সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা
অনলাইন ডেস্ক : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ সরকার। নথিটি হাতে পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক করেছিল। তবে এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কেউ সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। বিচারিক রায়ের কপি পাওয়ার পর নিহতদের পরিচয় এবং তাঁদের মধ্যে পারিবারিক বা অন্য কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে অনেক বাংলাদেশি বন্দি রয়েছেন। তাঁদের তালিকা নিয়মিতভাবে বাংলাদেশকে পাঠানো হয়। বর্তমানে মন্ত্রণালয় এসব তথ্য যাচাই করার পাশাপাশি সংশ্লিষ্ট বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
তিনি বলেন, বিচারিক নথি হাতে পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো যাবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি, যখন অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব দেশ ছেড়ে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাকে তিনি সময়ের অপচয় বলেও মন্তব্য করেন।










