শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার ফিরলেন বাংলাদেশের আশার আলো স্টুয়ার্ট ল

news-image

দুর্দান্ত এক বাংলাদেশ রেখে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন এই বাংলাদেশ আরও উজ্জ্বল, আরও দুর্দান্ত। ২০১২ সালের মে মাসে স্টুয়ার্ট ল যখন ফিরে গিয়েছিলেন দেশে, সঙ্গে ছিল এশিয়া কাপে ভালো করার সুখস্মৃতি। আবার ফিরলেন বাংলাদেশে। এবার অবশ্য জাতীয় দলের কোচ হিসেবে নয়, এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হয়ে। ভবিষ্যতের মাশরাফি-সাকিবদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতই দেখতে পাচ্ছেন ল। 
বাংলাদেশে ফিরে অন্য রকম ভালো লাগা কাজ করছে অস্ট্রেলীয় কোচের মনে। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সে ভীষণ খুশি। তবে প্রত্যাশা, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা মাশরাফি-সাকিবদের মশালটা নিয়ে যাবেন আরও বহুদূর, ‘বাংলাদেশে ফিরে ভালো লাগছে। ভবিষ্যতের বাংলাদেশের তারকারা যেখান থেকে আসবে, সেই কর্মসূচির অংশ হতে পেরে খুশি। কাজ করার জন্য মুখিয়ে আছি। গত বিশ্বকাপ থেকে বাংলাদেশের জাতীয় দল যেভাবে খেলছে, খুবই রোমাঞ্চকর। নিশ্চিত, অনূর্ধ্ব-১৯ দলের তরুণেরাও ওদের নায়কদের অনুসরণ করতে চাইবে। ওই পর্যায়ে যেতে চাইবে।’ 
বছর তিনেক আগে সাকিবদের দায়িত্ব শেষে অস্ট্রেলিয়ায় ফিরে গেলেও বাংলাদেশের প্রতি টানটা ছিলই। খোঁজ-খবর রাখতেন নিয়মিতই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন নানা সময়ে। অনেক খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগটা ছিল অটুট। বললেন, ‘এখান থেকে যাওয়ার পরও বাংলাদেশের ক্রিকেটকে ভালোভাবে খেয়াল করেছি। বিশ্বকাপে তো বটেই। নিজের শহর ব্রিসবেনে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে। যতটা পেরেছি বাংলাদেশের উন্নতির পথচলার খবর রেখেছি। ফেসবুকেও অনেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ ছিল। নানা সময় ওদের সঙ্গে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের পারফরম্যান্স দেখে খুব ভালো লেগেছে।’ 
ল এসেছেন আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ সামনে রেখে। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ১৬ সপ্তাহের জন্য। তবে আপাতত থাকবেন সপ্তাহ চারেক, ক্যাম্পের সময়টুকুর জন্য। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় বাড়তি সুবিধা হলেও চ্যাম্পিয়ন হওয়া চ্যালেঞ্জিং মনে করছেন তিনি, ‘নিজের দেশে বিশ্বকাপ খেলতে পারা বাংলাদেশের ছেলেদের জন্য বড় একটা বাড়তি সুবিধা। যে দলগুলি সাধারণ যুব বিশ্বকাপে ভালো করে, যেমন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকা, তাদের জন্য এটি অচেনা জায়গা। ভারতের জন্য হয়তো অতটা নয়, কিন্তু অন্যদের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে শুধু ক্রিকেটেরই পরীক্ষা নয়, সহজাত খেলারও পরীক্ষা। বাংলাদেশের ছেলেদের এমন উদ্দীপনা-আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে যে আমরা জিততে পারি। যেকোনো দলকে চ্যাম্পিয়ন করাই কঠিন চ্যালেঞ্জ। আর এটা একজনের ওপর নির্ভর করে না। এমন নয় যে একজন এসে কিছু করল আর বলে দিল আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। ক্রিকেটাররা যদি পরিশ্রম করে যেতে থাকে, কোচরা তাদের পরিচর্যা করতে থাকে, খুব বেশি বদলানোর চেষ্টা না করে, তাহলেই হবে।’ 

ল মানেই আপনা-আপনি চলে আসবে ২০১২ সালের এশিয়া কাপের সেই স্মৃতি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ২ রানের সেই পরাজয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ভোলার নয়। ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে সেবার বার্তা দিয়েছিল, বড় টুর্নামেন্ট জেতার সামর্থ্য আছে বাংলাদেশের, ‘২০১২ এশিয়া কাপে দলকে ভালো করতে দেখা ছিল খুবই তৃপ্তির। আমার জন্য নয়, এ দলের জন্যই। কারণ, ছেলেরা অনেক কষ্ট করেছে পায়ের নিজে মাটি খুঁজে পেতে। ধীরে ধীরে তাদের মনে বিশ্বাস জন্মেছে, তারা এ পর্যায়েও ভালো করতে পারে। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারাতে পারে। সেটা তারা করেছেও। পাকিস্তানের বিপক্ষে যে দুটি ম্যাচ আমরা হেরেছিলাম, দুটিই জেতা উচিত ছিল। ওই টুর্নামেন্ট এখন খেলা হলে বাংলাদেশই ফেবারিট থাকত। ওই দকে এখন আরও ভালো করতে দেখাও তৃপ্তির। ১৬ কোটি মানুষের থেকে ১১জন খেলোয়াড়কে বাছাই করা হচ্ছে। এ ১১ জনের দুর্দান্ত হওয়ার কথা। চাপ থাকবেই। আর এর মধ্যে ভালো করলে তৃপ্তিও বেশি।’