বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ব্যবধানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬

news-image

সাফ-এ সাফল্যের পর এবার এএফসি অনূর্ধ্ব ১৬ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শক্তিশালী সৌদি আরবের কাছে ৫-১ গোলে হারলো বাংলাদেশ অনূর্দ্ধ-১৬ ফুটবল দল।
বুধবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডি গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী সৌদি আরবের মুখোমুখি হয় বাংলাদেশের কিশোররা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সৌদি আরব অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ। জয়ী দলের মিডফিল্ডার মালি দুটি এবং আলমাস নাইফ মুসা, আলবরিকান ফেরাস তারিক ও হামাদ আদান একটি করে গোল করেন। বাংলাদেশের একমাত্র গোলদাতা সারোয়ার জামান নিপু।
মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে বাংলাদেশকে প্রথমার্ধে ভালোই চাপে রাখে সৌদি আরব। তবে সপ্তম ও ২৪তম মিনিটে তৈরি করা দুটি সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেনি অতিথিরা। প্রথমে তারিকের ক্রসে আবদুল্লাজিজ সুলাইমান শট নিলেও পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর সুলাইমানের ক্রসে তারিকের শট বাইরের জালে লাগে।
চাপে থাকা বাংলাদেশ ২৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায়। মুস্তাজিব খান থেকে মোহাম্মদ হৃদয় হয়ে বক্সের মধ্যে বল পেয়ে যান নিপু। আক্রমণ রুখতে একটু এগিয়ে আসা সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ হাশেমের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশের ডিফেন্ডারদের ব্যর্থতায় ৪০তম মিনিটে সমতায় ফেরে সৌদি আরব। কর্নার থেকে উড়ে আসা বল ফিস্ট করেন বাংলাদেশ গোলরক্ষক ফয়সাল আহমেদ। এরপর অতিথি দলের এক ফুটবলারের শটও গোললাইনের ওপর থেকে ফেরান বাংলাদেশের এক ডিফেন্ডার। কিন্তু বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। দুর্বল হেড থেকে সামনে থাকা সৌদি আরবের এক ফুটবলার বল পেয়ে যান। এরপর জটলার মধ্য থেকে ফয়সালকে পরাস্ত করেন অতিথি দলের অধিনায়ক মুসা।
দুই মিনিট পর এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পায় সৌদি আরব। তারিকের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে নেমে যায় বাংলাদেশ। লম্বা পাস ধরে আক্রমণে যাওয়া তারিককে ওয়ান টু ওয়ান পজিশনে আটকাতে গিয়ে বক্সের বাইরে এসে ফাউল করে লালকার্ড পান গোলরক্ষক ফয়সাল। পরিস্থিতির দাবি মেটানোর মাশুল গুণে চোখের জলে মাঠ ছাড়েন তিনি। ফয়সালের জায়গায় বাংলাদেশের পোস্টের নিচে দাঁড়ানো নুর আলম প্রতিপক্ষের ফ্রি-কিক রুখে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন।
৫৬ তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডান দিক থেকে আক্রমণ সাজিয়ে বাংলাদেশের ডিফেন্ডারদের ঢিলেমির সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন তারিক। এর একটু পর সৌদি আরবের দুটি আক্রমণ থেকে ভাগ্যের জোরে বেঁচে যায় বাংলাদেশ।
ব্যবধান আরও বাড়িয়ে নিতে শেষ দিকে সৌদি আরবের আক্রমণভাগ মরিয়া চেষ্টা চালাতে শুরু করে। ৭৬তম মিনিটে মালির শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-১ করেন সৌদি আরবের এই মিডফিল্ডার। বক্সের মধ্যে বাংলাদেশের ইমন খান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় সৌদি আরব। এর একটু পরই মালি তার দ্বিতীয় গোলটি করেন।
শেষ দিকে অতিথি দলের এক ফুটবলারের শট নুর রুখে দেওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন হামাদ আবদান।
আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান