ফারিয়া রাজি
বাংলাদেশের শোবিজ অঙ্গনে তার পথচলা খুব বেশি দিনের নয়। তবে স্বল্প সময়ে অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। বলা হচ্ছে সময়ের সবচেয়ে আলোচিত উপস্থাপক, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথা। একসময় শুধু উপস্থাপনা ও মডেলিংয়ে সময় দিলেও এখন তার ধ্যান-জ্ঞান চলচ্চিত্রকে ঘিরে। সেটাও খুব বেশি দিনের কথা নয়। এইতো চলতি বছর যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’-তে নাম লেখিয়েছেন। শুটিং ও অন্যান্য সব কাজই শেষ করেছেন। কাজ করছিলেন প্রমোশনের। কারণ, ঈদের আগেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে মিডিয়ার এই মিষ্টি মেয়ের। এরই মধ্যে আরেকটি নতুন খবরে বেশ হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। আর তাহলো, বলিউড ছবিতে অভিনয়। শুধু কি তাই? বলিউডের সুপারহিট তারকা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে গেলেন নুসরাত। ছবির নাম ‘গাওয়া- দ্য উইটনেস’। এতে আরও অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও কলকাতার পায়েল সরকার। নুসরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয় কিছুদিন আগে ‘আশিকী’ ছবির কাজে তার ভারতে থাকাকালে।
বাংলাদেশের নায়িকা হয়ে বলিউডে পাড়ি জমাচ্ছেন তিনি। কেমন অনুভূতি তার? জানতে চাইলে নুসরাত বলেন, আমি বিষয়টি নিয়ে খুবই এক্সাইটেড। এত বড় একটি সুযোগ পাবো ভাবতেই অবাক লাগছে। সত্যিই এটা পরম সৌভাগ্য আমার জন্য। পাশাপাশি ইমরান হাশমির বিপরীতে অভিনয় করার সৌভাগ্যটা সবার হয় না। সেটা আমার হয়েছে। আমি সত্যিই আনন্দিত। সে সঙ্গে এটা যে আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ তা-ও মাথায় আছে। নিজেকে নিয়ে কখনো নার্ভাস ছিলাম না। এখনও নেই। সে জায়গা থেকে এ ছবিতে আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়ে কাজ করবো।
বলিউডে ইমরান হাশমি ‘সিরিয়াল কিসার’ হিসেবেই খ্যাত। তার ছবি মানেই অন্তরঙ্গ দৃশ্য কিংবা চুম্বন দৃশ্য। একজন বাংলাদেশী মেয়ে হিসেবে নুসরাত এ বিষয়ে কি ভাবছেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, বিষয়টি আমি খুব ইতিবাচকভাবেই নিয়েছি। আমি এখনও জানি না এ ছবির গল্প কি। কিংবা ছবিতে কিসিং কোন সিন আছে কিনা। গল্পে বা আমার চরিত্রে যদি এসব থাকে এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ছবির গল্পের জন্য ইমরান হাশমির সঙ্গে চুম্বনে আমার কোন আপত্তি নেই। আর এটাতো ছবির জন্যই করা। এ নিয়ে তেমন ভাবাভাবির কিছু নেই। আর আমি বরাবরই আমার কাজ নিয়ে পজিটিভ। আশা করছি ভাল একটা আউটপুট দিতে পারবো। মিডিয়ায় কাজের কল্যাণে এরই মধ্যে একাধিক ভাষা আয়ত্ত করে নিয়েছেন তিনি। সে জায়গায় হিন্দি তো পাশের দেশের ভাষা। তাই এটা আরও আগেই শিখে ফেলেছেন নুসরাত। তাই নির্মাতা বিষ্ণু দত্তের পরিচালনায় সামনের নভেম্বরে শুটিং শুরু হতে যাওয়া এ ছবিতে অভিনয় করতে গিয়ে বিন্দুমাত্র অসুবিধা হবে না তার জন্য। এ প্রসঙ্গে নুসরাত বলেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশ ঘুরেছি। বিশেষ করে হিন্দি ভাষা আমি অনেক আগেই রপ্ত করেছি। সাবলীলভাবেই হিন্দিতে কথা বলতে পারি। তাই এ ছবিতে অভিনয় করতে গিয়ে আমার কোন ধরনের সমস্যা হবে না বলেই আশা করছি।
মিডিয়ার এই মিষ্টি মেয়েটির পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। কন্যা রাশির জাতিকা তিনি। পরিবারে তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি মেজো। ছোটবেলা থেকেই দারুণ চঞ্চল প্রকৃতির মেয়ে নুসরাত। তার শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে। ২৫ জনের যৌথ পরিবার নিয়ে নুসরাত এখনও সেখানেই বাস করছেন। ছেলেবেলার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার এক দাদা সেনাবাহিনীতে ছিলেন। সে সুবাদেই আমরা ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে বাস করছি। আমার ছোটবেলার তেমন কোন স্মৃতি নেই। তখন একটা গণ্ডির মধ্যে আটকা থাকতে হতো। তেমন স্বাধীনতা ছিল না বললেই চলে। বিকালে সব ছেলেমেয়ে খেলাধুলা করলেও আমি তা পারতাম না। আর-দশজন সাধারণ মেয়ের চেয়ে নুসরাত একটু আলাদাই। নিজের স্বভাবসুলভ চঞ্চলতা, প্রতিভা আর তারুণ্য নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলছেন তিনি। খুব স্বল্পসময়ে লাইমলাইটে উঠে এসেছেন। আর সে প্রমাণ মিলেছে ‘আশিকী’ ছবির শুটিং শুরুর আগে সপ্তাহের ছয় দিনই নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করতে হতো তাকে। এ মুহূর্তে টিভিতে কোন অনুষ্ঠান সঞ্চালনা না করলে নুসরাত আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’ অনুষ্ঠানগুলোর জন্য দারুণ জনপ্রিয়তা পান। এ ছাড়া তিনি রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ অনুষ্ঠানটিও নিয়মিত সঞ্চালনা করেছেন। ফারিয়ার সঞ্চালিত প্রতিটি অনুষ্ঠানই দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, উপস্থাপনা করতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। এ মুহূর্তে কাজ না করায় সে জায়গাটিকে খুব মিস করি। শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন ফারিয়া। সেখান থেকে ২০১০ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি। স্কুলজীবন থেকেই বিতর্ক, নাচ, গানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। লেখাপড়ায় ভাল ছিলেন বলে শিক্ষকরাও তার কোন কাজে বাদ সাধেননি। বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থী নুসরাত।
২০১০ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘জাতীয় টেলিভিশন বিতর্ক’ প্রতিযোগিতার মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন নুসরাত। ওই বছর শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ২০১২ সালে এনটিভির ‘থার্টি ফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি নুসরাতের ক্যারিয়ারের পালে নতুন হাওয়া লাগায়। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। এরপর আর ফারিয়াকে পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি একে একে ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জ, সেন্টার ফ্রেশ বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ছোট পর্দার প্রিয়মুখ হয়ে উঠেছেন।
ক্যারিয়ারের মতো নিজের রূপচর্চায়ও বেশ যত্নশীল নুসরাত। তাই নিজের সৌন্দর্যবর্ধনের বিষয়টি সব সময় মাথায় রাখেন। মধ্যরাত পর্যন্ত শুটিং করলেও বাড়ি ফিরে ত্বকের যত্ন নিতে এতটুকু কার্পণ্য করেন না তিনি। এ ছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখতে মাছ, শাকসবজি ও ফলমূল দিয়েই খাবারের মেন্যু সাজান। শুধু তাই নয়, নিয়মিত শরীরচর্চাও করেন নুসরাত। এ প্রসঙ্গে তিনি বলেন আমি নিজের ত্বক ও শরীর নিয়ে সব সময়ই সচেতন। ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’- এ প্রবাদটি সবসময় মেনে চলি। তাই নিজের রূপচর্চায় যত্ন নিই। এ ব্যাপারে এতটুকু ছাড় দিই না।











