বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ কোটি সিমকার্ডই পুনঃনিবন্ধনের আওতায় আসবে

news-image

বর্তমানে সক্রিয় ১৩ কোটি সিমকার্ডই পুনঃনিবন্ধনের আওতায় আসবে। আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতির (ফিঙ্গার প্রিন্ট) ব্যবহার বাধ্যতামূলক শুরুর পর পর্যায়ক্রমে সব সিমকার্ড গ্রাহককে পুনঃনিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। এর আগে ১ নভেম্বর থেকে পরীক্ষামূলক বায়োমেট্রিক পদ্ধতি চালু হবে। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন ছয়টি মোবাইল ফোন অপারেটরের সংগঠন অ্যামটবের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাসচিব টিআইএম নুরুল কবীর। তবে সিমকার্ড পুনঃনিবন্ধনকে বিপুল কর্মযজ্ঞ উল্লেখ করে এ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
 
প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, পুনঃনিবন্ধনের পুরো প্রক্রিয়া শেষ করতে কমপক্ষে ছয় মাস সময় লাগতে পারে। 
দীর্ঘসূত্রতার কারণে আগের মতো এবারও সিমকার্ড পুনঃনিবন্ধন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হওয়ার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যামটব মহাসচিব বলেন, 'দীর্ঘসূত্রতার কোনো ইচ্ছা নেই। তবে ১৩ কোটি গ্রাহকের পুনঃনিবন্ধন সঠিকভাবে শেষ করতে পর্যাপ্ত সময় দিতেই হবে।'
 
সংবাদ সম্মেলনে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেলের গণসংযোগ বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অ্যামটব মহাসচিব জানান, ২০১২ সালের আগে বিটিআরসির নীতিমালা অনুযায়ী একাধিক ধরনের পরিচয়পত্র ব্যবহার করে সিমকার্ড নিবন্ধন করা হয়েছে। অনেক সিমকার্ডই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করা হয়নি। কিন্তু সেগুলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা অন্য কোনো স্বীকৃত পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে। ফলে সেগুলোও অনিবন্ধিত বা অবৈধ নয়। সেগুলো কীভাবে নিবন্ধনের আওতায় থাকবে, সে ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে। সেগুলো বন্ধ হওয়ার আশঙ্কা নেই। একেবারেই অনিবন্ধিত কোনো সিমকার্ড থাকলে তা এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে। তবে কত দিন পরে বন্ধ হবে-এ বিষয়ে জানাতে না পারলেও অ্যামটব মহাসচিব জানান, অনিবন্ধিত সিমকার্ড বন্ধ হলেও পরে সুনির্দিষ্ট গ্রাহক তথ্য দিয়ে তা আবারও চালু করা যাবে।
 
অবশ্য ঈদের আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী ও সমমর্যাদার কর্মকর্তাদের বৈঠকে সিমকার্ড নিবন্ধনের সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২০১২ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিক্রি হওয়া সিমকার্ডের নিবন্ধন তথ্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারে যাচাইয়ের জন্য পাঠাতে হবে। যাচাইয়ের পর জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধিত নয় এবং একই জাতীয় পরিচয়পত্রের অধীনে থাকা একাধিক সিমকার্ডের গ্রাহকদের ১৫ অক্টোবর থেকে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের নাম-ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর চাওয়া হবে। একাধিক সিমকার্ডের ক্ষেত্রে কোন কোন নম্বর গ্রাহক নিজের মালিকানায় রাখতে চান তাও জানতে চাওয়া হবে। ২০১২ সালের আগের গ্রাহকদের ক্ষেত্রে গ্রাহকের নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর চেয়ে আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসএমএস পাঠানো শেষ করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ করে সেসব তথ্য জাতীয় পরিচয়পত্র সার্ভারে পাঠাতে হবে।
 
১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক শুরু হবে এবং বর্তমানে চালু থাকা সব সিমকার্ডের গ্রাহককে বায়োমেট্রিক পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে। এ প্রক্রিয়া ২০১৬ সালের মার্চের মধ্যে শেষ হবে বলে বৈঠকের পর আশা করেছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার  প্রতিমন্ত্রী আবারও জানান, এর আগে বৈঠকে যে কয়েকটি ধাপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী সব প্রক্রিয়া শেষ হবে; এর নড়চড় হবে না।