শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, লাকসামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

news-image

চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ও দগ্ধরা সকলেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে জানা গেছে। কুমিল্লা কোতোয়ালি থানা ওসি মো. আবদুর রব জানান, খবর পেয়ে অগ্নিদগ্ধ পুলিশ কর্মকর্তাদের দেখতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হই। হাসপাতালে ভর্তি হওয়া ৯ জনের মধ্যে ৪ আসামিও রয়েছে। তবে পুলিশ কর্মকর্তা ও আসামিদের পৃথক পরিচয় জানা যায়নি। এদের সকলের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করা চৌদ্দগ্রাম নওয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একাটি টিম চট্টগ্রামে অভিযান শেষে ঢাকায় ফেরার পথে মহাসড়কের উপজেলার সুজাতপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট- ১১-৯০৯৪) তাদের বহনকারী মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্টো-ছ-৫৩-৪২০৬) ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আর আহত হয়েছেন ৫ পুলিশসহ চারজন আসামি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইক্রোবাস থেকে অগ্নিদগ্ধ এক পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। আর এ ঘটনায় দগ্ধ ৯ পুলিশ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ওসি মঞ্জুর আলম জানান, হতাহতদের মধ্যে নিহত ব্যক্তি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য। 


লাকসামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
 

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও লাকসাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। songoso

গতকাল বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মহব্বত আলীর সঙ্গে একই গ্রামের মাদক ব্যবসায়ী সোহাগ মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় স্থানীয় মোবারক মিয়ার ঘরে বসে মাদক সেবন ও বিক্রি করছিলেন সোহাগ মিয়া ও তার সহযোগীরা। খবর পেয়ে মহব্বত আলী এলাকার লোকজন নিয়ে সেখানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারী মহব্বতের ওপর চড়াও হয়। পরে রাতে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মহব্বত আলীকে লাকসাম সদর হাসপাতালে, তার সহোদর ছিদ্দিকুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সোহাগ গ্রুপের চারজনকে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, প্রায় একমাস আগে মহব্বত আলী এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী সোহাগকে ইয়াবাসহ পুলিশের কাছে ধরিয়ে দেন। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ছাড়া মাদক ব্যবসায়ী সোহাগ সম্প্রতি জামিনে বেরিয়ে এসে মহব্বত আলীসহ এলাকাবাসীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এসব কারণেই এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, "এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ মামলা করেনি।" তিনি বলেন, "আমরা প্রাথমিকভাবে জেনেছি মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।"