বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়ানো ভিত্তিহীন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদকে জড়ানোর যে অপচেষ্টা বা ষড়যন্ত্র চলছে, এটা পুরোটাই ভিত্তিহীন। আজ বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন যে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরির জন্য জাসদের ভূমিকা ছিল। বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের কথা, জেরা, বিভিন্ন কাগজপত্র, আদালতের রায় এবং পর্যবেক্ষণে কোথাও জাসদ সম্পর্কে একটা কথাও লেখা নেই। কিন্তু সাম্প্রতিকালে আওয়ামী লীগ ও বিএনপির কতিপয় নেতা জাসদের বিরুদ্ধে একই সুরে, একই সময়ে যে বিষোদ্গার শুরু করেছেন তা আমার বোধগম্য নয়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, জাসদ-ন্যাপসহ যারা বাম রাজনীতি করতেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ট্যাংকের ওপর দাঁড়িয়ে উল্লাস করেছিল কথিত সেই বিপ্লবীদের কথা আমরা ভুলিনি। পঁচাত্তরের আগে বিপ্লবের নামে রাজনীতিতে যে অস্থির পরিবেশ তৈরি করা হয়েছিল, তার খেসারত পুরো জাতিকে দিতে হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে হল শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় একই ধরনের বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কারণেই সামরিক বাহিনী ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়। গত সোমবার বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান হত্যাকাণ্ডে জাসদ নেতা হাসানুল হক ইনু ও তাদের গণবাহিনীর ভূমিকা জাতির সামনে পরিষ্কার করতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে বিএনপি।











