শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে রাজধানী ঢাকা

news-image

বদলে যাচ্ছে রাজধানী ঢাকামগবাজারের হাতিরঝিল, ধানমণ্ডির হাতিরপুল, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তেজগাঁও, খিলক্ষেতসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে সুউচ্চ টুইন টাওয়ার। উন্নত দেশগুলোর অনুকরণে মনকাড়া ডিজাইনের এসব ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকবে বিদ্যুতের সাবস্টেশন। যেখানে ঢাকা শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে তৈরি হবে বিদ্যুৎ। আর উপরে আলো জলমলে বিপণিবিতান। যেখানে দিন-রাত ২৪ ঘণ্টাই আলোর নাচন দেখে দেখেই কেনাকাটা সারতে পারবেন রাজধানীবাসী। এছাড়া দৃষ্টিনন্দন আন্ডারপাস, ওভারপাস, উড়ালসড়ক, মেট্রোরেল সার্ভিস তো থাকছেই। পড়ন্ত বিকেল কিংবা নিঝুম সন্ধ্যায় আকাশ দেখার সুযোগও মিলবে সবার। পুরো ঢাকার কোথাও খুঁজে পাওয়া যাবে না একটি বিদ্যুতের খুঁটিও। এলোমেলোভাবে ঝুলে থাকা তার আর দৃষ্টি আটকাবে না। আকাশপানে চোখ তুললেই মায়াবী চাঁদ সঙ্গী তারকাদের নিয়ে হাতছানি দেবে। যদি সত্যিই এমন হয় তবে কেমন হবে রাজধানী ঢাকা!

বিষয়টি অলীক মনে হলেও আর চার থেকে পাঁচ বছর পর সত্যিই খুঁজে পাওয়া যাবে না আজকের ঢাকাকে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে রাজধানীর এই রূপ দিতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। ইতিমধ্যে এ মহাপরিকল্পনা বাস্তবায়নের ছক তৈরি করা হয়েছে। আগামী বছরের শেষদিকে কিংবা ২০১৭ সালের শুরুর দিকেই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।  ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান জানিয়েছেন, একুশ শতকের বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা। তাই আধুনিক জীবনমান, ঢাকার বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদাকে মোকাবিলা করে বিদ্যুৎ বিতরণ সেবাকে আরো আধুনিক ও সহজতর করার জন্য ডিপিডিসি ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আর পাঁচ বছর পর বিশ্ববাসী দেখবে নতুন এক ঢাকাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা শহরের জমির অপ্রতুলতা বিবেচনা করে হাতিরপুলস্থ ধানমণ্ডি পাওয়ার হাউস কমপ্লেক্সে পিডিবি ও ডিপিডিসির মালিকানাধীন জমিতে আন্ডারগ্রাউন্ড ২৩০/১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র ভূ-গর্ভে স্থাপনপূর্বক উপরিভাগে একটি বহুতল অফিস-কাম-বাণিজ্যিক ভবন/ টুইন টাওয়ার নির্মাণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধির প্রথম পদক্ষেপ হিসেবে ধানমণ্ডি এলাকার সব ওভার হেড ক্যাবল আন্ডারগ্রাউন্ড ক্যাবলে রূপান্তরিত করা হবে। এছাড়া বিদ্যমান মগবাজার/হাতিরঝিল ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও উপকেন্দ্র সংলগ্ন জায়গায় ব্যবহার করে ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রসহ বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। এ ভবনে ডিপিডিসির বিভিন্ন অফিস ছাড়াও অবশিষ্ট জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। হাতিরঝিলের পাশে মগবাজার উপকেন্দ্রে নির্মিত বহুতল ভবনটি বাণিজ্যিকভাবে সর্বাধিক লাভবান ও ব্যবহারোপযোগী হবে আশা করছে ডিপিডিসি।  
তেজগাঁও ১১ কেভি সুইচিং স্টেশন ও অফিসসংলগ্ন জায়গায় ব্যবহার করে ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রসহ বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। ভবনটি নির্মিত হলে ডিপিডিসির বিভিন্ন অফিস ছাড়াও অবশিষ্ট জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। কাকরাইল ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও উপকেন্দ্রসংলগ্ন জায়গা ব্যবহার করে ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রসহ বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ ভবনে ডিপিডিসির এমপ্লয়িদের বসবাসের সুযোগ সৃষ্টি হবে। ফলে ভবিষ্যতে কেবল ফল্ট হলে রাস্তা খোঁড়াখুঁড়ি এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে কেবল ফল্ট নির্ণয় করে কাজ সম্পাদন করা যাবে। ধানমণ্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফার্মগেট এলাকায় ৩টি ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ করা হবে।বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে ধানমণ্ডি এলাকার বিদ্যমান ওভারহেড লাইনগুলো স্থানান্তরপূর্বক ভূ-গর্ভস্থ বিতরণ লাইন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিদ্যমান ওভারহেড লাইনগুলোয় অন্যান্য সংস্থা যথা টিঅ্যান্ডটি, ইন্টারনেট প্রোভাইডার ও অন্যান্য সংস্থার লাইনগুলো রয়েছে ফলে এ ধরনের বিতরণ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ এবং এলাকাগুলোর সৌন্দর্য অনেকাংশে হ্রাস পায়। উন্নত বিশ্বের ন্যায় ভূ-গর্ভস্থ বিতরণ লাইন নির্মাণ করার মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। ফলে ওই এলাকার সৌন্দর্য বৃদ্ধিসহ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরো নির্ভরযোগ্য হবে। হাতিরপুলস্থ ধানমণ্ডি পাওয়ার হাউস কমপ্লেক্সে পিডিবি ও ডিপিডিসির মালিকানাধীন জমিতে আন্ডারগ্রাউন্ড ২৩০/১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র ভূ-গর্ভে স্থাপনপূর্বক উপরিভাগে একটি বহুতল অফিস-কাম-বাণিজ্যিক ভবন/টুইন টাওয়ার নির্মাণ করা হবে। হাতিরঝিল প্রকল্পের অভ্যন্তরের রামপুরা টু মগবাজার ও রামপুরা টু উলন ১৩২ কেভি ওভারহেড লাইন স্থানান্তরের কাজটিও বাস্তবায়ন করা হবে।


গ্রাহকের কাছে আরো সহজতর উপায়ে এবং আরো সুষ্ঠুভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের জন্য ডিপিডিসি বেশ কিছু প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে যার মধ্যে রয়েছে জিটুজি প্রকল্প। ডিপিডিসি এলাকায় বিদ্যুতের চাহিদা আগামী ২০২১ সাল নাগাদ ২৯০২ মেগাওয়াট এবং আগামী ২০২৫ সালের মধ্যে এই চাহিদা ৪২৪৯ মেগাওয়াটে উন্নীত হবে। এ বিপুল পরিমাণ চাহিদা পূরণে বিতরণ ব্যবস্থাকে আরো দৃঢ়, আরো নির্ভরযোগ্য, শক্তিশালী এবং আধুনিকায়নের প্রয়োজন হবে। বিতরণ ব্যবস্থাকে আরো দৃঢ় করে ঢাকা শহরের সৌন্দর্যবৃদ্ধিসহ ডিপিডিসির বিদ্যমান সম্পদের সঠিক এবং আধুনিক ব্যবহারের মধ্য দিয়ে সেবাগুলোর মান বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যক্রমের মধ্য দিয়ে ডিপিডিসিকে বাণিজ্যিকভাবে একটি সফল কোম্পানিতে পরিণত করতে বেশকিছু কার্যক্রম গ্রহণ করা হবে জিটুজি প্রকল্পের মাধ্যমে। জিটুজি প্রকল্পের আওতায় নির্মাণের জন্য ডিপিডিসি এলাকায় প্রস্তাবিত ৪০০/২৩০ কেভি, ২৩০/১৩২ কেভি, ১৩২/৩৩ কেভি ও ৩৩/১১ কেভি নতুন এবং পুনর্বাসনযোগ্য উল্লেখযোগ্য বলে জানা গেছে।


ডিপিডিসির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছেÑ১৩২/৩৩ কেভি লেভেলে বিদ্যমান ১৩টি সাবস্টেশনকে ২০১৮তে ২০টি এবং ২০২১-এর মধ্যে ২৮টি বৃদ্ধিকরণ, ৩৩/১১ কেভি লেভেলে বিদ্যমান ৪৩টি সাবস্টেশনকে ২০১৮তে ৬৪টি এবং ২০২১-এর মধ্যে ৮৫টিতে বৃদ্ধিকরণ। বিদ্যমান ১৩২৮ মেগাওয়াট চাহিদাকে ২০১৮তে ২০৬৬ এবং ২০২১-এর মধ্যে ২৯০২ মেগাওয়াট উন্নীতকরণ বিদ্যমান ১৯৩ কিমি ১৩২ কেভি ওভারহেড ট্রান্সমিশন লাইনকে ২০১৮তে ২৩০ কিমি. থেকে ২২৬ কিমি এবং ২০২১ সালের মধ্যে পরিণত করা বিদ্যমান ৩৫ কিমি ১৩২ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইনকে ২০১৮তে ৯১ কিমি এবং ২০২১ সালের মধ্যে ১৪০ কিমি. পরিণত করা বিদ্যমান ১৫৭ কিমি ৩৩ কেভি ওভার হেড ট্রান্সমিশন লাইনকে ২০১৮তে ১৬০ কিমি. এবং ২০২১ সালের মধ্যে পরিণত ১৭০ কিমি করা এবং বিদ্যমান ২১১ দশমিক ৫০ কিমি ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইনকে ২০১৮তে ২৮৪ কিমি এবং ২০২১ সালের মধ্যে ৩৩০ কিমি. পরিণত করা।


ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, রূপকল্প-২০২১ বাস্তবায়নে মেগাপ্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এবং নির্দিষ্ট সময়ে শেষ করতে বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি আরো অভিজ্ঞ জনবল নিয়োগ দেয়া হচ্ছে। ডিভিশনগুলোতে পর্যাপ্ত গাড়ি ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে এসব প্রকল্প ২০২০ সালের মধ্যেই শেষ করতে হবে। সে বিষয়টি মাথায় রেখেই কাজ চালিয়ে যাওয়া হবে। আগামী ২০১৭ সালের শুরুর দিকেই এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানান তিনি।