আরেকটি মেসিময় জয় বার্সেলোনার
নায়ক তিনি, খলনায়কও তিনি! দুই গোল, এক অ্যাসিস্টের সঙ্গে পেনাল্টিও যে মিস করলেন লিওনেল মেসি। লেভান্তের বিপক্ষে ন্যু ক্যাম্পে প্রদর্শিত হলো তাই মেসিময় এক ম্যাচ। যে ম্যাচটি ৪-১ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরিয়ে শীর্ষে বসেছে বার্সেলোনা। লা লিগায় বার্সা যেমন, ইতালিতে তেমনি দাপট দেখিয়ে চলেছে ইন্টার মিলান। শিয়েভোর মাঠ থেকে পরশু ১-০ গোলে জিতে ফেরার সঙ্গে সিরি ‘এ’র শীর্ষস্থান ধরে রেখেছে মিলানের ক্লাবটি। চ্যাম্পিয়ন জুভেন্টাস হাঁটছিল অবশ্য উল্টো পথে। লিগে তিন ম্যাচ পেরিয়ে গেলেও যে জয়ের দেখা নেই তাদের। অবশেষে ছন্দে ফিরেছে জুভরা, জেনোয়ার মাঠ থেকে ফিরেছে তারা ২-০ গোলের জয় নিয়ে। নাপোলিও পেয়েছে প্রথম জয়, গনসালো হিগুয়েইনের জোড়া গোলে ঘরের মাঠে লাৎসিওকে উড়িয়ে দিয়েছে ৫-০ ব্যবধানে।আরেকটি মেসিময় জয় বার্সেলোনার জার্মানিতে আবার উড়ছে বরুশিয়া ডর্টমুন্ড। বুন্দেসলিগায় টানা পঞ্চম জয় পেয়েছে তারা লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে। ইংলিশ লিগে জয়ের পথে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সাউদাম্পটনের বিপক্ষে ‘রেড ডেভিলরা’ ৩-২ গোলে জিতলেও ভাগ্য ফেরেনি লিভারপুলের। নরউইচ সিটির সঙ্গে যে ‘অলরেডস’ ঘরের মাঠে ড্র করেছে ১-১ গোলে!
ন্যু ক্যাম্পের ম্যাচে বার্সার আক্রমণভাগে ছিলেন না লুই সুয়ারেস। আন্দ্রেস ইনিয়েস্তা, জোর্দি আলবাও নামেননি মাঠে। ঘরের মাঠ ও লেভান্তের বিপক্ষে বলেই হয়তো মুনির এল হাদাদি-সান্দ্রো রামিরেসদের সুযোগ দিয়েছিলেন লুই এনরিকে। কিন্তু গোলশূূন্য প্রথমার্ধ শেষে তাঁর এ পরীক্ষার দিকে আঙুল তুলতেও পারেন বার্সা সমর্থকরা। যদিও দ্বিতীয়ার্ধে বদলে যায় হতাশার সব দৃশ্য। ৫০ মিনিটে খুশির শীতল বাতাসে ন্যু ক্যাম্পে স্বস্তি ফেরান মার্ক বার্ত্রা। গোলটির রূপকার আবার মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের মাপা ক্রস বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে জালে জড়ান এ ডিফেন্ডার। মিনিট ছয়েক পরই নেইমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ৬১ মিনিটে এ ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের বক্সে ফাউল করে বার্সাকে পেনাল্টি উপহার দেন আনহেল ত্রুজিয়ো। আর স্পট কিক থেকে লক্ষ্য ভেদ করে মেসি ব্যবধান নিয়ে যান ৩-০তে। ৭৫ মিনিটে আবারও পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু এবার আর জালে বল জড়াতে পারেননি মেসি, উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে। সেই জন্যই সম্ভবত গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। ৯০ মিনিটে দ্বিতীয় গোল পেয়েও যান। বার্ত্রার পাস ধরে লেভান্তের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে করেন চমৎকার এক গোল। এনরিকে বরাবরই বলে এসেছেন মেসি ভিনগ্রহের। আর্জেন্টাইন অধিনায়কের পেনাল্টি মিসের পর সংবাদ সম্মেলনে তাঁর কাছে প্রশ্ন এসেছিল, ‘তাহলে মেসিও মানুষ?’ যদিও বার্সা কোচ আছেন তাঁর কথাতেই, ‘পেনাল্টি মিস করা মানে এই নয় যে মেসি মানুষ। এরপর কিন্তু ও দুটি গোলের সঙ্গে একটি করিয়েছেও। ওর মধ্যে এমন বিষয় খুব কমই আছে, যেটা ওকে মানুষ বলে প্রমাণ করে!’ এএফপি











