হাথুরুসিংহে কি বাংলাদেশের ‘বেলিস’ হতে পারবে!
অস্ট্রেলিয়ার হাঁড়ির খবর জানতেন বলে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে বড় ভূমিকা রাখতে পেরেছেন ট্রেভর বেলিস। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতার সুবাদে চন্ডিকা হাথুরুসিংহেই কি হবেন ‘বাংলাদেশের বেলিস’!
বিনয়ী ট্রেভর বেলিস নিজে কথাটা স্বীকার করেন না। অ্যাশেজ জয়ে তাঁর ভূমিকার কথা তুললেই কৃতিত্বটা সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের দিয়ে দেন ইংল্যান্ডের এই অস্ট্রেলিয়ান কোচ। স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন আর জো রুটদের কৃতিত্ব তো আছেই। তবে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সম্পর্কে বেলিসের জানাশোনা যে অ্যাশেজ জয়ে বড় ভূমিকা রেখেছে সেটি স্পষ্ট করেই বলেছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস ও অলরাউন্ডার মঈন আলী। অ্যাশেজ শেষ হওয়ার মাস দেড়েক পর অস্ট্রেলিয়ার সামনে যে আরেক প্রতিপক্ষ, তাদের কোচও বেশ ভালোভাবে চেনেন অস্ট্রেলিয়ানদের। প্রতিপক্ষ বাংলাদেশ, কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যিনি একসময় কাজ করেছেন অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও বিগ ব্যাশে সিডনি থান্ডারের কোচ হিসেবে। কোচের এই জানাশোনার সুযোগ কতটা নিতে পারবে বাংলাদেশ?
অস্ট্রেলিয়ায় হাথুরুসিংহের কোচিং-অধ্যায়ের শুরু ২০১১ সালের সেপ্টেম্বরে, নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে। বছর খানেক পর দলের প্রধান কোচ অ্যান্টনি স্টুয়ার্ট বরখাস্ত হওয়ায় ২০১২-১৩ মৌসুমের বাকি সময়টা ছিলেন অন্তর্র্বতীকালীন কোচ। পরে ট্রেভর বেলিস প্রধান কোচ হিসেবে যোগ দিলে আবার তাঁর সহকারী হন হাথুরু, পাশাপাশি সিডনি থান্ডারেরও দায়িত্ব নেন। গত বছর মে মাসে বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কান এই কোচ। এই সময়টায় তাঁর অধীনে খেলেছেন বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে থাকা স্টিভেন স্মিথ, নাথান লায়ন, মিচেল স্টার্ক, উসমান খাজা, পিটার নেভিল, প্যাট কামিন্স ও স্টিভ ও’কিফ। প্রতিপক্ষ দলের ১৫ জনের ৭ জনকেই জানেন বাংলাদেশ কোচ। এটা তাহলে খুবই কাজে লাগবে বাংলাদেশের? ক্রিকেট অস্ট্রেলিয়ার এই প্রশ্নে হাথুরুসিংহের জবাব ‘হ্যাঁ এবং না’, ‘প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্পর্কে জানাশোনাটা সাহায্য করে। আপনি তখন বুঝবেন ওদের শক্তির জায়গা কোথায় আর কোথায় দুর্বলতা। আমি ওদের সম্পর্কে একটু-আধটু জানি। এভাবে দেখলে আমি একটু সাহায্য করতে পারব। কিন্তু ওরা খুবই ভালো খেলোয়াড় এবং নিজেদের খেলা সম্পর্কে ওদেরও আগাগোড়া জানা আছে।’
জানাশোনা কাজে লাগানোর দায়িত্বটা তাই নিজেদেরই বেশি মনে করছেন বাংলাদেশ কোচ, ‘এটা সাহায্য করে, তবে আপনাকে সেই জানাশোনাটা ওদের বিপক্ষে কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। এটা নির্ভর করছে নির্দিষ্ট দিনে আপনার পরিকল্পনাটা কী থাকে এবং সেটা কত ভালোভাবে আপনি বাস্তবায়ন করেন। আপনার হাতে যদি ওই রকম খেলোয়াড় থাকে যারা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবে তাহলে এটা বড় সুবিধা।’
অ্যাশেজের পর দলটা বদলে গেছে অনেক। অবসর নিয়েছেন ক্লার্ক, রজার্স, ওয়াটসন ও হাডিন। চোট ও বিশ্রামের কারণে নেই ওয়ার্নার, জনসন, হ্যাজলউড। বাংলাদেশ সফরে প্রায় নতুন একটা দল নিয়েই আসছে অস্ট্রেলিয়া যাদের মিলিত অভিজ্ঞতা মাত্র ২০৭ টেস্টের। তবে তরুণ ও অনভিজ্ঞ এই প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কেও সতর্ক থাকছেন হাথুরুসিংহে, ‘মনে রাখতে হবে, শুধু ওদের কয়েকজন ব্যাটসম্যান অবসর নিয়েছে। ওদের বোলিং এখনো আগের মতোই, সম্ভবত কয়েক বছর আগের চেয়ে এখন আরও ভালো। কারণ এখন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক আছে। আমি জানি ওরা কত ভালো। নাথান লায়নকে দুই বছর আগে ভারতে যে রকম দেখা গেছে, এখন তার চেয়ে একেবারে আলাদা বোলার। ওর আত্মবিশ্বাস বেড়েছে। আর স্টিভেন ও’কিফ কী করতে পারে, সেটাও আমি জানি। জনসন ও হ্যাজলউড বিশ্রামে থাকার পরও ওদের বোলিং দুর্দান্ত।’
এসব জেনেও বাংলাদেশের সুযোগই দেখছেন হাথুরুসিংহে, ‘এক-দেড় বছর আগে ওদের বিপক্ষে খেলার চেয়ে এখন খেলাই ভালো। কারণ এখন ওদের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। যদি আমরা ২০ উইকেট নিতে পারি, ওদের চাপে ফেলতে পারব।’
অস্ট্রেলিয়ার জন্য এশিয়ার কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জ। এশিয়ায় সর্বশেষ পাঁচটি সিরিজের চারটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২০১০ ও ২০১৩ সালে ধবলধোলাই হয়েছে ভারতের মাটিতে, গত বছর আরব আমিরাতে ধবলধোলাই পাকিস্তানের কাছে। সর্বশেষ ১৫ টেস্টে একমাত্র জয় ২০১১ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এখন আর কন্ডিশন নয়, হাথুরুসিংহের মতে বাংলাদেশের সাংস্কৃতিক ভিন্নতাই অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জ, ‘এখানে তাপমাত্রা ও আর্দ্রতা বেশি, তবে বেশির ভাগ অস্ট্রেলিয়ান খেলোয়াড়ই ভারত ও উপমহাদেশ সফর করেছে। এটা তাই খুব একটা আলাদা মনে হবে না। কিন্তু সংস্কৃতিটা এত আলাদা যে এটা অস্ট্রেলিয়ানদের জন্য একটা অভিজ্ঞতাই হবে। সেটা নেতিবাচক কোনো প্রভাব ফেলবে কি না আমি জানি না। এটা নির্ভর করে ব্যক্তির ওপর। জীবনাচারণ, খাদ্যাভ্যাস সবকিছুই আলাদা। এমনকি গাড়ি চালানোও। আমি তো শ্রীলঙ্কান, আমার কাছেও এটা ভিন্ন পৃথিবী।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।











