বন্ধ হয়ে যাচ্ছে মাঝারি ও ছোট গার্মেন্টস কারখানা
গার্মেন্টস শিল্পের সূতিকাগার এবং দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শিল্পোদ্যোক্তারা কঠিন সময় পার করছেন। নানা সংকটে টিকতে পারছে না সেখানকার ছোট ও মাঝারি আকারের গার্মেন্টস শিল্প। স্থানীয় গার্মেন্টস উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইপিজেডের বাইরে সেখানে ৭শ’ কারখানার মধ্যে আড়াইশ’ কারখানাই গত চার বছরে বন্ধ হয়ে গেছে। এর বাইরে কিছু কারখানা অপেক্ষাকৃত বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়ে গেছে। টিকে আছে ৪শ’ কারখানা। এর মধ্যে ২৮০টি সরাসরি রপ্তানিকারকদের অর্ডার পেলেও বাকী অন্তত ১২০টি কারখানা সাব কন্ট্রাক্টে কাজ করে কেনমতে টিকে আছে। কর্মপরিবেশের (কমপ্লায়েন্স) চাপ সামাল দিতে ব্যর্থ হলে আগামী দুই বছরের মধ্যে সাব কন্ট্রাক্টের ভিত্তিতে কাজ করা বেশিরভাগ কারখানাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। 
গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদ্য বিদায়ী ঊর্ধ্বতন সহ-সভাপতি ও চট্টগ্রামের গার্মেন্টস উদ্যোক্তা নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এখানকার বেশিরভাগ কারখানাই ভাড়া ভবনে (শেয়ারড)। রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনার পর থেকে ক্রেতারা এসব ভবনে থাকা কারখানায় অর্ডার দিতে চাইছে না। অন্যদিকে অর্ডার কম থাকলে, নিজেদের রপ্তানি সংক্রান্ত কাগজপত্রের দুর্বলতা কিংবা ক্রেতা বিশ্বাসের উপর অনেক সময় রপ্তানি করতে গিয়ে সময়মত রপ্তানির অর্থ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ক্রেতাকে সময়মত পণ্য পাঠাতে ব্যর্থ হলে স্টক লট (রপ্তানি উপযোগী পোশাক বিক্রি না হওয়া) হয়ে যাচ্ছে। এ রকম দুই-একবার স্টক লটের মধ্যে পড়লে অপেক্ষাকৃত ছোট উদ্যোক্তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে আলাপ করে জানা গেছে, অতীতে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে চট্টগ্রামের অবদান ছিল ৩৫ শতাংশ। বর্তমানে তা ১০ থেকে ১২ শতাংশে নেমে এসেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হলেও ক্রমেই গার্মেন্টস কারখানা কমে যাচ্ছে এখানে।
উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে গড়ে উঠা কারখানাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না থাকায় এখানকার উদ্যোক্তাদের ক্ষোভ রয়েছে। জানা গেছে, রানা প্লাজার পর গার্মেন্টস খাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ইউরোপ ও আমেরিকার উদ্যোগে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে এ পর্যন্ত এখানে ১৪টি কারখানা বন্ধ হয়েছে। বাদবাকী কারখানার সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এসব সংস্কার কাজ সম্পন্ন করতে কারখানা প্রতি দুই থেকে তিন কোটি টাকা বাড়তি খরচ হবে। এ কার্যক্রম যারা সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের কারখানায় অর্ডার মিলবে না। অন্যদিকে গ্যাস ও বিদ্যুত্ সংকট রয়েছে। সব শিল্প মালিকের পক্ষে নিজস্ব ব্যবস্থাপনায় জেনারেটর ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
গত আগস্টে চট্টগ্রামের র্যাডিসন হোটেলে অ্যাপারেল সামিট নামে গার্মেন্টস খাত নিয়ে বড় আকারের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। ওই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বাউশিয়ার ন্যায় চট্টগ্রামেও গার্মেন্টস খাতের জন্য একটি গার্মেন্টস পল্লী গড়ে তোলার দাবি তোলেন উদ্যোক্তারা। ওই অনুষ্ঠানেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেখানেও একটি গার্মেন্টস পল্লী গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন। তবে গত দুই মাসে এ বিষয়ে আর কোন অগ্রগতি নেই বলেই জানা গেছে। এর কারণ হিসেবে সরকারের কেন্দ্রমুখী প্রবণতাকে দায়ী করছেন উদ্যোক্তারা। তারা বলছেন, চট্টগ্রামে গ্যাস পাওয়া যায় না। ব্যাংক ঋণের জন্য ঢাকায় দৌড়াতে হয়। এসব কারণে বিনিয়োগকারীরা চট্টগ্রামের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। রাজধানী ও আশপাশের এলাকায় সুবিধা কেন্দ্রীভূত থাকায় তারা ওই সব এলাকায় শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছেন।
আগামী ২০২১ সালে অর্থাত্ ছয় বছর শেষে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি ৫ হাজার কোটি ডলারের উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে বিজিএমইএ। এ লক্ষ্যে একটি রোডম্যাপও (পথনক্শা) তৈরি করেছে সংগঠনটি। সম্প্রতি সংগঠনের নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরকালে এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে চট্টগ্রাম বন্দরসহ অবকাঠামো উন্নয়ন এবং সরকারের নীতি সহায়তার কথা বলা হয়েছে। কিন্তু উদ্যোক্তারা বলছেন, চট্টগ্রামে যেভাবে গার্মেন্টস সংকুচিত হয়ে পড়ছে তাতে এই লক্ষ্য কতখানি পূরণ হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে গার্মেন্টস পল্লী স্থাপনের জন্য অতীতে নানা প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা কার্যকর হয়নি। বিজিএমইএকে ১১ একর জমি দেয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের। চট্টগ্রাম বন্দর ১০০ একর জমি দেয়ার আশ্বাস দিয়েছে। এসব জমি পাওয়া গেলে চট্টগ্রামে পৃথক গার্মেন্টস পল্লী স্থাপন করা সম্ভব হতো। কিন্তু এসব বিষয়ে অগ্রগতি নেই বলেই জানালেন নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের মিরেরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি বরাদ্দ দেয়া হয়েছে। এভাবে গার্মেন্টস পল্লী স্থাপনের জন্য চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫০০ একর, সীতাকুন্ড এবং পটিয়ায় ২০০ একর করে জমি দেয়ার কথা সরকার বিবেচনা করতে পারে। চট্টগ্রামে গার্মেন্টস শিল্প বাড়লে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত খরচ যেমন কমবে. তেমনি মহাসড়কে চাপ কমবে। বন্দরেও স্বল্প সময়ে পণ্য যাবে। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের দামও প্রতিযোগিতামূলক হবে।











