শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের হৃদয় জাগায় দরুদ

news-image


 
জাবালে নূর
পবিত্র কোরআনের সূরা তি্বনের চার নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। ১৮ হাজার মাখলুকাতের মধ্যে পবিত্র কোরআনের ঘোষণা মতে, মানুষ সবচেয়ে বেশি সুন্দর। তার চেয়ে বেশিগুণ সুন্দর হজরত মুহাম্মদ (সা.) এর দৈহিক গঠন, জীবন ও চরিত্র। তিনি নবী ও রাসুলদের সর্বশ্রেষ্ঠ। ১০৫ খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন হজরত মুহাম্মদ (সা.) এর ওপর নাজিল হয়েছে। উম্মত হিসেবে তা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। হজরত মুহাম্মদ (সা.) কে সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ কোরআনে আমাদের নির্দেশ করেছেন। সূরা ফাতাহ এর ৮ ও ৯ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'আমি আপনাকে (নবী) প্রেরণ করিয়াছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আন এবং তোমরা রাসুলকে শক্তি জোগাও, তাঁহাকে সম্মান করো।' সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁহার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মোমিনরা! তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো ও তাঁহাকে যথাযথভাবে সালাম জানাও।'


সূরা আলাম নাশরাহর ৪ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, 'আমিই আপনাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি।' পবিত্র কোরআনের বর্ণনামতে, 'আল্লাহ সুবহানাহু তায়ালা স্বয়ং রাসুলের আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন।' সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।' হজরত মুহাম্মদ (সা.) কে সব সৃষ্টির জন্য রাহমাতুলি্লল আলামিন হিসেবে আল্লাহ সুবহানাহু তায়ালা দুনিয়াতে পাঠিয়েছেন। হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ মাছ, গাছ, নদনদী, পাহাড়, সমুদ্র, ফলফলাদি, বিয়েশাদি, সন্তান গর্ভধারণ, লালনপালন থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যার বর্ণনা কোরআনে নেই। সূরা কামারের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 'আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে উপদেশ নেয়ার মতো কেউ কি আছে?'


সূরা আন নিসার ৮০ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'যে হজরত রাসুল (সা.) এর আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। হাদিস শরিফে তাগিদ দেয়া হয়েছে, যে ব্যক্তি জান্নাতে এবং হাশরের মাঠে হজরত রাসুল (সা.) এর সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করে সে যেন বেশি বেশি দরুদ পাঠ করে।' সুনানে তিরমিজির কায়রো সংস্করণের ৩৯৫৭নং হাদিসে বলা হয়েছে, 'আগুন সেই মুসলিমকে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে।' অন্য হাদিসে এসেছে, 'যে বেশি বেশি দরুদ পাঠ করবে হজরত রাসুল (সা.) এর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। স্বপ্নযোগে হজরত রাসুল (সা.) এর দিদার নসিব হবে। আর যে নবী মুহাম্মদ (সা.) এর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করে না সে হজরত রাসুল (সা.) এর প্রতি বখিলতা বা কৃপণতা প্রদর্শন করল।'


মেশকাত ও বায়হাকি শরিফে উল্লেখ করা হয়েছে, হুজুর আকরাম (সা.) এরশাদ করেন, 'যে ব্যক্তি আমার কবরের কাছে দাঁড়িয়ে আমার ওপর দরুদ পাঠ করে আমি তা শুনে থাকি আর যে ব্যক্তি দূর থেকে আমার ওপর দরুদ পড়ে থাকে তা আমার কাছে পেঁৗছানো হয়।' হজরত রাসুল (সা.) আরও এরশাদ করেন, 'আল্লাহ তায়ালা আমার কবরের ওপর এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যে সব মাখলুকের কথা শোনাবার ক্ষমতা রাখে। যে ব্যক্তি আমার ওপর দরুদ শরিফ পাঠ করবে সেই ফেরেশতা দরুদ পাঠকারী এবং তার পিতার নাম উল্লেখ করে বলেন, হে রাসুল (সা.)! অমুক ব্যক্তির সন্তান আপনার ওপর দরুদ শরিফ পাঠ করেছেন।'


পবিত্র কোরআনের সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে বলা হয়েছে, রাসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো মনে করবে না। আমরা যেন রাসুল (সা.) কে সম্মান প্রদর্শনের ব্যাপারে উদাসীন না হই সেজন্য সূরা নূরে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সতর্ক করেছেন । উম্মত হিসেবে রাসুল (সা.) এর ওপর দরুদ পড়া একান্ত অপরিহার্য।


আমাদের কেউ যদি রাসুল (সা.) ওপর দরুদ না পড়ি তাতে রাসুল (সা.) এর সম্মান ও মর্যাদার বিন্দুমাত্র ঘাটতি হবে না। পবিত্র কোরআনের ঘোষণা মোতাবেক, রাসুল (সা.) বিশ্ব নবী, সুসংবাদদাতা, নবীদের সরদার হিসেবেই থাকবেন। আমাদের কর্তৃক সম্মান প্রদর্শনের আগে আল্লাহ সুবহানাহু তায়ালা নিজেই তাঁর হাবিব (সা.) কে সম্মান জানিয়ে হজরত রাসুল (সা.) এর সুমহান মর্যাদা নিশ্চিত করে রেখেছেন। আমরা যেন রাসুল (সা.) এর ওপর দরুদ পড়ার ক্ষেত্রে গাফেল না হই সেজন্য আল্লাহ সুবহানাহু তায়ালা আজান, একামত, পাঞ্জেগানা নামাজ, জানাজার নামাজ সবক্ষেত্রে দরুদকে নিয়ম করে দিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে, 'যে নামাজ পড়ল আর যে নামাজ পড়ল না সে কি একই রকম?' কখনও না। তদ্রূপ যে ব্যক্তি রাসুল (সা.) এর সম্মানার্থে দরুদ পড়ল, আর যে ব্যক্তি দরূদ পড়ল না সে কি একই রকম? কখনও না। পবিত্র কোরআনের সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে।'


দরুদ পাঠের মাধ্যমে মোমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি পায়। নবীর আলোচনা মুসলমানের হৃদয়কে জাগ্রত করে। দরুদ পাঠের মাধ্যমে রাসুল (সা.) এর ওপর আনুগত্য প্রকাশ করা হয়। যে কোনো দোয়া পাঠের আগে এবং দোয়া পাঠ শেষে দরুদ পাঠ করলে আল্লাহ খুশি হয়ে বান্দার প্রার্থনা কবুল করেন।


দুনিয়াতে কেউ কোনো সাহায্য করলে আমরা ধন্যবাদ জানানোর জন্য অস্থির হয়ে যাই। অথচ যে রাসুল (সা.) এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তায়ালা রহমত হিসেবে আমাদের মহাগ্রন্থ আল কোরআন দান করলেন তাঁর ওপর দরুদ পাঠ করব না উম্মত হিসেবে তা কীভাবে সম্ভব। হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি যার ভালোবাসার পরিমাণ বেশি তার ঈমানের দৃঢ়তা তত বেশি। দরুদ পাঠ করা আমাদের ঈমানি দায়িত্ব। কালেমা তাইয়্যেবা পাঠের সময় রাসুল (সা.) এর নাম উচ্চারণ যেমন বাধ্যতামূলক, তেমনি মুসলমানের ঈমানি শক্তি বৃদ্ধি করতে হলে দরুদ পাঠ করা অপরিহার্য।