নিরাপত্তার স্বার্থে থানছিতে ভ্রমণে নিষেধাজ্ঞা, ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর গোয়াইনঘাটের দর্শনীয় স্থানগুলো
বান্দরবানের থানছি উপজেলায় পর্যটকদের ভ্রমণ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার সকালে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার অলিউর রহমান জানান, থানছি উপজেলার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য নিরাপদ নয়। বৃষ্টিতে থানছির দর্শনীয় স্থান নাফাকুম ঝর্ণা, রেমাক্রী, বড়পাথরসহ নদীপথে প্রবল স্রোত এবং স্পটগুলো পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি নৌকাডুবির ঘটনায় একজন বিজিবি সদস্য মারা গেছেন। এছাড়া বিজিবি ক্যাম্পেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিষয়গুলো চিন্তা করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য থানছিতে পর্যটকদের ভ্রমণ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ছাড়পত্র পেলে পর্যটকরা স্থানীয় বিজিবি ক্যাম্পে তাদের নাম-ঠিকানা লিখিতভাবে জমা দিয়ে ভ্রমণ করতে পারবেন।
ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর গোয়াইনঘাটের দর্শনীয় স্থানগুলো
ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর গোয়াইনঘাটের দর্শনীয় স্থানগুলো। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তিয়া পাহাড় ঘেঁষা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাটের প্রকৃতিকন্যা জাফলং, পান্তুমাই ঝরনা, বিছনাকান্দি জলধারা এবং বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন খ্যাত সবুজের সমারোহ রাতারগুল সোয়াম ফরেস্টে রয়েছে পর্যটকদের উপচেপড়া ভিড়।
ঈদের দিন বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপ্রিয় মানুষগুলো পর্যটন স্পটগুলোতে আসতে শুরু করে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের পর্যটক জীবনের একটি মুহ‚র্তে চা-বাগান বেষ্টিত সবুজ-শ্যামল মায়াময় এই এ প্রকৃতি দেখতে এসছেন। পবিত্র ঈদুল ফিতর পরে প্রতি বছরের ন্যায় এবারো গোয়াইনঘাটে পর্যটকদের আগমন অব্যাহত রয়েছে। প্রতি বছরই এসব স্থানে পর্যটক আগমনের হার বৃদ্ধি পাচ্ছে।
দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র/শিক্ষকসহ উঠতি বয়সের তরুণ-তরুণীরা বিভিন্ন রকম যানবাহন নিয়ে এবং নানা রকম বাহারি পরিচ্ছদ পরিধান করে জাফলং, পান্তুমাই, বিছনাকান্দি পর্যটন এলাকায় বাঁধভাঙা পর্যটন-জোয়ারের সৃষ্টি করেছেন। সিলেট শহর থেকে ৫৯ কিলোমিটার অদূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের সীমান্ত ঘেঁষা এলাকায় জাফলং পর্যটন নগরী। এখানে রয়েছে জেলা পরিষদ কর্তৃক নির্মিত জেলা পরিষদ ডাকবাংলো, বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্র, তামাবিল জিরো পয়েন্ট, পার্বত্য অঞ্চলের মতো আঁকাবাঁকা সড়কপথ, ছোট-বড় অনেক পাহাড়-ঠিলা, জাফলং পিকনিক সেন্টার, জাফলং গ্রিন পার্ক, জাফলং পাথর কোয়ারি, সীমান্তের ওপারে ঝরনা সংবলিত পাহাড়ি রূপ কন্যা, জাফলং চা-বাগান, মনোমুগ্ধকর খাসিয়া আদিবাসীদের বসতবাড়ি, পুঞ্জি এলাকায় জুমচাষ, সাতকরা ঝোম, কমলা বাগান এবং ভিন্ন রকম পাখপাখালির অপরূপ মিলনমেলা। কয়েক যুগ ধরে জাফলং এলাকা দেশের ২য় বৃহত্তম পর্যটন নগরী হিসেবে দেশ ও বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে যেমন পরিচিত তেমনি সরকারিভাবেও উল্লেখযোগ্য পর্যটন নগীর হিসেবে খ্যাত। প্রতি বছর ঈদ ছাড়াও প্রতিদিন দেশের বিভিন্ন জেলার পর্যটক ছাড়াও বিদেশি পর্যটকরাও প্রকৃতি কন্যা জাফলংকে এক নজর দেখতে জাফলং পর্যটন এরিয়া ঘুরে যান।
এসব পর্যটকদের আদর আপ্যায়ন করতে গড়ে উঠেছে জাফলং এলাকায় দেশি-বিদেশি ভিন্নরকম ব্যবসা বাণিজ্য। এতে রয়েছে আবাসিক-অনাবাসিক হোটেল-রেস্তোরাঁ, দেশি-বিদেশি কাপড়-চোপড়ের ব্যাপক পশরা এবং কসমেটিকসহ নানা রকম গিফট সামগ্রী। সরজমিন গিয়ে দেখা যায় গত তিনদিন যাবৎ জাফলং এলাকায় প্রতিদিন লক্ষাধিক পর্যটকদের পদচারণায় পর্যটন এরিয়া জাফলং মুখরিত। মামার দোকান থেকে শুরু করে বল্লাঘাট পর্যন্ত সহস্রাধিক পর্যটকবাহী গাড়ি রয়েছে, রাস্তাঘাট, রেস্টুরেন্টের সম্মুখ ছাড়াও পাথর ফিল্ড ও ক্রাসার মেশিন জোন এলাকায় ও প্রচুর পরিমাণ গাড়ি লক্ষ্য করা যায়। তবে সিলেট-জাফলং মহাসড়কে বিভিন্ন স্থানে রাস্তার বেহাল অবস্থা দেখে পর্যটকদের মনে আনন্দের পরিবর্তে বুক ভরা ব্যথ্যা নিয়ে ত্যাগ করেন পর্যটন নগরী।
রাস্তার ওপর দীর্ঘদিন যাবৎ গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অপরদিকে জনমনে বাড়ছে ক্ষোভ ও হতাশা। যানযট ও রাস্তার বেহাল দশায় পর্যটকরা পড়ে যান ভোগান্তিতে। জাফলং পিকনিক রেস্টুরেন্টের প্রোপ্রইটার শিমুল মিয়া জানান অন্যান্য বছরের মতো এবার পর্যটকদের সংখ্যা বেশি, ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে পর্যটকদের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র কবির আহমদ জানান, অনেক দিনের স্বপ্ন ছিল জাফলং বেড়ানো এবারের ঈদের ছুটিতে পর্যটন এরিয়া জাফলং বেড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
রাজশাহী থেকে আসা ৬০ ঊর্ধ্ব সৈয়দ আহমেদ জানান, ‘জীবনের শেষ সময়ে পরিবার-পরিজনদের নিয়ে জাফলং এসে খুব বেশি আনন্দ উপভোগ করছি। তবে ডিজিটাল সরকারের আমলে রাস্তার ডিজিটাল বেহাল দশা দেখে মনে খুবই কষ্ট পেয়েছি।’ কুষ্টিয়ার স্বর্ণ ব্যবসায়ী হায়দার হোসেন জানান, ব্যবসার কারণে আমাদের বেড়ানো সম্ভব হয় না। এবারের ঈদে পরিবারের অন্য সদস্যদের নিয়ে গোয়াইনঘাট দেখলাম, শাহজালাল ও শাহপরান (র.) মাজার জিয়ারত করে মনে অনেক তৃপ্তি পেলাম। আমরা অরণ্যের মাঝে অবস্থিত রেস্ট হাউসে থেকে এখানকার সব কটি দর্শনীয় স্থান আর ঝরনার ছন্দ উপভোগ করব। শাবিপ্রবির ইংরেজি শেষ বর্ষের ছাত্র আবু ইউসুফ জানান, সিলেটের সর্ববৃহৎ সমতল চা-উৎপাদক জাফলং চাবাগান আর ঝরনার জলনৃত্য আমাকে আকুল করে দিয়েছে। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকজন পর্যটক জানান প্রতি বছর আমরা সিলেট জেলার বাইরে যাই এবার আমাদের গোয়াইনঘাট দেখতে এলাম বাইরের পর্যটকদের দেখে ভালো লাগল।
প্রায় সব পর্যটকদের মুখে অতৃপ্তির একটিই কথা গোয়াইনঘাটের রাস্তাঘাট এখনো অনুন্নত। তবে জাফলংয়ের রাস্তা কাদা-জলের অন্তরালে এমনভাবে বিলীন হয়ে গেছে। দেখলে মনে হয় না এখানে কখনো পাকা রাস্তা ছিল। স্থানীয়রা আশা করেন রাস্তাঘাটের অবস্থার উন্নতি না করলে জাফলং তথা গোয়াইনঘাট থেকে মুখ ফিরিয়ে নেবে দেশসহ বিশ্ব মানুষ।











