শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুন্দুজে তালেবান-আফগান বাহিনীর তুমুল লড়াই

news-image


প্রেসিডেন্টের পদত্যাগ দাবি
 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর পুনরুদ্ধারে তালেবানের সঙ্গে তুমুল লড়াই চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে আফগান বাহিনীকে শক্তিশালী করতে কুন্দুজে পৌঁছেছে ন্যাটোর বিশেষ বাহিনী। তবে ন্যাটো বাহিনীর সমর্থন থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তালেবান জঙ্গিদের পিছু হটাতে পারছে না আফগান নিরাপত্তা বাহিনী। এর মধ্যে বুধবার কুন্দুজের একটি সামরিক দুর্গ দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। এর ফলে কুন্দুজে আরও দৃঢ় নিয়ন্ত্রণ বাড়াল তালেবান। এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলার মাঝে প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছেন আইনপ্রণেতারা। সোমবার আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখল করে নেয় তালেবান। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তালেবানের সবচেয়ে বড় সামরিক বিজয়। তালেবানের এ জয়ে বড় ধরনের চাপের মুখে পড়েছে ঘানি সরকার। কুন্দুজ পরিস্থিতি সামাল দিতে সরকারের এ লজ্জাজনক অবস্থার প্রেক্ষাপটেই আফগান আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ঘানিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ঘানি ও তার প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। এরপরই অধিবেশনে উপস্থিত অন্য সদস্যরা সব একযোগে সফির দাবির প্রতিধ্বনি করেন। ঘানির উপমুখপাত্র সৈয়দ জাফর হাশেমি বলেন, প্রতিবাদ করার অধিকার পার্লামেন্টের আছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের কাছে প্রথম অগ্রাধিকার হলো কুন্দুজের অধিবাসীদের নিরাপত্তা এবং এলাকাটি সন্ত্রাসীমুক্ত করা। তিনি বলেন, আফগান সেনারা অগ্রগতি অর্জন করছে এবং কুন্দুজের পতন এত তাড়াতাড়ি কীভাবে হলো তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ঘানি। এদিকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনী অভিযানে গেল কয়েক দিনে ১৫০ জঙ্গি নিহত হয়। বুধবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আফগানিস্তানের নানগাহার, লাগমান, বাগলান, কান্দাহার, জাবুল, ওরুযগান, লোগার, তাকার, পাকতিয়া ও ফারাহ প্রদেশে অভিযানগুলো পরিচালিত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবিসি, রয়টার্স