২২ বছর পর লঙ্কার মাটিতে সিরিজ ভারতের
অমিত মিশ্রর বলে নুয়ান প্রদীপ এলবিডব্লিউর শিকার হওয়ার সঙ্গে সঙ্গে নিভেই গেল শ্রীলঙ্কার আশার প্রদীপ। আনন্দে মেতে উঠল গোটা ভারতীয়-শিবির। উদ্যাপনের মুহূর্তে সতীর্থের কাছ থেকে একটি স্টাম্প চেয়ে নিলেন বিরাট কোহলি। এ স্টাম্পের মূল্য অনেক, এ স্টাম্প যে ইতিহাসের স্মারক। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে ও মহেন্দ্র সিং ধোনির দল যা পারেনি। কোহলির দল সেটা পেরেছে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কাকে ১১৭ রানে হারিয়ে ২২ বছর পর লঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত।
শুধু তা-ই নয়, চার বছর পর এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত। সর্বশেষ, ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১-এর জুনে। এর মাঝে তারা খেলেছে সাতটি সিরিজ। এর মধ্যে ছয়টিতেই হার। ড্র কেবল গত জুনে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের সিরিজে। কোহলির অধীনে এ যেন ভারতের নতুন যুগের সূচনা।
ওয়ানডে, টি-টোয়েন্টির এই ধুমধাড়াক্কার যুগে অনেক দিন পর ক্রিকেটপ্রেমীরা একটা দুর্দান্ত টেস্টই দেখল। কথার লড়াই, পেসারদের আগ্রাসন, ব্যাটসম্যানদের পাল্টা জবাব-কী ছিল না এ টেস্টে! তবে খণ্ড খণ্ড লড়াইয়ে জিতে শেষ অবধি ম্যাচটা নিজেদের করে নিল ভারত।
চতুর্থ ইনিংসে ৩৮৬ রান তাড়া করা কঠিন হলেও অসম্ভব ছিল না। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৬৭ রান তোলা কাজটা ভীষণ কঠিনই হয়ে দাঁড়াল শ্রীলঙ্কার জন্য। সকালে স্কোরবোর্ডে মাত্র ৭ রান যোগ হতেই ফিরে গিলেন কৌশল সিলভা। এর পর অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৩ রান যোগ করে ফিরে গেলেন লাহিরু থিরিমান্নে। ভারত যখন জয়ের সুভাস পেতে শুরু করেছে, তখনই দেয়াল হয়ে দাঁড়ালেন ম্যাথুস ও কুশল পেরেরা। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এল ১৩৫ রান। ম্যাথুস-পেরেরার ব্যাটিং বেশ কিছুক্ষণের জন্য স্নায়ুর চাপে ফেলেছিল ভারতীয় দলকে। কোহলিদের চেহারায় তখন ভর করেছে উদ্বেগ, ২২ বছর পর সিরিজ জয়ের স্বপ্ন আবার ভারত মহাসাগরে না ভেসে যায়! এর মধ্যে লঙ্কান দলপতি তুলে নিলেন সপ্তম টেস্ট সেঞ্চুরি। সঙ্গী কুশল প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও করলেন ফিফটি। টেস্টে দ্বিতীয় লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে অভিষেকের দুই ইনিংসেই ফিফটি এল কুশলের ব্যাট থেকে।
৭০ রান করা কুশলকে রোহিত শর্মার ক্যাচ বানিয়ে হারিয়ে যাওয়া হাসিটা আবারও ফিরিয়ে আনলেন রবিচন্দ্রন অশ্বিন। কিছুক্ষণ পর ফিরে গেলেন সংশপ্তক হয়ে ওঠা লঙ্কান দলপতি ম্যাথুসও। ম্যাথুস-কুশলের প্রতিরোধ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে শীতের ঝরা পাতার মতো ঝরে পড়ল শ্রীলঙ্কার শেষ কটি উইকেট। শেষ ২৬ রানেই নেই অবশিষ্ট ৫ উইকেটে। এই পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ডানহাতি স্পিনারের দখলে গেছে চার উইকেট। লঙ্কানদের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে জরিমানা গোনা ইশান্ত শর্মার দখলে তিন উইকেট। ম্যাচসেরা হয়েছেন ভারতের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা। আর সিরিজ সেরা হয়েছেন ২১ উইকেট নেওয়া অশ্বিন।
ম্যাচ শেষে কোহলির নেতৃত্বে মাথা উঁচু করে মাঠ থেকে বেরিয়ে এল ভারত-শিবির। সবার চোখেমুখে ঠিকরে বেরোচ্ছিল বিজয়ের গৌরব। ইতিহাসের রচয়িতাদের চেহারা বুঝি এমনই হয়!











