শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও চুরি ঠেকাবে ফেসবুকের নতুন টুলস

news-image

সাম্প্রতিক সময়ে এসে ফেসবুকে ভিডিওর ব্যবহার অনেক বেড়ে গেছে। একইসাথে ফেসবুকে নকল ভিডিওর ব্যবহারও অনেক বেড়েছে। ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইটে আগে থেকেই থাকা ভিডিওগুলো ফেসবুকে আপলোড হয়ে চললেও এগুলোর বিরুদ্ধে শক্তিশালী কোনো ব্যবস্থা গ্রহণের সুবিধা এতদিন পর্যন্তও ছিল না ফেসবুকে। এর জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ফেসবুককে। অবশেষে ফেসবুক জানিয়েছে তারা এমন ধরনের ভিডিও চুরির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে যাচ্ছে। ভিডিও চুরি ঠেকাতে তারা বিশেষ ধরনের টুলস অবমুক্তির ঘোষণাও দিয়েছে। ‘ভিডিও ম্যাচিং’ প্রযুক্তির মাধ্যমে তারা ফেসবুকে প্রতিদিন আপলোড হওয়া লাখ লাখ ভিডিও পর্যালোচনা করতে পারবে এবং নকল ভিডিওগুলোকে সফলভাবে শনাক্ত করতে পারবে। এক ব্লগপোস্টে নতুন এই উদ্যোগ প্রসঙ্গে ফেসবুক জানিয়েছে, এই প্রক্রিয়ায় দ্রুততম সময়ে এবং নিখুঁতভাবেই নকল ভিডিও শনাক্ত করা যাবে। আর মূল ভিডিওর নির্মাতারাও ফেসবুকের কাছে তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলার জন্য আহ্বান জানাতে পারবেন। প্রাথমিকভাবে ফেসবুক তাদের নির্বাচিত স্বল্পসংখ্যক পার্টনারদের জন্য এই সুবিধাটি উন্মুক্ত করবে এবং এই প্রযুক্তিকে ক্রমান্বয়ে উন্নতও করা হবে। পরবর্তী সময়ে সকলের জন্যই প্রযুক্তিটি অবমুক্ত করা হবে। কোনো বড় আকারের ভিডিওর মাঝখান থেকে কোনো ক্ষুদ্র অংশ ব্যবহার করে অন্য ভিডিও তৈরি করা হলে সেটিও শনাক্ত করতে পারবে এই ভিডিও ম্যাচিং প্রযুক্তি। ভিডিও ম্যাচিংয়ের এই টুল তৈরিতে ফেসবুক বেশকিছু ভিডিও নির্মাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক ফুলস্ক্রিন, ভাইরাল-ভিডিও বিশেষজ্ঞ প্রতিষ্ঠান জুকিন মিডিয়া এবং অনলাইনে ভিডিও ট্র্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান জারফ। এতদিন পর্যন্ত ফেসবুকে নকল বা চুরি করা ভিডিও শনাক্ত করার জন্য অডিবল ম্যাজিকের অডিও ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হতো। কিন্তু এই প্রযুক্তি নকল ভিডিও শনাক্তকরণে খুব বেশি সফল নয়। অন্যদিকে ইউটিউবে গুগলের কনটেন্ট আইডি সফটওয়্যার ব্যবহার করা হয় যা স্বয়ংক্রিয়ভাবেই অননুমোদিত কোনো ভিডিওকে শনাক্ত করে দিতে সক্ষম। ইউটিউবের সাথে ভিডিও প্ল্যাটফর্মে ফেসবুকের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নকল ভিডিও শনাক্তে ফেসবুকের নতুন প্রযুক্তির কার্যকারিতা অনেকটাই নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।