মন্ত্রী-সচিব দ্বন্দ্ব ধর্ম মন্ত্রণালয়ে
প্রকাশ্যে রূপ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিব দ্বন্দ্ব। হজ ও ওমরা লাইসেন্স প্রদান এবং ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গত প্রায় এক বছর ধরেই তাদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। সম্প্রতি মন্ত্রীর দফতর থেকে এ ব্যাপারে একাধিক চিঠি ইস্যুর পরপরই সেটি প্রকাশ্য রূপ নেয়। এতে অভিযোগ করা হয়, মন্ত্রীর অনুমোদন ছাড়া সচিব নিজেই বেশ কয়েকটি নথি নিষ্পত্তি করেছেন, যা রুলস অব বিজনেসের পরিপন্থী।
বিদ্যমান পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। এতে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। জানতে চাইলে ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান শনিবার টেলিফোনে যুগান্তরকে বলেন, ওটা কিছু নয়। মন্ত্রীর সঙ্গে আমার দ্বন্দ্ব থাকবে কেন? তবে কাজ করতে গেলে অনেক সময় মতের অমিল হতেই পারে। মন্ত্রীকে ছাড়াই অনেক নথি নিষ্পন্ন করা হয়েছে- মন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, এটা কোনো কথা নয়। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এদিকে ১৬ আগস্ট সচিব বরাবরে দেয়া ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়- এখন হতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাসমূহের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল নথি অবশ্যই আমার একান্ত সচিবের মাধ্যমে উপস্থাপন করে অনুমতি নিতে হবে। সরাসরি কোনো নথি আমার কাছে উপস্থাপন করা যাবে না। এর আগে অনেক নথি সিদ্ধান্তের জন্য আমার কাছে উপস্থাপন করা হয়নি; যা রুলস অব বিজনেসের পরিপন্থী। এ নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটানো হলে সংশ্লিষ্টগণের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুসন্ধানে জানা গেছে, ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানের ওপর আওয়ামী লীগের একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্যের আশীর্বাদ রয়েছে। যার কারণেই তিনি মন্ত্রী বা মন্ত্রণালয়ের কাউকেই তোয়াক্কা করেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা যুগান্তরের কাছে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ধর্ম মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একটি অসাধু চক্র হজ ও ওমরা লাইসেন্স প্রদান এবং ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগসহ বিভিন্ন কাজ নিয়ে মন্ত্রণালয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে গত বছর বিভিন্ন মিডিয়ায় একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়। পরিস্থিতি সামাল দিতে গত বছরের ৫ নভেম্বর ধর্মমন্ত্রীর নির্দেশে তার দফতর থেকে সচিবসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একটি চিঠি ইস্যু করা হয়। মন্ত্রীর একান্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়- ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ করে হজ এবং ওমরা লাইসেন্স প্রদান, হজযাত্রীদের ওষুধ ক্রয়, কীটব্যাগ কব্জি বেল্ট, বিমানে টিকিট সংক্রান্ত বিল, ওয়াকফ ও ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ এবং এ সংক্রান্ত বিবিধ বিষয় সম্পর্কিত নথিপত্র অনুমোদনের জন্য মন্ত্রী মহোদয়ের নিকট উপস্থাপন করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রায় একই সুরে বলেন, আমরা আছি ভয়ে। কারণ সচিব যা বলেন, মন্ত্রী তার উল্টো নির্দেশ দেন। আমরা শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে রয়েছি। তারা জানান, সম্প্রতি জাতীয় সংসদে বাজেট বক্তৃৃতায় ধর্মমন্ত্রীর হাতে ভুল নথি ধরিয়ে দেয়া হলে তিনি ভুল তথ্য উপস্থাপন করতে থাকেন। পরে স্পিকার মাইক বন্ধ করে দেন। এতে সংসদে হাসাহাসি শুরু হয়। বিব্রত মন্ত্রীকে ভুল বোঝানো হয় এ জন্য দায়ী ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) ফয়জুর রহমান ফারকী। কারণ তিনিই এ ভুল ফাইল সরবরাহ করেছেন। এ কারণে তাকে ওএসডি করার আধা সরকারি পত্র দেন ধর্মমন্ত্রী। অথচ এ জন্য ওই কর্মকর্তা মোটেও দায়ী ছিলেন না। জাতীয় সংসদে মন্ত্রীকে সময়মতো সঠিক নথিপত্র দেয়ার দায়িত্ব মন্ত্রীর দফতরের কর্মকর্তাদের। উন্নয়ন বরাদ্দ সংশ্লিষ্ট নথিপত্র সঠিকভাবে সরবরাহ করা হলেও মন্ত্রীর দফতরের কর্মকর্তার ভুলের কারণে এমনটি হয়েছিল। তারা আরও জানান, সচিবের পছন্দের কর্মকর্তা হওয়ায় তার ওপর এ অপবাদ দেয়া হয়। পরে তদন্তে আসল ঘটনা উদঘাটন হলে ওই কর্মকর্তাকে অন্য শাখার দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান বলেন, মন্ত্রীর দফতরের একজন কর্মকর্তার ভুল চাপিয়ে দেয়া হয় উপসচিবকে (হজ)। আমি বিষয়টি তদন্ত করে আসল তথ্য উদঘাটন করি। এভাবে অনেক বিষয়ে মন্ত্রীকে ভুল বোঝানো হয়।
অনুসন্ধানে জানা গেছে, চলতি বছর হজ যাত্রীদের ব্যাগ (ট্রলি) সরবরাহ করা নিয়েও মতবিরোধ দেখা দেয় মন্ত্রী ও সচিবের মধ্যে। হজ প্যাকেজ অনুযায়ী এ ট্রলি সরবরাহের কথা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর। কিন্তু তা সত্ত্বেও হজযাত্রীদের জন্য এক লাখ ২ হাজার ট্রলি তৈরি করতে দরপত্র আহ্বান করে ধর্ম মন্ত্রণালয়। ১৭ কোটি টাকার এ কাজ নিয়েও ধর্মমন্ত্রী ও সচিবের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে টেন্ডার বাতিল করে হজযাত্রীদের এবারও নিুমানের ট্রলি সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এছাড়া ওমরার নামে মানব পাচারের অভিযোগে ২২ মার্চ বাংলাদেশের ওমরা ভিসা বন্ধ করে দেয় সৌদি সরকার। একাধিকবার চিঠি দিয়ে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তাগিদ দেয় সৌদি সরকার। এ সময় মন্ত্রী মানব পাচার আইনে এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও সচিব ওমরা নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে মত দেন।











