পরিবারের সঙ্গে সাত বছর পর খালেদার ঈদ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেপ্টেম্বর ২৪, ২০১৫
দীর্ঘ সাত বছর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন। ওই দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। তাঁর পরিবারের পক্ষ থেকে আজ কোরবানি দেওয়া হলেও মাংস পাবেন আগামীকাল শুক্রবার।
লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটা থেকে খালেদা জিয়ার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। পূর্ব লন্ডনের ইলফোর্ডের বার্কিংসাইড এলাকার ‘দ্য লেকভিউ’ হোটেলে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সর্বস্তরের মানুষ খালেদার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন বলে যুক্তরাজ্যের বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
যুক্তরাজ্যে কিছু সুনির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের অনুমতি রয়েছে। যে কারণে সাধারণ মানুষ চাইলেই পছন্দমতো পশু কিনে যেকোনো স্থানে কোরবানি দিতে পারেন না। হালাল মাংস বিক্রি করে এমন দোকানগুলো মানুষের কাছ থেকে কোরবানির অর্ডার নিয়ে থাকে। দোকানগুলো তাদের মাংস সরবরাহকারীর মাধ্যমে চাহিদামতো পশু কুরবানি দেয়। গরু কুরবানি দিলে সরবরাহকারীর কাছ থেকে মাংস সংগ্রহ করে তা পরের দিন সংশ্লিষ্ট গ্রাহককে দেওয়া হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক গতকাল বুধবার বিকেলে বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানির আদেশ দেওয়া হয়েছে। পূর্ব লন্ডনের ব্রিক লেন এলাকার বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ওই আদেশ দেওয়া হয়। মহানবী হজরত মোহাম্মদ (সা.), খালেদা জিয়া, খালেদার প্রয়াত স্বামী জিয়াউর রহমান, বড় ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জোবায়দা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান এবং আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান—এই সাত নামে কুরবানি দেওয়া হয়েছে।
এম এ মালেক আরও বলেন, চাইলে ঈদের দিন বিকেলেই ওই কুরবানির মাংস সংগ্রহের ব্যবস্থা করা যেত। কিন্তু খালেদা জিয়া আজ বিকেল চারটা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। যে কারণে আগামীকাল কোরবানির মাংস সংগ্রহ করা হবে। তিনি বলেন, প্রতি ঈদেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসার গার্ডেনে তাঁবু ফেলে আত্মীয় ও রাজনৈতিক ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা হয়। এবার ঈদের পরের দিন অর্থাৎ শুক্রবার ওই আয়োজন হবে।
২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া ও তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পান। ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান। সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ওই সময় আরাফাত রহমান প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য প্রথমে থাইল্যান্ডে যান। পরবর্তীতে সেখান থেকে তিনি সপরিবারে মালয়েশিয়া চলে যান। সেখানে চলতি বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান মারা যান।
১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া লন্ডন যান। তাঁর লন্ডন আগমন উপলক্ষে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী ও দুই মেয়ে কয়েক দিন আগেই মালয়েশিয়া থেকে লন্ডনে যান। লন্ডনের কিংসটনে তারেক রহমানের বাসায় তাঁরা ঈদ উদ্যাপন করছেন। ছোট ভাইয়ের মৃত্যুর পর মায়ের সঙ্গে এটাই তারেকের প্রথম সাক্ষাৎ। এর আগে ২০১১ সালের মে মাসে খালেদা জিয়া লন্ডনে গেলে মা-ছেলের দেখা হয়। ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে মা-ছেলের দেখা হয়।