শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আরও এক মাস সময়, রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরি করবে ইসি

news-image

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আরও এক মাস সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি )। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আগে এনআইডি সংশোধন বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে-আগামী ৩১ অক্টোবরের মধ্যে নাগরিকরা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করবেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন।
আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে মতামত-সুপারিশসহ তা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে নির্দেশও দিয়েছে ইসি। ইসি কর্মকর্তারা জানান, নির্ভুল স্মার্টকার্ড দেওয়ার সুবিধার্থে এবার আরও এক মাস সময় বাড়ানো হল। নির্ধারিত ফি দিয়ে ভোটারকে সংশ্লিষ্ট উপজেলায় সংশোধনের আবেদন করতে হবে।

 

 

রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরি করবে ইসি 
 ভোটার তালিকায় রোহিঙ্গা ঠেকাতে ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও ব্যুরো এবং কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসি। আগামী দু-একদিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যুরোতে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
cecএ বিষয়ে ইসির যুগ্মসচিব জেসমিন টুলী জানান, রোহিঙ্গাদের ভোটার হওয়া রোধে নিবন্ধিতদের নিয়ে ইসির আলাদা তথ্যভাণ্ডার তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে দু-একদিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলায় সংরক্ষিত তথ্য চেয়ে চিঠি দেয়া হবে। এদিকে সারা দেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহে শুমারির কাজ শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। শুমারি শেষ হলেই নিবন্ধিত রোহিঙ্গাদের জন্য পৃথক ডাটাবেজ তৈরি শুরু হবে। প্রাথমিকভাবে সীমান্তবর্তী ছয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও উপকূলীয় পটুয়াখালীতে এই শুমারি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০১৬ সালের মার্চ নাগাদ প্রকল্পটির কাজ শেষ করবে বলে জনা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩০ হাজারসহ এ এলাকায় দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এর বাইরে আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইসি কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের সঠিক তথ্য ইসির কাছে নেই। একারণে ইসির পক্ষ থেকে সরকারের কাছে রোহিঙ্গাদের তথ্য চাওয়া হচ্ছে। তথ্য পেলেই তারা ভোটার হয়েছে কিনা বা চেষ্টা করেছে কিনা তা বায়োমেট্রিকের মাধ্যমে জানতে পারবে। সকল রোহিঙ্গার বায়োমেট্রিক নিয়ে আলাদা ডাটাবেজ তৈরি করবে কমিশন। কর্মকর্তারা জানান, ছবি, আঙ্গুলের ছাপসহ কিছু বায়েমেট্রিক সংগ্রহ করা সম্ভব হলে ভবিষ্যতে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না তেমনি বিদ্যমান ভোটার তালিকায় রোহিঙ্গাদের শনাক্ত করা সহজ হবে। জানা যায়, সম্প্রতি রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরির বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও ব্যুরো এবং কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে রোহিঙ্গা নাগরিকের নাম, পিতা-মাতা, স্বামী-স্ত্রী, ঠিকানার তথ্য দিতে নির্ধারিত ছকও পাঠানো হচ্ছে চিঠির সঙ্গে। সব তথ্য পাওয়ার পরই আলাদা ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে নিবন্ধিত রোহিঙ্গাদের।