কাল তিতাসে নৌকা বাইচ : টেনশন নৌকা নিয়ে
আমিরজাদা চৌধুরী: বড় আয়োজন । হয়েছে মুল কমিটি,অনেক উপ-কমিটি। সরকারী-বেসরকারী মিলিয়ে এসব কমিটির সদস্য সংখ্যা দেড়-দুশো হবে। তিতাসের বুকে নৌকা বাইচ আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পড়েছে তাদের সবার কাধেই । তবে আয়োজক হিসেবে জেলা প্রশাসন আর ক্রীড়া সংস্থার কর্তাব্যাক্তিদের ব্যতিব্যস্ততা একটু বেশীই। লাখ ১২-১৫ টাকা বাজেটের এ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করতে হচ্ছে দফায়-দফায় বৈঠক। উৎসাহ-উদ্দীপনার অভাব নেই। সবই ঠিক আছে। দু:শ্চিন্তা শুধু বাইচের আকর্ষন নৌকা নিয়ে। নৌকা জোগারের দায়িত্ব যাদের টেনশন শুধু তাদেরই। এমন একজন এডভোকেট মো: ইসহাক। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বাইচ নিয়ে করা সাংবাদিক সম্মেলনে তার দেয়া বক্তব্যে উঠে আসে নৌকাবাইচের হালদশার আরেকদিক। বাইচের নৌকা সংকট,বাইচে অংশগ্রহনে নৌকার মালিকদের অনাগ্রহের কারন তুলে ধরেন তিনি। দেন নৌকা ম্যানেজে তাদের চেষ্টা আর কষ্টের সংক্ষিপ্ত বিবরন । ইসহাক বলেন- নৌকা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তারপরও তারা ১০ টি নৌকা ম্যানেজ করতে পেরেছেন। আরো বেশী নৌকা আনা যায় কিনা সে চেষ্টাও করে যাচ্ছেন । তবে যে নৌকাগুলো ঠিক করা হয়েছে তারা যেন অনুপস্থিত না থাকে জেলা প্রশাসকের কাছে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন তাহলে আমাদের সবকষ্টই বৃথা হবে। বাইচে যদি নৌকা না আসে তাহলে দেশের মানুষের কাছে আমাদের কোন ইজ্জত থাকবেনা। তার বক্তব্যের পরই জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন- আপনাকে নিয়েই আমাদের অনেক স্বপ্ন। এতো আয়োজন করলাম,এতো কিছু করলাম-নৌকা যদি না আসে তাহলেতো হলোনা। আপনাকে আরো চেষ্টা করতে হবে। প্রশাসন এব্যাপারে আপনাকে সহযোগিতা করবে।
এডভোকেট মো: ইসহাক পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম কে জানান- জেলার বাইরের নৌকা আনার চেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। কিশোরগঞ্জের নিকলী ও সুনামগঞ্জের শাল্লা-দিরাইয়ে তারা নৌকার জন্যে যোগাযোগ করেছিলেন। কিন্তু সেখানকার নৌকা আসতে রাজী হয়নি। জেলা প্রশাসন থেকে সেখানকার প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে নৌকার মালিকদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু তারা অনাগ্রহ দেখিয়েছে। তারা বলেছে বাইচে নৌকা নিয়ে আসলে তাদের ৫০/৬০ হাজার টাকা খরচ আছে। কিন্তু আমরা তাদের যে সম্মানী দিচ্ছি তাতে তাদের পোষাবেনা। তাছাড়া পুরস্কার বিবেচনায় পোষাবেনা বলেও তারা আগ্রহী হয়নি। আমরা এইবার পুরস্কার হিসেবে ৩ টি ফ্রিজ দিচ্ছি। যদি মোটরসাইকেল বা আরো বড় পুরস্কার দিতে পারতাম তাহলে ঠিকই তারা আসতো। তবে নৌকা কমে যায়নি বলেও দাবী করেন তিনি। বলেন অন্যান্য জেলার চেয়ে আমাদের এখানে নৌকা বেশী। ১০ টি নৌকাতো এ জেলারই। তাহলে কম কি ? আগামীকাল শনিবার তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি শশ্মানঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত সীমানায় হবে এই নৌকাবাইচ। এ বাইচে জেলার ১০ টি নৌকা অংশ নেবে বলে নিশ্চিত হয়েছেন আয়োজকরা। এই নৌকাগুলো হচ্ছে নাসিরনগরের হরিপুরের ফারুক চেয়ারম্যানের নৌকা,কসবার বাদৈরের নৌকা,ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল,দত্তখোলা,সরাইলের বুড্ডা বয়েজ ক্লাব,কুচনী বয়েজ ক্লাব,শাহবাজপুরের আরজ মেম্বারের ও লম্বাহাটির নৌকা,বিজয়নগরের কেনা একতা বয়েজ ক্লাবের ও শ্যামপুরের নৌকার নাম রয়েছে বাইচের প্রতিযোগি হিসেবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু জানান-গত বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো ১২ টি নৌকা। এবার তারা ছোট নৌকা এলাউ করছেননা। সেজন্যে নৌকা বেশী হয়নি। ৬০ মাঝির নিচে কোন নৌকা নেয়া হচেছনা। নৌকা বাইচটি স্পন্সর করছে গ্রামীনফোন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন- বাইচের সময় বাইচের সীমানায় প্রশাসনের অনুমোদিত নৌকার বাইরে কোন নৌকা চলতে দেয়া হবেনা। বছর তিনেক আগে বাইচের সময় একটি দূর্ঘটনা ঘটেছিলো, তখন একটি বাচ্চা মারা গিয়েছিলো। তাই এদিকটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ যাতে সুশৃঙ্খলভাবে বাইচ উপভোগ করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা যেন কোন হয়রানীর শিকার না হয়। তিনি আরো বলেন বাইচে থাকা নৌকাগুলো একটি আরেকটিকে ঘায়েল করতে এক নৌকা থেকে আরেক নৌকায় মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এবিষয়টি আমাদের জানা আছে। এজন্যেও আমরা সাবধানতা অবলম্বন করবো। এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাদ ছাল্লাল, গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার মোজাম্মেল হক মোল্লা,প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মনজুরুল আলম,এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন প্রমুখ।











