পরচর্চা ও অন্যের সম্পর্কে আলোচনা, সবুজ গম্বুজের ছায়ায়
মসজিদ আন-নূর পেকানবারু, রিয়াউ, ইন্দোনেশিয়া। এখানে প্রায় সাড়ে ৪ হাজার মুসলি্লর সঙ্কুলান হয়। ১৯৬৮ সালে নির্মিত এ মসজিদে মালয়, তুর্কি, আরব ও ভারতীয় স্থাপত্য রীতির প্রভাব রয়েছে
অন্যের সম্পর্কে কী ধরনের কথা বা আলোচনা শরিয়ত গিবত বলে গণ্য করে, এ ব্যাপারে সবার স্বচ্ছ ধারণা থাকা দরকার। কারণ সামাজিক জীবনে নানা প্রয়োজনে অন্যের অনুপস্থিতিতে কথা প্রসঙ্গে তাদের সম্পর্কে আপন পরিবার বা বন্ধুদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন পড়ে। আসল কথা হচ্ছে, কমবেশি দোষ কিন্তু সবার মাঝেই আছে। কিন্তু অন্যরা সেগুলো আলোচনা করলে আমার খারাপ লাগে। এমন সত্যিকারের দোষ নিয়ে কারও অনুপস্থিতিতে আলোচনা করার নামই হলো 'গিবত'। ধরুন, লোকটা বেঁটে, রগচটা, দাম্ভিক, তোতলা, বিলাসী, ধূমপান করে, জামাত কাজা করে, স্ত্রী পর্দা করে না… ইত্যাদি দোষত্রুটি তার মধ্যে সত্যি সত্যিই বিদ্যমান আছে। কিন্তু তাই বলে তার অনুপস্থিতিতে তার নামে দোষ চর্চা করা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দিত কাজ বলে বিবেচিত হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, 'তোমরা কি জান পরনিন্দা কী? সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। রাসুল বলেন, তোমার ভাইকে তার অনুপস্থিতিতে এমনভাবে উল্লেখ করা যা তিনি অপছন্দ করেন। তখন বলা হলো, আচ্ছা, আমি যা বলছি তা যদি সত্যিই আমার ভাইয়ের মধ্যে থাকে তবুও কি গিবত হয়ে যাবে? রাসুল (সা.) বলেন, তুমি যা বলছ তা যদি সত্যিই তার মধ্যে থাকে, তাহলে তুমি তার গিবত তথা পরনিন্দা করলে। আর যদি না থাকে তাহলে তার ওপর বুহতান (slander) তথা মিথ্যা অপবাদ আরোপ করলে।' (মুসলিম : ২৫৮৯)।
গিবতের ভয়াবহতা
আত্মার এ ব্যাধি ও ভাইরাসের সংক্রামক ছোবল এতটাই তীব্র ও ভয়াবহ, এ ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের তওবা করারই সুযোগ হয় না। আল্লাহর রাসুল বলেন, গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসুল! গিবত ব্যভিচারের চেয়ে মারাত্মক হয় কীভাবে? আল্লাহর রাসুল বলেন, 'কোনো ব্যক্তি যদি জেনা করার পর তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। তবে যার গিবত করা হয়েছে সে যদি মাফ না করে, তাহলে আল্লাহ তায়ালা গিবতকারীকেও মাফ করবেন না।' (মেশকাত : ৪৬৫৯)। গিবত কীভাবে জেনার চেয়ে মারাত্মক হয়, সে প্রসঙ্গে হাদিস বিশারদরা বলেছেন, ব্যভিচারের পর পাপীর হৃদয়ে অনুশোচনা জাগে, সে অস্থির হয়ে ওঠে এ ভেবে- আমি এ কী করলাম? আল্লাহর ভয়ে সে শিহরিত হয়ে ওঠে। ফলে সে তওবা করার জন্য ব্যাকুল হয়ে পড়ে এবং তওবা করে। পক্ষান্তরে গিবতকারীর হৃদয়ে এ অনুভূতিই জন্মায় না যে, সে পাপ করেছে। ফলে কৃত পাপের জন্য অনুশোচনাও জাগে না। তাই তার ভাগ্যে তওবা জোটে না। এভাবে গিবতকারী এক অন্তহীন ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হয়ে থাকে। গিবতের অন্যতম এক কুফল হচ্ছে, এতে নেক আমল মুছে যায়। আবু উমামা (রা.) বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল এরশাদ ফরমান, বিচার দিবসে লোকেদের কাছে তার আমলনামা তুলে ধরা হবে। তখন সে বলবে, হে আমার রব! দুনিয়ার জীবনে আমি এ কাজ করেছিলাম কিন্তু আমার আমলনামায় তা দেখছি না। উত্তরে আল্লাহ বলবেন, লোকেদের গিবত করার কারণে তা তোমার আমলনামা থেকে মুছে ফেলা হয়েছে। (আত-তারগিব ওয়াত-তারহিব)।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
এক. অন্যায় দেখলে সংশোধনের চেষ্টা করা আমাদের দায়িত্ব। কিন্তু তাই বলে অন্যের সামনে গিবত করে সংশোধনের ফিকির করা বৃথা চেষ্টামাত্র। এতে সংশোধন তো দূরের কথা, উল্টো নিজেই পাপের ভাগীদার হতে হয়।
দুই. অন্যের দোষ তার অনুপস্থিতিতে বলার শরিয়তসম্মত যে কারণগুলো তা হলো, যদি অভিভাবক বা অন্য কাউকে বললে তার সংশোধনের আশা করা যায় অথবা তার দোষ বলা না হলে কারও জান-মালের ক্ষতির আশঙ্কা থাকে তাহলেই শুধু দোষটা বর্ণনা করার অনুমতি আছে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটি নিতান্তই ঘৃণিত কাজ। কেবল দায়িত্বের খাতিরে বর্ণনা করা হচ্ছে। তাই প্রয়োজনের চেয়ে বেশি কিছু না বলা।
তিন. আল্লাহর রাসুল (সা.) বলেন, 'মুসলিম মুসলিমের ভাই। তারা একে অন্যের প্রতি জুুলুম করে না, বিপদে পরিত্যাগ করে না। যে তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসবে আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসবেন। যে কোনো মুসলিমের কষ্ট দূর করবে আল্লাহ তার কষ্ট দূর করবেন। যে কোনো মুসলিমের দোষ গোপন করবে আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার দোষ গোপন করবেন।' (মুসলিম : ২৫৮০)।
মিসরের গভর্নর উকবা ইবনে আমের (রা.) এর সেক্রেটারি আবুল হাইসাম দুখাইন বলেন, আমি উকবা (রা) কে বললাম, আমাদের কয়েকজন প্রতিবেশী মদ পান করছে। আমি এখনি পুলিশ ডাকছি যেন তাদের ধরে নিয়ে যায়। উকবা বলেন, তুমি তা করবে না। বরং তুমি তাদের উপদেশ দাও এবং ভয় দেখাও। …আমি রাসুলুল্লাহকে বলতে শুনেছি, 'যে কোনো মোমিনের দোষ গোপন করল, সে যেন জীবন্ত পোঁতা এক কন্যাকে কবর থেকে উঠিয়ে জীবন দান করল।' ( হিব্বান : ২/২৭৫]
চার. মোমিনের দায়িত্ব হলো, আপন অন্তরকে নিজস্ব ভুলত্রুটির স্মরণে এবং তওবা ও দেয়ায় ব্যস্ত রাখা। অন্যের ভুল, অন্যায় ও পাপ ইত্যাদির চিন্তা মোমিনের অন্তরকে কলুষিত করে, অগণিত কল্যাণ থেকে বঞ্চিত করে। ফলে হৃদয়ে অহমিকা জন্ম নেয়। সর্বোপরি আখেরাতকে ধ্বংস করে দেয়।
সবুজ গম্বুজের ছায়ায়
মুফতি সুলাইমান ইবনে আলী (রহ.)
দেশের অন্যতম শীর্ষ আলেম ছিলেন মুফতি সুলাইমান ইবনে আলী (রহ.)। দীর্ঘ দুই দশক হাদিসের কিতাব বোখারি পড়িয়েছিলেন। ২০০৫ সালে একবারই হজ পালন করেছেন। হজ শেষ করে গিয়েছিলেন মদিনায়। এ বছর তিনি ইন্তেকাল করেন। তার হজ সফরের কিছুটা অনুভূতি প্রকাশ করা হলো। মক্কায় হজ করে মদিনায় যাই। উদ্দেশ্য প্রাণপ্রিয় রাসুলের রওজা জিয়ারত করা। কারণ, বায়হাকি শরিফে এসেছে, 'যে ব্যক্তি আমার জিয়ারতে মদিনায় আসবে, আমি তার জন্য শাফাআত করব।'
মদিনায় পৌঁছে আমাদের মালপত্র একটি রুমে রাখলাম। আমার রুম থেকে নবীজির রওজা পাকের সবুজ গম্বুজ দেখা যায়। মনে হলো, আমার সারা জীবনের আকাঙ্ক্ষা বুঝি আজ পূর্ণ হতে যাচ্ছে। আমি কারও কাছে কিছু না বলেই মসজিদে নববিতে চলে গেলাম। সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়লাম। দরুদ শরিফ পড়লাম। প্রতিজ্ঞা করলাম মসজিদে নববিতে প্রতিদিন ১৫ পারা করে কোরআন তেলাওয়াত করব।
ফজরের নামাজ পড়েই রওজা জিয়ারত করলাম। জিয়ারতের সময় একটি হাদিসের কথা আমার বারবার মনে পড়ছিল, 'যে আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করল, সে যেন আমার জীবনকালেই সাক্ষাৎ করল।'
দ্বিতীয় দিন রাত সাড়ে ১২টায় রিয়াজুল জান্নায় চলে গেলাম। যেখানে মেহরাব ছিল, হুজুর (সা.) যেখানে নামাজ পড়তেন। এখন তো মেহরাব সামনে চলে গেছে। ওই জায়গাটায় একজন বুজুর্গ মতো লোক নামাজ পড়ছিলেন। আমিও পৌঁছলাম আর তিনিও সালাম ফেরালেন। আর আমাকে দেখে জায়গা ছেড়ে দিলেন। তখন ওইখানে আমি নামাজ আদায় করলাম। তারপর রওজার কাছে গিয়ে দরুদ ও সালাম পড়ে আবার মসজিদে নববিতে ফিরে এলাম। সেখানে তাহাজ্জুদ পড়ে আমার তেলাওয়াতের আমল পূর্ণ করলাম।
এরপর মসজিদে সাবআ জিয়ারত করলাম। মসজিদে কিবলাতাইন গিয়ে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ ও দুই রাকাত সালাতুস শোকর আদায় করলাম। আল্লাহ যে আমাকে এ পর্যন্ত এনেছেন তার শোকর আদায় করলাম। এরপর মসজিদে কুবায় গেলাম। সেখানেও দুই রাকাত তাহিয়াতুল মসজিদ ও দুই রাকাত সালাতুস শোকর আদায় করলাম। এরপর মসজিদে সালমান গেলাম। সেখানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলাম। এরপর মসজিদে ওমর, সেখানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলাম। চারটি মসজিদে যেতে পারিনি। ঘেরাও দিয়ে রাখা ছিল। তিন-চারটা মসজিদ মিলে একটি করবে। মেরামতের কাজ চলছিল। তারপর বেশি দেরি করলাম না। জোহরের নামাজ ধরতে হবে। মসজিদে নববিতে এসে জোহরের নামাজ আদায় করলাম। কোরআন তেলাওয়াত করলাম। মসজিদে নববিতে তেলাওয়াত করে আমি অন্যরকম প্রশান্তি পেতাম।
মসজিদে জুল কিবলাতাইন, কুবা ইত্যাদি সফর করলাম। সেখানে নামাজের কেরাত মনে হয় অন্তর থেকে পড়ছে। খুব ভালো লাগে। মসজিদে কুবা যাওয়ার সময় প্রাইভেটকার নিলাম। এক মাইল আগে নেমে গেলাম। কারণ নবীজি (সা.) শনিবার যেতেন। দুইটার ওপর আমল করার জন্য সোয়া মাইল দূরে থেকে নেমে পড়ি। রাসুলের শহরে এসে সুন্নতের ওপর আমল না হলে তো খুবই দুঃখজনক। আবার কখন আসতে পারি। সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ ও সালাতুস শোকর পড়লাম।
আরেকটি অনুভূতি হয়েছে আমার সবচেয়ে বেশি। যখন গারে হেরায় গেলাম। আমি শুনেছিলাম কয়েক ঘণ্টা লাগে। আমার লেগেছে ৩৫ মিনিট। মনে হয়েছে ওপরের দিকে কে আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মানে ওপরের আকর্ষণে চলে যাচ্ছি। পৌঁছার পর দেখলাম ভেতরে কয়েকজন লোক। গারে হেরার সামনে একটা বারান্দা আছে। ভেতরে গারে হেরা। বারান্দাটা পার হয়ে যখন ভেতরে গেলাম, ভেতরে বেশ ক'জন ছিল। মাথার ভেতর হাত দেয়, গা মোছে এই করে সেই করে। আমাকে দেখে সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে গেল কিছু বলা ছাড়াই। আমি সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম। চারদিকে তাকালাম। পশ্চিম দিকে ছিদ্রও দেখলাম। যেটা দিয়ে বায়তুল্লাহ শরিফ দেখা যেত। এরপর নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর কী কুদরত! আরেক বান্দা এসে পেছন দিয়ে দরজায় দাঁড়িয়ে গেল। যতক্ষণ নামাজ পড়ছি ততক্ষণ সে মোনাজাত দিয়েছে।











