শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ থেকে ফিরে হাজিদের করণীয়

news-image

ইসলাম উপভোগ্য অনুষ্ঠানসর্বস্ব ধর্ম নয়। এই ধর্মে বিশেষ অঙ্গভঙ্গি, অঙ্গ সঞ্চালন, ভ্রমণ কিংবা চিত্তবিনোদনমূলক কোনো কিছু ইবাদত বলে গণ্য হয় না। ইসলামী মতে, মানবজীবনের মতো ইবাদতেরও দেহ-প্রাণ আছে। জাহেরি আকৃতির সঙ্গে আছে বাতেনি শক্তি। বাহ্যিকতা ছাপিয়ে আধ্যাত্মিক ও অভ্যন্তরীণ প্রাণশক্তিই ইবাদতের অন্যতম শর্ত। নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানিসহ ইসলামের প্রতিটি ইবাদতের বাহ্যিক আচরণের পাশাপাশি রয়েছে অন্তর্নিহিত দর্শন। ধনবান, সচ্ছল ও শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ টাকা খরচ করে যে হজ পালন করা হয়, তা কেবল তীর্থযাত্রা কিংবা ভ্রমণেই শেষ হয়ে যায় না। পবিত্র কোরআন বিষয়টি স্পষ্ট করে দিয়েছে- হজের উদ্দেশ্য হলো আখিরাতের পাথেয় সঞ্চয় করা। আল্লাহ তাআলা বলেন, 'নির্দিষ্ট মাসে (শাওয়াল, জিলকদ ও জিলহজে) হজ অনুষ্ঠিত হয়। অতএব এ মাসগুলোতে যার ওপর হজ ফরজ হয়, সে যেন (হজে গিয়ে) স্ত্রী সম্ভোগ, অনাচার ও ঝগড়া-বিবাদে লিপ্ত না হয়। তোমরা যেসব সৎ কাজ করো, আল্লাহ তা জানেন। আর (পরকালের) পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই তাকওয়া বা আত্মসংযমই হলো শ্রেষ্ঠ পাথেয়।' (সুরা : বাকারা, আয়াত : ১৯৭)mecca1 haz

হজ হলো তাওহিদ তথা আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদের আলোকে জীবন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক। কাজেই হজ থেকে ফিরতে হবে তাওহিদের দীক্ষা নিয়ে। মহান আল্লাহ বলেন, 'আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে মহান হজের দিন মানুষের প্রতি (বিশেষ) বার্তা হলো, আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই এবং তাঁর রাসুলের সঙ্গেও নেই।' (সুরা : তাওবা, আয়াত : ৩)

হজ পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করে মানুষকে পরিশোধিত জীবনে ফিরিয়ে আনে। রাসুল (সা.) বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আর তাতে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হয় না, সে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে (হজ থেকে) ফিরে আসে।' (বুখারি : ১৪২৪, মুসলিম : ২৪০৪) অন্য হাদিসে এসেছে, 'তোমরা একের পর এক হজ ও ওমরাহ পালন করতে থাকো। কেননা এ দুটি বস্তু দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে পরিষ্কার করে দেয়, যেভাবে (কর্মকারের) চুল্লি লোহা, স্বর্ণ ও রুপার ময়লা দূর করে দেয়।' (তিরমিজি : ৭৩৮, ইবনে মাজাহ : ২৮৮৭)

তবে পাপমুক্তির সার্টিফিকেট পেয়ে হাত-পা গুটিয়ে বসে থাকার অবকাশ নেই। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট পেলেই যে কেউ চাকরি পাবে- এর গ্যারান্টি নেই; বরং তাকে সে সনদপত্র সংরক্ষণ করতে হয়, যেন তা নষ্ট হয়ে না যায়। এ ছাড়া চাকরির ইন্টারভিউয়ের জন্য পাঠ পুনঃপর্যালোচনা করতে হয়। ঠিক তেমনি হাজি সাহেব পাপমুক্তির সনদপত্র পেলেও তাঁকে তা সংরক্ষণ করতে হবে, যেন পাপাচারের কারণে তা নষ্ট হয়ে না যায়। এরই সঙ্গে আখিরাতের 'ইন্টারভিউ' বা মহাপরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রকৃতপক্ষে হজে পাপমুক্তির সনদ তাঁদের জন্য, যাঁদের হজ 'হজে মাবরুর' বা আল্লাহর দরবারে কবুল হয়েছে। রাসুল (সা.) বলেছেন, 'হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।' (বুখারি : ১৬৫০, মুসলিম : ২৪০৩)haz

হজে মাবরুরের সংজ্ঞায় ইমাম কুরতুবি (রহ.) বলেন, 'হজে মাবরুরের সংজ্ঞায় যত মতামত বর্ণিত হয়েছে, তার সার কথা হলো- যে হজে ইসলাম কর্তৃক আদিষ্ট সব বিধিবিধান পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে।' হজরত হাসান বসরি (রহ.) বলেন, 'হজে মাবরুর হলো, ব্যক্তির দুনিয়াত্যাগী ও আখিরাতমুখী হয়ে দেশে প্রত্যাবর্তন করা।' কাজেই হজ থেকে ফিরে আগের মতো উদাসীন জীবনযাপন করা যাবে না। অন্য ১০ জনের মতো পাপাচারের গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া যাবে না। হজ কবুল হওয়ার নিদর্শন হলো- এর ফলে জীবনের মোড় ঘুরে যায়। ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার আগ্রহ বাড়ে। আল্লাহর আনুগত্যের প্রতি মানুষ যত্নবান হয়। হজ করার পর যাঁর জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, তাঁর হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয়। (আপকে মাসায়েল : ৪/২৫) মনীষীদের একটি বহুল আলোচিত বাণী এখানে প্রণিধানযোগ্য। তাঁরা বলেছেন, 'নেক কাজের প্রতিদান হলো- এর পরও নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা, আর পাপ কাজের প্রতিদান হলো- এর পরও পাপ কাজ অব্যাহতভাবে করে যাওয়া।' বাংলাদেশ থেকে প্রতিবছর লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজে যান। কিন্তু কজনই বা নিষ্পাপ হয়ে ফিরতে পারেন? সমাজের অনাচার কি কমছে? দেশ ও সমাজ তাঁদের মাধ্যমে যথাযথভাবে উপকৃত হতে পারছে কি? মক্কা-মদিনার জিয়ারত তাঁদের মধ্যে কি হানিমুন, মার্কেটিং, পর্যটন ও প্রমোদ ভ্রমণ উপলক্ষে দেশ-দেশান্তরে ছুটে চলার চেয়ে ভিন্ন কোনো অনুভূতি জাগ্রত করতে পেরেছে? যদি উত্তর নেতিবাচক হয়, তবে তাঁরা কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। তাঁদের হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয়। হজ মানুষকে আখিরাতমুখী করে।IndiaTv4b3d07_haj-400x280

হজের সফরের প্রতিটি ধাপ বা পদক্ষেপই মৃত্যু-পরবর্তী জীবন বা আখিরাতের কার্যাবলির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। হজের জন্য প্রয়োজনীয় পাথেয় সঞ্চয় করতে হয়। আখিরাতের সফরেও আমলের পাথেয় নিয়ে যেতে হয়। হজের ইহরামের কাপড় মৃত্যুর পরে কাফনের পরিচয় বহন করে। অনেক স্টেশন পাড়ি দিয়ে হজে যেতে হয়। আখিরাতের সফরেও অনেক 'মারাহেল' বা স্টেশন আছে। যেমন- মৃত্যু, কবর, বরজখ, হাশর-নশর, পুলসিরাত, জাহান্নাম ও জান্নাত। আরাফাতের ময়দানে সমবেত হওয়া কিয়ামত-পরবর্তী পুনরুত্থানের কথা স্মরণ করিয়ে দেয়। এ আরাফাতের ময়দানেই কিয়ামতের দিন পৃথিবীর আদি-অন্ত থেকে সব মানুষ সমবেত হবে এবং তাদের হিসাব-নিকাশ হবে। শত ত্যাগ-তিতিক্ষার পর মানুষ হজ শেষে ফিরে এসে স্বজনদের সাক্ষাতে আপ্লুত হয়। আর এটা স্মরণ করিয়ে দেয় যে জান্নাতে গিয়ে মানুষ ১৪ তারিখের চন্দ্রের মতো আপন প্রভুর দর্শন লাভ করবে। তখন তারা আবেগাপ্লুত হয়ে বেহুঁশ হয়ে পড়বে। হজের প্রতিটি কাজই প্রগাঢ় ও গভীর প্রভু প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। হজের এ দীর্ঘ সফর শেষে অন্তত প্রভুর গভীর ভালোবাসাটুকু যদি সঙ্গে নিয়ে আসা যায়, আর আমৃত্যু তা বুকে ধারণ করা হয়, তাহলে পরকালের বিভীষিকাময় সফরের পথও সুগম হবে।

হজ থেকে ফেরার পর বিশেষ আমল : হজ থেকে ফিরে এসে নিকটস্থ মসজিদে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নাত। হজরত কাব বিন মালেক (রা.) থেকে বর্ণিত, 'রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সফর থেকে ফিরে আসতেন, তখন মসজিদে (নফল) নামাজ আদায় করতেন।' (বুখারি শরিফ) হজ থেকে ফিরে শুকরিয়াস্বরূপ গরিব-মিসকিন ও আত্মীয়স্বজনকে খাবারের দাওয়াত দেওয়া বৈধ। ইসলামী ফিকহের পরিভাষায় সে খাবারকে 'নকিয়াহ' বলা হয়। হজরত জাবের বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, 'রাসুল (সা.) যখন মদিনায় এসেছেন, তখন একটি গরু জবাইয়ের নির্দেশ দেন। জবাইয়ের পর সাহাবিরা তা থেকে আহার করেছেন।' (বুখারি) তবে অহংকার, লোক দেখানো ও বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের ব্যবস্থা করা ইসলাম অনুমোদন করে না। (ফতোয়ায়ে মাহমুদিয়া ৭/১৮৫)

ঘরে ফিরে দুই রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, 'যখন তুমি ঘর থেকে বের হবে, তখন দুই রাকাত নামাজ পড়বে। সেই নামাজ তোমাকে ঘরের বাইরের বিপদাপদ থেকে হেফাজত করবে। আর যখন ঘরে ফিরবে, তখনো দুই রাকাত নামাজ আদায় করবে। সে নামাজ তোমাকে ঘরের অভ্যন্তরীণ বালা-মুসিবত থেকে হেফাজত করবে।' (মুসনাদে বাজ্জার)

হাজি সাহেবদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো, তাঁদের সঙ্গে সাক্ষাৎ, মোসাফাহা, কোলাকুলি করা ও তাঁদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব। কিন্তু ফুলের মালা দেওয়া, তাঁদের সম্মানার্থে স্লোগান ইত্যাদি দেওয়া সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এসব কাজ থেকে বিরত থাকা উচিত। (আপকে মাসায়েল : ১/১৬২)Hajis-evacuated-1

জমজমের পানি অন্য শহরে নিয়ে গিয়ে লোকদের পান করানো মুস্তাহাব। অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করাও বৈধ। (মুয়াল্লিমুল হুজ্জাজ : ৩০৩) আয়েশা (রা.) জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন, 'রাসুল (সা.) জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন।' (তিরমিজি : ১১৫)

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে হাদিয়া-তোহফা দেওয়া সুন্নাত। কিন্তু মনের আগ্রহ ছাড়া কেবল প্রথা পালনের জন্য কোনো কাজ করা শরিয়তসম্মত নয়। হাজিদের হাদিয়া দেওয়া ও তাঁদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করা এখন প্রথায় পরিণত হয়েছে। বর্তমানে এটা নামের জন্য বা চক্ষুলজ্জার কারণে দেওয়া হয়। তাই তা বর্জন করা উচিত। (আপকে মাসায়েল : ৪/১৬১) ইসলামের যেকোনো ইবাদত আল্লাহর সন্তুষ্টি ও তাঁর হুকুম পালন করার জন্য হয়ে থাকে। 'নামাজি সাহেব' হওয়ার জন্য যেভাবে নামাজ পড়া হয় না, তেমনি 'হাজি সাহেব' হওয়ার জন্য হজ পালন করা অবৈধ। হ্যাঁ, মানুষ যদি এমনিতেই সম্মান করে 'হাজি সাহেব' বলে ডাকে, তাতে অসুবিধা নেই। কিন্তু নিজের নামের সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে 'হাজি' বা 'আলহাজ' ব্যবহার করা কিংবা কেউ এ বিশেষণটি বর্জন করায় মনঃক্ষুণ্ন হওয়া গর্হিত কাজ। (মুকাম্মাল মুদাল্লাল মাসায়েলে হজ ও ওমরাহ : ৩২১)

হজ থেকে হাজিরা পাপমুক্ত হয়ে ফিরে আসেন। তাঁদের উচিত এ ধারাবাহিকতা বজায় রাখা। বাকি জীবন সৎভাবে অতিবাহিত করা। হাজিদের সবাই সম্মানের চোখে দেখে। এটাকে পুঁজি করে তাঁরা সমাজ সংস্কারেও মনোযোগী হতে পারেন।