানেক আগে তারা বিষয়টি জানতে পেরেছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তা রূপ নেয় গৃহযুদ্ধে। প্রায় সাড়ে চার বছর ধরে চলা সংঘাতে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহারা হয়েছেন ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিবিসি, রয়টার্স।











