শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সফর স্থগিতই করে দিল অস্ট্রেলিয়া , সফর স্থগিত করে অস্ট্রেলিয়ার দুঃখপ্রকাশ

news-image

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ভাগ্য নিয়ে সংশয়ই সত্যি হলো শেষ পর্যন্ত। গতকাল বিকেলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দুই টেস্টের সফরটি স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির এমন প্রতিক্রিয়াও তাই অনুমিতই ছিল, ‘আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত।’ তাও আবার এমন সময়ে ঘটনাটি ঘটল, যখন আন্তর্জাতিক ক্রিকেটে সোনালি সাফল্যের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। তাতে আরো দুঃখযোগ এবং ব্যথাযোগ হওয়াই স্বাভাবিক। গতকাল সন্ধ্যায় গুলশানে নিজের বাসভবনে সংবাদমাধ্যমের সামনে তাই বললেন নাজমুল, ‘এই বছরটিতেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ভালো সময় যাচ্ছিল। আর এই সময়েই কিনা সবচেয়ে দুঃখজনক ঘটনাটি আমাদের ক্রিকেটে ঘটল।’
সেটি যাতে না ঘটে, সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা ছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও। অস্ট্রেলিয়া দলের জন্য নিখুঁত নিরাপত্তার ব্যবস্থা করার পরেও সফর স্থগিতের ঘোষণা এলো। তাতেও নাজমুলের আগের অবস্থান একটুও বদলায়নি, ‘আমাদের পক্ষ থেকে একটিই প্রতিক্রিয়া। সন্ত্রাসী হামলার হুমকি অনেক দেশেই আছে। তাই বলে খেলা বন্ধ হয়ে গেছে, এমনটা আমরা দেখি না। সব জায়গায়ই খেলা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে ধরনের নিরাপত্তা ওদের প্রস্তাব করেছিলাম, সেটাতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় কিংবা খেলায় বিঘ্ন ঘটার কোনো সুযোগই ছিল না। ও রকম কিছু হওয়াটা বাংলাদেশে একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। ঘটার কোনো সম্ভাবনাও দেখি না।’ সব দিক থেকে নিশ্চিন্ত করার চেষ্টার পরেও সিএ-এর সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিস্ময় গোপন করলেন না বিসিবি সভাপতি, ‘এখন পর্যন্ত আমি নিজেই নিশ্চিত নই যে ঠিক কী কারণে ওরা সফরটি স্থগিত করল! যে নিরাপত্তা পরিকল্পনা ওদের দেওয়া হয়েছিল, সেটা নিরাপত্তাসংশ্লিষ্ট যে কাউকে দেখালে বুঝতে পারত যে খেলোয়াড়রা কতটা নিরাপদ! ওদের তালিকায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও আছে। ওই সব জায়গায় কি খেলা হচ্ছে না? খেলা তো হচ্ছে। কাজেই কী এমন ঘটনা ঘটল যে ওরা নিখুঁত নিরাপত্তা পরিকল্পনা দেওয়ার পরও এলো না!’ এখন থেকে সেটিই জানার চেষ্টা করবেন নাজমুল। তবে গত কিছুদিনের মতো ই-মেইল আর চিঠি চালাচালির মাধ্যমে নয়। চলতি মাসের ৯ তারিখেই দুবাইতে আইসিসির সভা আছে। তাতে যোগ দিতে যাচ্ছেন নাজমুলও। সেখানে সিএ-এর প্রতিনিধির সঙ্গে সরাসরি আলাপে অন্তরালের কারণটিও জানার চেষ্টা করবেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে এই চেষ্টা তো থাকবেই, ‘এখন লক্ষ্য হলো কত তাড়াতাড়ি এই খেলাটা বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি।’


নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে বাংলাদেশ সফর স্থগিত করার জন্য আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে সিএ-এর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘ছয় দিন ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর আমরা সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এটি ছাড়া আমাদের সামনে আর কোনো পথই খোলা ছিল না। এ বিষয়ে আমার পক্ষে আর বিস্তারিত কিছু বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি হুমকিটা বিশ্বাসযোগ্য ছিল।’ যদিও বিসিবি সভাপতি মনে করেন সিদ্ধান্তটি এসেছে আরো উচ্চ পর্যায় থেকে, ‘আমার এখনো মনে হয় এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নয়। সিদ্ধান্তটি অস্ট্রেলিয়ান সরকারের। সিএ-এর সংবাদ বিজ্ঞপ্তিতেও সেই ইঙ্গিত আছে।’ নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কোনো দেশ সফর স্থগিত কিংবা বাতিল করার ঘটনা এটিই প্রথম নয়। এতে করে একটি দেশের ইমেজও ক্ষুণ্ন হয়। এই ঘটনায় নাজমুলের মনে জন্ম নিচ্ছে অন্য প্রশ্নও, ‘শুধু বাংলাদেশের কথা বলছেন কেন? গ্লোবাল টেররিজম ইনডেক্সের ছয় নম্বরে আছে ভারত। আমরা তো র‌্যাংকিংয়ে ২৩ নম্বরে। তাই বলে কি ভারতে খেলা হবে না? অস্ট্রেলিয়া যে অ্যালার্ট দিয়েছে, সেটি তো শুধু বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জন্য একযোগে দিয়েছে। তাহলে কি কোথাও খেলা হবে না? পাকিস্তানে তো হচ্ছেই না। আইসিসির পরের সভায় এটা আমার মূল প্রশ্ন থাকবে।’ তাঁর কথা, ‘কখনো কখনো হুমকি তো অনেক জায়গায়ই থাকবে। তাই বলে কি ক্রিকেট বন্ধ হয়ে যাবে? সন্ত্রাসী হামলার হুমকি বা সন্ত্রাসী সংগঠনগুলো তো আমাদের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না। কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা থাকলে খেলোয়াড়রা সব দেশেই স্বাচ্ছন্দ্যবোধ করবে এবং ক্রিকেট খেলতে পারবে, সেটিই হবে আইসিসির সভায় আমার ইস্যু।’
এ তো গেল ক্রিকেটের দুর্যোগ, কিন্তু দুর্যোগটা এখানেই শেষ হয় কি না সেই প্রশ্নও উঠে গেল। নভেম্বরের মাঝামাঝি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া ফুটবল দলের। কিন্তু কাল বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ফিফা ও এএফসির কাছে আপত্তি জানিয়েছে অস্ট্রেলিয়ান ফুটবল দল। সেখানে অস্ট্রেলিয়ার ইচ্ছেমতোই সব কিছু হবে না বটে, তবু সেই ম্যাচটা নিয়েও তৈরি হয়ে গেল সন্দেহ।

 

সফর স্থগিত করে অস্ট্রেলিয়ার দুঃখপ্রকাশ 

বাংলাদেশ সফর স্থগিত করার পর গভীর দুঃখপ্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সফর স্থগিত করার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানানোর পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েসবাইটে দুঃখ প্রকাশ করেন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। শন ক্যারলের নেতত্বে নিরাপত্তা প্রতিনিধি দল মঙ্গলবার অস্ট্রেলিয়া ফিরে বাংলাদেশ সফরের পর্যবেক্ষণ নিয়ে ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি), ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে।image_274236.313738-james-sutherland
 
সফর নিয়ে গত ছয় দিনের কর্মকাণ্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের সহযোগিতার প্রশংসা করে সাদারল্যান্ড বলেন, ছয় দিনের বিস্তৃত আলোচনা ও গবেষণার পর আমরা এই উপসংহারে পৌঁছেছি, আমাদের বাংলাদেশ সফর বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেট এবং সমর্থকদের সমবেদনা জানালেও তিনি বলেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাই সবার আগে। তবে অস্ট্রেলিয়ার এই সফরের জন্য সম্ভাব্য সব নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গত সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল।