কসবার শ্রমিক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শওকত আলম (৩০) সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের লাশ গতকাল শনিবার সকালে উপজেলার বেলতলী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়।
নিহত শওকত আলম কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের খলিল আহাম্মদের ছেলে। শওকত আলম ছয় ভাই তিন বোনের মধ্যে পঞ্চম।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়; ২০১২ সনের ৩০ জুন সৌদি আরবে একটি কোম্পানিতে চাকুরী করতে যায়। মাইক্রোবাস যোগে কর্মস্থলে যাওয়ার পথে শওকত আলমসহ ছয়জন বাংলাদেশী শ্রমিক এ বছরের ২১ জুন সৌদি আরবের রিয়াদ শহরের আল-মাজমা এলাকার ৮নং চেকপোস্টে মাইক্রোবাসটিকে একটি লরি ধাক্কা দিলে শওকত আলমসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যান। শওকত আলমের লাশ রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়।
কাগজপত্র প্রক্রিয়া সম্পন্ন করে গত শুক্রবার সন্ধায় ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে লাশটি গ্রহণ করেন নিহতের বড় ভাই জাকারিয়া টেকনিক্যাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আলম।
এ্যাম্বুলেন্সে করে গতকাল শনিবার ভোররাতে লাশটি গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নার রোল পরে যায়। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
চার বছর বয়সী একমাত্র সন্তান আবিদা সুলতানা বাবার নিথর চেহারার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না তার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছেন। স্ত্রী নীলুফা বেগম স্বামীর শোকে কাতর। মা হালিমা বেগম ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন।
নিহতের বড় ভাই জাকারিয়া টেকনিক্যাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আলম বলেন; সড়ক দুর্ঘটনায় তার ভাই নিহত হয়েছেন। কাগজপত্র সংগ্রহ করতে লাশটি দেশে আনতে সময় লেগেছে। তার সাথের অন্য পাঁচজনের লাশ আরো আগেই দেশে এসেছে।
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন; নিহতের পরিবার এলাকার একটি স্বনামধন্য পরিবার। ছেলেটিও ভাল ছিল। আমি শোকাহত।











