মেডিক্যাল ভর্তিচ্ছুদের ওপর চড়াও পুলিশ
মারধর ও পুলিশের লাঠিপেটার শিকার হলেন মেডিক্যাল ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল কর্মসূচি চলাকালে পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত ও ১৫ জনকে আটক করে পুলিশ। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা চলো কর্মসূচি পালন করবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, রংপুরসহ আরও কয়েকটি জেলায় পরীক্ষা বাতিল ও ভর্তি কার্যত্রুম স্থগিত রাখার দাবিতে বিক্ষোভ হয়েছে। এদিকে আটক শিক্ষার্থীদের রাতে ছেড়ে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টায় শহীদ মিনারে অবস্থান করি। বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। এ পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এসময় শিক্ষার্থীদের কিল, ঘুষি ও রাইফেলের বাট দিয়ে আঘাত করে পুলিশ। এতে ১০ শিক্ষার্থী আহত হন। ঘটনাস্থল থেকে টেনে-হিঁচড়ে ১৫ জন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় তারা। 
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও আটকের প্রতিবাদে একটি মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মিছিলটি শাহবাগের দিকে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রফ্রন্টের কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে পুলিশসহ কয়েকজন ছাত্রফ্রন্ট কর্মী আহত হন। ওই সময় ঘটনাস্থল থেকে ৬ ছাত্রফ্রন্ট কর্মীকে আটক করে পুলিশ। আটক ছাত্রফ্রন্ট কর্মীদের শাহবাগ থানায় নেয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজনের দুর্নীতির কারণে বারবার মেডিক্যালে ভর্তির প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তড়িঘড়ি করে প্রকাশ করা চলতি বছরের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে অবিলম্বে নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পরবর্তী সকল কর্মসূচি ঠিক থাকবে বলে জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা জোনের এডিসি মো. জসিম বলেন ভর্তিচ্ছুদের মধ্যে কিছু অনুপ্রবেশকারী ছিল। সন্দেহ করে তাদের আটক করা হয়।
ভর্তিচ্ছুরা জানান, পুরো প্রক্রিয়াটি বিতর্কিত হওয়ার পরও স্বাস্থ্য অধিদপ্তর ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করতে মেডিক্যাল কলেজগুলোকে চাপ দিচ্ছে। ভর্তির সুযোগ পাওয়া প্রার্থীদের দ্রুত ভর্তি হওয়ার জন্য মোবাইল ফোন ও এসএমএস পাঠানো হচ্ছে। অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে আছে। তাদের এসএমএস দিয়ে দ্রুত ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে হয়েছে বলে দাবি করেছেন। কিন্তু তার পক্ষে কোন যুক্তি তুলে ধরতে পারেনি। প্রশ্ন যদি ফাঁস না হবে তবে ইউজিসির কর্মকর্তাকে ২য় দফা রিমান্ড কেন নেয়া হলো। রংপুর থেকে চিকিৎসকসহ ৭জনকে কেন গ্রেপ্তার করা হলো? ইউজিসি নিজে একটি তদন্ত কমিটি করেছে। এই তদন্ত কমিটি কেন করা হয়েছে। আর এই তদন্ত শেষ না হওয়ার আগে ভর্তি কার্যত্রুম কেন শেষ করতে উঠে পড়ে লেগেছে? এসব প্রশ্নের জবাব দিতে হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয় বলেছি। তিনি দেশে না ফেরা পর্যন্ত ভর্তি কার্যত্রুম বন্ধ রাখার জন্য দাবি জানান তারা।
আজ ঢাকা চলো কর্মসূচি: মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আজ ঢাকা চলো কর্মসূচি পালন করবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সারা দেশে থেকে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। সেখানে সমাবেশ করে শাহবাগে দিকে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে পরবর্তীকালে কি কর্মসূচি হবে তাও ঘোষণা করা হবে। তবে কি ধরনের কর্মসূচি দেয়া হবে তা স্পষ্ট করে বলেনি আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী দেশে ফিরে না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে আন্দোলনকারী সূত্রে জানা গেছে। অন্যদিকে গতকাল ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়েছে বলে জানান তারা। এছাড়া অন্যান্য আইনি বিষয় দেখার জন্য হাইকোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিভাবকদের কয়েকজন।
অভিভাবকদের সমন্বয়ক অধ্যক্ষ আশরাফ কামাল বলেন, ২০০৬ সালে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর ড. কামাল হোসেন কোর্টে একটি মামলা পরিচালনা করেন। এতে তিনি জিতে এসেছিলেন। এবার ড. কামাল হোসেনকে দিয়ে আমাদের আইনি বিষয়গুলো দেখার জন্য চেষ্টা করছি। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় সেটি সম্ভব হচ্ছে না। আগামী ৪ই অক্টোবর তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পর আমরা আইনি পদক্ষেপের দিকে যাবো। এরমধ্যে প্রধানমন্ত্রীও দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর বরাবর আমাদের দাবি-দাওয়া সন্বলিত স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করবো তিনি আমাদের এ বিষয়টি গুরুত্বসহ দেখবেন।
গত ১৮ই সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। দেশের প্রায় ১৫টির বেশি জেলায় পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার জন্য বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করেন। পাশাপাশি ফল প্রকাশ থেকে শুরু করে ভর্তি কার্যক্রম দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রংপুর থেকে তিন চিকিৎসকসহ ৭ জনকে আটক করে। এর আগে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সহকারী পরিচালকসহ ৩ জনকে আটক করে। তারা ২ দফায় তিন দিনের রিমান্ডে রয়েছেন।











