মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইরিনের ভূত-ভবিষ্যৎ, নতুন গানরাজ

news-image


অভিনয়ে বেশি দিন হয়নি। অল্প সময়েই পরিচিতি পেয়েছেন নাটক ও মডেলিংয়ে। আইরিন আফরোজকে নিয়ে লিখেছেন মীর রাকিব  

দুষ্টু ছিলেন ভীষণ। ছোটবেলায় বেশ কড়া শাসনে রাখতেন মা। দুষ্টুমির সঙ্গী বড় ভাই, বয়সে ৯ বছরের বড়। তবুও দুই ভাইবোনের মিলত খুব। এই দুই দুষ্টুকে বন্দি করে রাখতেন মা। দুপুরের খাবারের পর জোর করে তাঁদের ঘুম পাড়িয়ে দিতেন। যেন রাত জেগে পড়তে পারেন। একদিন দুপুরে মা একটু আড়াল হতেই বেরিয়ে পড়েন দুজন। বাসা থেকে কিছূ দূরে একটা ঝিল। সেখানে মাছ ধরছে জেলেরা। দেখতে গিয়ে হঠাৎ আইরিন পড়ে যান সেই ঝিলের পানিতে। বড় ভাই ছিলেন বলে রক্ষা। তাঁকে তুলতে গিয়ে বড় ভাইও কাদাপানিতে একাকার। এ অবস্থায় বাসায় গেলে খবর আছে! সারা বিকেল এদিক-ওদিক ঘুরলেন ভাইবোন। যাতে জামাকাপড় ততক্ষণে শুকিয়ে যায়। এদিকে বাসার সবাই খুঁজে খুঁজে হয়রান। সন্ধ্যায় বাসায় ফেরেন দুই ভাইবোন। মায়ের হাতে সেদিন বেধড়ক মার খেতে হলো দুজনকে। এরপর থেকে দুপুরে ঘুমালে মা দরজায় তালা দিয়ে ঘুমাতেন। বাল্যকালটা এ রকম শাসনেই কেটেছে আইরিনের। বড়বেলায় সেই মা-ই হয়েছেন কাছের বন্ধু। তিনিই তাঁর সাহস ও অনুপ্রেরণার মূল উৎস। download (3)

স্বপ্ন ছিল অভিনেত্রী হবেন। কিন্তু প্লাটফর্ম খুঁজে পাচ্ছিলেন না। ছবি তুলে ফেসবুকে আপলোড করা তাঁর শখ। ছবি দেখে অনেকেই মডেল করার জন্য আগ্রহ প্রকাশ করেন। শুরুতে কিছু বিলবোর্ড ও ম্যাগাজিনের মডেল হলেন। এরপর টিভি বিজ্ঞাপনচিত্র। কাজ করেছেন দেশের প্রথম সারির বিজ্ঞাপন নির্মাতার সঙ্গেই। অভিনয়ের সুযোগ প্রথম পেলেন হিমেল আশরাফের ধারাবাহিক 'গপ্পো'তে। এরপর আশফাক নিপুনের 'সুখের ছাড়পত্র'। এই ঈদে সকাল আহমেদের ছয় পর্বের ধারাবাহিক 'নায়িকা' ও ইমরাউল রাফাতের 'ভালোবাসার ভূত-ভবিষ্যৎ' প্রচার হয়েছে। শুটিং শেষ করেছেন 'পড়শিবাড়ি'র। আইরিন অভিনীত তিনটি ধারাবাহিকের প্রচার চলছে-'কলিংবেল', 'লেক ড্রাইভ লেন', 'ঝালমুড়ি'। কদিন পরই শুরু হবে 'শূন্যপাত'-এর প্রচার।

আইরিনের একটা অভিমান আছে। 'যেখানেই যাই প্রশ্ন একটাই-আপনি কি অমুক সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছেন? কেন তাঁদের এমন ধারণা বুঝি না। এসব প্রতিযোগিতা ছাড়া কি অভিনেত্রী জন্মাতে পারেন না? মিডিয়ায় তাঁদের পথচলা যতটা সহজ হয় আমাদের জন্য তা হয় না। তাঁরা তিন থেকে চার মাস স্ট্রাগল করে যে জায়গাটা পান, আমাদের সেটা তৈরি করতে লাগে দীর্ঘ সময়। তবে প্রতিযোগিতা দিয়েই সুন্দরী ও ভালো অভিনেত্রী পাওয়া যায়-এমন ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে'-বললেন আইরিন।

 

অভিনয়ের বাইরে একটু নাচ, একটু একটু গাইতেও পারেন। তবে সব কিছু ছাপিয়ে তাঁর মনোযোগটা অভিনয়েই। অন্য অনেকের মতো আইরিনেরও লক্ষ্য চলচ্চিত্রে অভিনয়। ভালো প্রস্তাব আর অভিনয় করার সুযোগ থাকলে এখনই নেমে পড়বেন চলচ্চিত্রে।

 নতুন গানরাজ
সারা দেশ থেকে ৬৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করে নিয়েছে এ বছরের সেরা গানরাজের খেতাব। নুজহাত সাবিহা পুষ্পিতা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তারা ঝলমলে আলোয় রুদ্ধশ্বাস অপেক্ষা। প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুলের চোখে-মুখে তৃপ্তির ছায়া। এখনই ঘোষণা করবেন বিজয়ীর নাম। উপস্থিত অতিথিরাও আগ্রহ নিয়ে বসে আছে। কে হবে বিজয়ী। ঘোষণা আসে চ্যাম্পিয়ন 'পুষ্পিতা'।2_273911

সেই মুহূর্তের কিছুটা পুষ্পিতার মুখেই শোনা যাক। 'আনন্দে কী করব ভাবতে পারছিলাম না। স্বপ্নের মতো দেখছি রুনা লায়লা ম্যাম আমার মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরিয়ে দিচ্ছেন। স্বপ্নের ঘোরটা এখনো কাটেনি'-এভাবেই কথাগুলো বলল বুস্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতা।

প্রতিযোগিতা থেকে পুরস্কার পেয়েছে দুই হাতজুড়ে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ঝলমলে মুকুটের পাশাপাশি নগদ পাঁচ লাখ টাকার চেক। সেই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের শিক্ষাবৃত্তি। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা সনদ।

এ প্রতিযোগিতায় তার অংশগ্রহণ এবারই প্রথম নয়। ২০১৩ সালে অংশ নিয়ে ক্যাম্প রাউন্ডের আগেই বিদায় নিতে হয়েছিল। একাগ্রতা আর কঠোর অধ্যবসায় থাকলে যে লক্ষ্যে পৌঁছা সম্ভব তা দেখিয়েছে ছোট্ট পুষ্পিতা। দ্বিতীয়বার সোজা চ্যাম্পিয়ন। একটা লম্বা সময় প্রায় সাত মাস ক্ষুদে গানরাজের ক্যাম্পে। "সময়গুলো অনেক মিস করছি। সেরা সাতের সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। ফেরদৌস আরা আন্টি, এস আই টুটুল স্যার, পরিচালক ইজাজ খান স্বপন স্যারকে অনেক মিস করছি। ফাইনালের জন্য 'ঐ ঝিনুক ফোটা সাগর বেলা' গানটি তিনিই আমার জন্য পছন্দ করে দিয়েছিলেন", বলল পুষ্পিতা।

প্রতিযোগিতায় তার সবচেয়ে ভালো লেগেছিল আফজাল হোসেনের উপস্থিতির পর্ব। সবাইকে তিনি বেশ মজা করে কমেন্ট করছিলেন। তাকে বলেছিলেন 'বাংলাদেশের সব মিষ্টির সমান মিষ্টি তোমার কণ্ঠ।'

পুষ্পিতার গানের হাতেখড়ি ছয় বছর বয়সে। টিভিতে কোনো শিল্পীর গান গাওয়া দেখলেই দৌড়ে ছুটে যেত। গুনগুন করে তা গাইতে চেষ্টা করত ছোট্ট মেয়ে। তাই মা-বাবা ভর্তি করে দেন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখানে ওস্তাদ তাপস চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি। এখনো তাঁর কাছেই গান শিখছে সে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের সুরকার লোকমান হাকিম ও শিশু একাডেমির শামসুল হুদার কাছে গানের জন্য যাচ্ছে। ছায়ানটে ভর্তি হয়েছে।

গৃহিণী মা আর সরকারি চাকরিজীবী বাবার দুই ছেলেমেয়ের মধ্যে পুষ্পিতা বড়। লেখাপড়ায় কুইন লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। ঢাকায় ছোটদের প্রায় সব গানের অনুষ্ঠানেই অংশগ্রহণ করে। পুরস্কার প্রাপ্তিও জীবনে কম হয়নি। তবে সবচেয়ে বড় প্রাপ্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনবার পুরস্কার নেওয়া। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গানের প্রতিযোগিতায় পর পর দুবার প্রথম হয়েছিল, একবার চতুর্থ। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? 'লেখাপড়ার পাশাপাশি গানটা নিয়মিতই করতে চাই। সব ধরনের গানই শিখব, কিন্তু নজরুল সংগীতশিল্পী হওয়ার খুব ইচ্ছে। গাইবান্ধায় গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা। ওখানের লোকজন নাকি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। ওখানে গিয়ে তাদের গান শোনাব।'