গরু নিয়ে দুশ্চিন্তা নেই
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর ঘাটতি মেটাতে ভারতসহ মিয়ানমার, নেপাল, ভুটান ও পাকিস্তান থেকেও এবার গরু আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার সীমান্তপথে গত এক সপ্তাহ ধরে গরু আসার সংখ্যা বাড়ছে। কোরবানির জন্য এবার দেশীয় গরু মোটাতাজাকরণের সংখ্যাও অন্যান্য বছরের চেয়ে কয়েক লাখ বেশি করা হয়েছে। ফলে বিশেষ করে কোরবানির গরু নিয়ে মানুষের যে দুশ্চিন্তা রয়েছে সেটা কেটে যাবে। কোরবানির চাহিদা অনুযায়ী দেশের হাটগুলোতে পর্যাপ্ত গরু থাকবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে মিয়ানমার থেকেও গরু আসা শুরু হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোরবানির পশুর সংকট নিরসনে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় কোরবানির গরু সংকট দূর হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গরু ও ইলিশ- এই দুটো অপ্রচলিত পণ্য রফতানিতে দুই দেশেই সরকারিভাবে নিষেধাজ্ঞা বহাল আছে। তবে বাণিজ্যিক কূটনীতিতে এ নিয়ে দু'দেশের মধ্যে একটি অনানুষ্ঠানিক ও অলিখিত সমঝোতা হয়েছে।
পবিত্র কোরবানির জন্য গরু আসছে, আর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যেতে শুরু করেছে পদ্মার ইলিশ। গত এক সপ্তাহ ধরে বৈধ ও অবৈধ উভয় প্রক্রিয়ায় সীমান্তপথে শুরু হয়েছে গরু-ইলিশের বাণিজ্য। ঈদের গরুর হাট বসা শুরু হলে সবার কাছে তা স্পষ্ট হবে বলে জোর দিয়ে বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এসব ইতিবাচক উদ্যোগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অনেকটা জোর দিয়েই বলেছেন, কোরবানির পশুর কোনো সংকট হবে না।
এদিকে আসন্ন ঈদুল আজহায় কোরবানির গরু সরবরাহ 'অনেক কম হবে', এবার ভারতীয় গরু আসছে না_ এ রকম প্রচারণা চালাচ্ছে কয়েকটি চক্র। আতঙ্ক ও গুজব ছড়িয়ে আগেভাগে গরু কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে এ চক্রটি।
অনুসন্ধানে জানা গেছে, ভারত সরকারের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় থাকলেও যুগ যুগ ধরে চলে আসা গরু বাণিজ্য এবারও শিথিল হচ্ছে। বাংলাদেশ-ভারত উভয় সরকারের ইতিবাচক মনোভাব ও পদক্ষেপের ফলে কড়াকড়ি সত্ত্বেও গরু বাণিজ্য এবারও চলবে। যদিও ভারতীয় খামারিদের বিরাট একটি অংশ তাদের উৎপাদিত গরু ঈদের সময়টায় বাংলাদেশে বিক্রি করার ওপর নির্ভরশীল। ভারত থেকে গরু আমদানির জন্য সীমান্তের ৩১টি করিডোর এলাকায় আগের কঠোর অবস্থান কিছুটা শিথিল করেছে বিএসএফ। গত কয়েক দিনে দেশের বিভিন্ন সীমান্তপথে প্রায় দেড় লাখ গরু বাংলাদেশে প্রবেশ করেছে। ঈদ ঘনিয়ে এলে গরু আমদানি আরও বাড়বে বলে আশা করছেন ব্যাপারিরা। ঈদ সামনে রেখে সীমান্ত এলাকায় ভারতের ব্যবসায়ীরা গরু এনে জড়ো করছেন। যদিও অন্যান্য বছরের মতোই এবারও দু'পারেই গরু না আনার জন্য মাইকে সতর্ক করা হচ্ছে। গরু নিয়ে অনানুষ্ঠানিক এ বাণিজ্যকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই যাতে বিজিবি ও বিএসএফের মধ্যে ভুল বোঝাবুঝি ও গোলাগুলির ঘটনা না ঘটে সে বিষয়েও সতর্ক রয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়।
গত মার্চে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা সফর করে গরু চোরাচালান বন্ধের ব্যাপারে কঠোর হুঁশিয়ারির পর ভারত থেকে গরু আসা প্রায় বন্ধ হয়ে যায়। চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাংলাদেশে বেড়ে যায় গরুর মাংসের দাম। গত ৬ জুন ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের পর থেকেই সীমান্তে কঠোর অবস্থা শিথিল হতে শুরু করে। মাস তিনেকের কড়াকড়ির পর ঈদ সামনে রেখে শিথিল হয়েছে বিএসএফের নজরদারি, আর বাড়তে শুরু করেছে গরু আমদানি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গরু ও ইলিশ- এই দুটো অপ্রচলিত পণ্য রফতানিতে দুই দেশেই সরকারিভাবে নিষেধাজ্ঞা বহাল আছে। তবে সম্প্রতি বাণিজ্যিক কূটনীতিতে এ নিয়ে দু'দেশের মধ্যে একটি অনানুষ্ঠানিক ও অলিখিত 'সমঝোতা' হয়েছে। গত এক সপ্তাহ ধরে বৈধ ও অবৈধ উভয় প্রক্রিয়ায় সীমান্তপথে শুরু হয়েছে গরু-ইলিশের বাণিজ্য। উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার সীমান্তপথে গত এক সপ্তাহ ধরে ভারত থেকে গরু আসার সংখ্যা বাড়ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুটখালি ও সাতমাইল পশু হাটে ফিরছে কোলাহল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে প্রতিদিন এক হাজারের বেশি গরু আসছে। গত ১৫ দিনে ৫০ থেকে ৭০ হাজারের বেশি গরু এসেছে দেশের দক্ষিণাঞ্চলের যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও উত্তরের নওগাঁ সীমান্তপথে। গত জুন মাসে যশোরের নাভারন করিডোর দিয়ে দুই হাজার ৭২৩টি গরু দেশে আনার অনুমোদন নেওয়া হয়। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৩৭৬টি। আর চলতি মাসের প্রথম ২ দিনে এই করিডোর দিয়ে গরু এসেছে ৮৭২টি। গত ১০ দিন ধরে রাতে বসিরহাট সংলগ্ন ইছামতী, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পানিপথে হাজার হাজার গরু ভাসিয়ে আনা হচ্ছে।
ঈদুল আজহায় মোট কত সংখ্যক পশু কোরবানি হয় তার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, ঈদের পর চামড়া গণনায় দেখা যায়, গত বছর ৩৬ লাখ গরু কোরবানি হয়েছিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশে প্রতি বছর কোরবানির গরুর চাহিদা তৈরি হয় সর্বোচ্চ ৪০ লাখের মতো। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন গরুর সংখ্যা দুই কোটি ৮৬ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ গাভী। প্রাণিসম্পদ অধিদপ্তর ও মাংস ব্যবসায়ীদের হিসাবে, দেশে বছরে ১ কোটি ৪০ লাখের মতো গরু ও মহিষ জবাই হয়। এর ৬০ শতাংশই হয় কোরবানির ঈদে। কোরবানির জন্য এবার ৩০ লাখ গরু ও ৬৯ লাখ ছাগল-ভেড়া ও মহিষ রয়েছে।
অভ্যন্তরীণ চাহিদার শতকরা প্রায় ৯০ শতাংশ নিজস্ব উৎপাদন থেকে আসছে। তবে কোরবানির সময় এটি মোট চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ ঘাটতি থাকে। যুগ যুগ ধরে ভারতীয় গরুতে তা পূরণ হয়ে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, এ বছরও তার ব্যতিক্রম হবে না। কোরবানির হাটগুলোতে চাহিদা অনুযায়ী গরুর সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের ব্যাপক উদ্যোগ আছে। শেষ পর্যন্ত গরুর কোনো সংকট থাকবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিজিবির হিসাব অনুসারে, প্রতি বছর গড়ে ২০ লাখ গরু ভারত থেকে আনা হয়। এ খাতে লেনদেনের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। সরকারি হিসাবে, ২০১৪ সালে গরু এসেছে ২০ লাখ ৩২ হাজার। ২০১৩ সালে আসে ২৩ লাখ ৭৪ হাজার। গত বছর অনলাইনে কোরবানির ঈদের গরু বিক্রেতা 'হাম্বা ডটকম'-এর সিইও জামিল হোসাইন সমকালকে বলেন, কম করে হলেও কোরবানির জন্য দেশীয় গরু আছে ৩০ লাখ। তবে এবার দেশে কোরবানির জন্য প্রয়োজন হতে পারে সর্বোচ্চ ৪০ লাখ গরু। অর্থাৎ প্রয়োজন আরও ১০ লাখ। দেশীয় গাভী ও ভারত থেকে আসা স্বল্প সংখ্যক গরু দিয়ে আরও ৫ লাখ চাহিদা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। বাকি থাকে মাত্র ৫ লাখের সংকট। ভারত থেকে যদি শেষ পর্যন্ত গরু নাও আসে, তাহলে নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে গরু এনে এ ঘাটতি পূরণ সম্ভব হবে। কারণ এখনও হাতে ২০ দিনের বেশি সময় রয়েছে। ফলে কোরবানির গরুর সংকটের প্রচারণার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সভায় বলেছেন, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, আসন্ন ঈদে ভারত থেকে গরু না এলেও কোরবানির পশুর কোনো সংকট হবে না। তিনি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবের উদৃব্দতি দিয়ে জানান, দেশে কৃষকের ঘরে বিক্রির উপযোগী ৩৪ লাখ গরু-মহিষ ও ৭৯ লাখ ভেড়া-ছাগল রয়েছে, যা প্রস্তুত আছে কোরবানির জন্য।
গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেছেন, 'আসন্ন কোরবানির ঈদে পশু সংকটের কোনো আশঙ্কা নেই। চাহিদা অনুযায়ী ঘাটতি থাকা ১০ লাখ পশু আনা হবে অনানুষ্ঠানিক বাণিজ্যের মাধ্যমে। আর এ প্রক্রিয়া দ্রুতই শুরু হবে।'
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় সমকালকে বলেন, কোরবানির পশুর সংকট কাটাতে এবার পর্যাপ্ত সময় নিয়ে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। আশা করি, কোনো সংকট হবে না। ৩০ লাখ গরু ও ৬৯ লাখ ছাগল কোরবানির জন্য প্রস্তুত। তিনি বলেন, এবার আগেভাগেই খামারিরা জানতে পেরেছেন_ ভারতীয় গরু আসবে না। তাই তারা ভালো দামের আশায় গরু মোটাতাজাকরণ বাড়িয়ে দিয়েছেন। ফলে দেশীয় জোগান এবার অন্যান্য বছরের চেয়ে কমপক্ষে দুই থেকে তিন লাখ গরু বেশি বাজারে উঠবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে গরুর খামার রয়েছে ৫০-৬০ হাজার। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় গড়ে ৫০-৭০টি ছোট ছোট খামার গড়ে উঠেছে। কোথাও কম আবার কোনো উপজেলায় বেশি খামার রয়েছে। এসব খামারের মালিকরা মূলত মৌসুমি ব্যবসায়ী। ঈদ সামনে রেখে এসব ব্যবসায়ী খামারে দুই থেকে সর্বোচ্চ পাঁচটি গরু পালন করেন। ভারতীয় গরু আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক নামমাত্র সুদে (৫ শতাংশ) গরু পালনে উৎসাহী চাষিদের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী বছর থেকে নিজস্ব উৎপাদন থেকেই দেশে গরুর চাহিদা মিটবে বলে ধারণা করা হচ্ছে।











