স্মরণীয় জন্মদিন পালন করেছি আটলান্টায়’
দেশের শীর্ষ ব্যান্ড তারকা ও গীটারলিজেন্ড আইয়ুব বাচ্চু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। নিজের ব্যান্ড এলআরবির মাধ্যমে ব্যান্ড শিল্পকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন এ তারকা। একক শিল্পী হিসেবেও সমান সফলতা অর্জন করেছেন তিনি। প্লেব্যাকেও আইয়ুব বাচ্চু সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে সফল। বিশেষ করে নব্বই দশক থেকে আজ পর্যন্ত এলআরবির হয়ে আইয়ুব বাচ্চু দেশিয় অডিও ইন্ডাস্ট্রির চাকা ঘুরাতে অনবদ্য ভূমিকা রেখেছেন। এখনও সমান উদ্যাম নিয়ে দেশ-বিদেশের স্টেজ শো করে যাচ্ছেন নিয়মিত। পাশাপাশি নতুন নতুন গানও তৈরি করছেন। ক’দিন আগেই করে আসা আমেরিকা সফর, বর্তমান ব্যস্ততা ও গানের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন আইয়ুব বাচ্চু। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কেমন আছেন? ব্যস্ততা কেমন যাচ্ছে?
আল্লাহুর রহমতে ও সবার দোয়ায় খুব ভাল আছি। শো নিয়েই ব্যস্ততা চলছে। বিভিন্ন স্থানে নিয়মিত স্টেজ শো করছি।
ক’দিন আগেই এলআরবি নিউইয়র্ক সফর থেকে ফিরেছে। ১১ বছর পর নিউইয়র্ক সফরের অভিজ্ঞতা ও অনুভূতিটা কেমন ছিলো?
এক কথায় চমৎকার, অসাধারণ। ১১ বছর পর নিউইয়র্ক ও আটলান্টায় শো করেছি আমরা। প্রবাসীদের ভালবাসায় বার বার আবেগ আপ্লুত হয়েছি। অবাক হয়েছি বাংলা গানের প্রতি প্রবাসীদের এতটা ভালবাসা দেখে। বাংলাদেশের মানুষ এত দূরে থেকেও যে আমাদের এত ভালবাসেন সেটা আরও একবার উপলব্ধি করলাম। এই শো এর আয়োজক ছিলো ইনফিনিটি মিডিয়া ও উৎসব ডট কম। এই প্রতিষ্ঠানের রায়হান জামান ভাই, মিঠু ভাই, আল আমিনসহ সবার অক্লান্ত পরিশ্রমে সফল একটি সফর সম্পন্ন করেছি। প্রবাসীদের প্রাণোচ্ছল ব্যবহারে আমরা মুগ্ধ। আসলে নিউইয়র্কে গেলে লম্বা সময় নিয়ে যেতে হয়। কারণ সেখানে শো এর আরও পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু বাংলাদেশে অনেক শো আগে থেকেই শিডিউল করা ছিলো। সে কারণে আমরা চলে এসেছি।
আপনার জন্মদিনও তো সেখানেই পালন করেছেন?
হ্যা, আমার জন্মদিন আটলান্টায় করেছি। সেদিন সেখানে শো ছিলো। গানতো গেয়েছিই। পাশাপাশি সেখানে বাচ্চারাই মূলত আমার জন্মদিনটি পালন করেছে। স্টেজে কেক কেটেছি বাচ্চাদের সঙ্গে। অনেক বাচ্চা ছিলো সেখানে। সবাই মিলেমিশে আমার জন্মদিনটা পালন করেছে। এ এক জমজমাট আয়োজন। এবার জীবনের স্মরণীয় একটি জন্মদিন পালন করেছি আটলান্টায়।
এখন কি নিয়ে ব্যস্ততা চলছে?
এলআরবি এখন প্র্যাকটিস ও শো নিয়ে ব্যস্ত। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমারা শো করছি। অনেকটা বিরামহীন শো করছি আমরা। দেশের শো তো চলছেই। সামনে হয়তো আমরা দেশের বাইরে আরও একটি বড় সফরে যাবো।
নতুন গান ও অ্যালবাম এর কি অবস্থা?
জিপি থেকে গেলো ঈদেই আমার ‘জীবনের গল্প’ অ্যালবামটি প্রকাশ পেয়েছে। এর গানগুলোর অনেক ভাল সাড়া পাচ্ছি। আর নিয়মিততো স্টুডিওতে গান এর কাজ চলছেই।
এ অ্যালবামের মাধ্যমে গানে গানে ‘জীবনের গল্প’ বলেছেন। এই চিন্তাটা মাথায় কিভাবে এলো?
প্রত্যেকটা মানুষের জীবনে সুখ-দু:খের গল্প রয়েছে। একেক জনের গল্প এক এক রকম। কেউ সেটা প্রকাশ করে আর কেউ করে না। আমি গানের মাধ্যমে আমার জীবনের গল্প বলেছি। এর মাধ্যমে অন্যরকম তৃপ্তি অনুভব করেছি আমি।
সংগীতের অবস্থা এখন কেমন মনে হচ্ছে?
এখনও সংগীতের অবস্থা ভাল পর্যায়ে নেই। যারা গান করছে তাদের সচেতন হতে হবে। দায়িত্ববোধটা থাকতে হবে। পাশাপাশি আমি মনে করি শ্রোতাদেরও একটি দায়িত্ববোধ থাকতে হবে। নকল ও মানহীন গান প্রতিরোধে শ্রোতারাই বড় ভূমিকা রাখতে পারেন।
আপনার দৃষ্টিতে সংগীতে তরুণরা কেমন করছে?
আমি মনে করি তরুণরা অনেক ভাল করছে। সামনে আরও ভাল করবে। তবে ভাল করার চেষ্টাটা সব সময় থাকতে হবে।











