শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামিমা আক্তার এখন প্রবাসী দাবাড়ু

news-image

গত বছর অলিম্পিয়াডের আগে আগে গুঞ্জন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামিমা আক্তার নাকি দাবাই ছেড়ে দিচ্ছেন। যথেষ্ট কারণ ছিল গুঞ্জনের পেছনে। দেশ ছেড়ে তত দিনে তিনি পর্তুগালে স্থায়ী হয়েছেন স্বামীর সঙ্গে, কেউ কেউ বললেন স্বামীই নাকি চাননা শামিমা খেলাটা চালিয়ে যান। ভুল ভাঙতে অবশ্য দেরি হয়নি। শামিমা লিসবন থেকে নরওয়েতে উড়ে গিয়েই অলিম্পিয়াডে অংশ নিয়েছেন। এরপর তো একে একে তাঁর ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে খেলার খবর আসতে থাকে।

তার মানে রানী হামিদের পর দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব জেতা এই দাবাড়ু খেলা ছাড়ার কথা তো ভাবেনইনি বরং আরো বেশি করে জড়িয়েছেন খেলাটির সঙ্গে, দেশ ছাড়ার পর বরং আরো খেলার সুযোগ বেড়েছে তাঁর। ২০১৩ সালে এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে তিনি আইএম খেতাব পান, সেই টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন এবারও। কাঠমান্ডুতে শিরোপা জিতে পরশু শামিমা দেশেও ফিরেছেন। নতুন জীবন কেমন উপভোগ করেছেন, এমন প্রশ্নে নারায়ণগঞ্জের এই দাবাড়ু শুরুতে অবশ্য ক্ষোভই ঝেড়েছেন, তাঁর খেলা ছেড়ে দেওয়ার অহেতুক গুঞ্জন নিয়ে, 'আমি কখনোই বলিনি, খেলা ছেড়ে দিচ্ছি। আর আমার স্বামী আমাকে খেলতে দিতে চায় না, এমন গুজবই বা ছড়ালো কী করে! তাঁর উৎসাহেই তো ইউরোপে আমি এতগুলো টুর্নামেন্ট খেললাম, বিশ্বকাপ খেললাম।' জোনাল দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন হয়েই দেশের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন শামিমা। গত মাসেই রাশিয়ার সে আসরে অংশ নিয়েছেন। প্রথম রাউন্ডেই র‌্যাংকিংয়ের ৪ নম্বর দাবাড়ুর মুখোমুখি হয়ে সে ম্যাচ হেরেছেন। তবে জোনাল দাবায় আবারও চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি ঠিকই ধরে রেখেছেন। ২০১৩তে আইএম খেতাব নিশ্চিত হওয়ার পর থেকেই জিএম নর্মের স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তাঁর দাবা ছেড়ে দেওয়ার গুঞ্জন তাই বিস্ময়ই তৈরি করেছিল। শামিমা কালও জানিয়েছেন এখনো একইভাবে মুখিয়ে আছেন তিনি দেশের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে জিএম নর্ম অর্জনের জন্য। ইউরোপের টুর্নামেন্টগুলোতে বেশি করে খেলতে চান সে কারণেই। গত বছর লিসবন ছাড়াও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন তিনি কান, লন্ডন, প্রাগ ও বুদাপেস্টে। উল্লেখযোগ্য সাফল্য নেই, তবে শামিমার বিশ্বাস এই অভিজ্ঞতাই তাঁকে দাবাড়ু হিসেবে আরো পরিণত করছে, জিএম নর্ম অর্জনে সেটাই হতে পারে গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্য ধারাবাহিকতা থাকতে হবে। দেশে ধারাবাহিক হওয়ার সেই সুযোগ নেই বলে আক্ষেপও ঝরেছে তাঁর কণ্ঠে, 'দেশে আন্তর্জাতিক মানের কোনো টুর্নামেন্ট তো হয়ই না, বাইরে গিয়ে খেলার মতো স্পন্সরও নেই। বিশ্বকাপে খেলার আগে একটা স্পন্সরের জন্য এত ঘোরাঘুরি করেছি, কিন্তু কিছু হলোই না।' বলছিলেন, লিসবনে তিনি স্থায়ী হননি, কিন্তু ঢাকায় থাকা মানেও অনিশ্চয়তার মধ্যে পড়া। নিজ খরচে কত দূর চালিয়ে যেতে পারবেন সে শঙ্কা তো আছেই।

আপাতত দেশে যত দিন আছেন স্থানীয় সবগুলো টুর্নামেন্টেই অংশ নিতে চান। এর মধ্যে জাতীয় দাবা হলে সে আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য তো আছেই।