রোজ সকালে গরম পানি ও লেবু পান করেন? জেনে রাখুন এর মারাত্মক ক্ষতিকর দিক!
ওজন কমানো এবং স্বাস্থ্য ভালো রাখতে একটি ট্রিক অনেকেই ব্যবহার করেন, তা হলো সকালে খালিপেটে লেবু দিয়ে গরম পানি পান। কিন্তু উপকারী এই পানীয় সবার অজান্তেই আপনার দাঁতের ক্ষতি করে চলেছে।
গরম পানিতে লেবু দিয়ে পান করাটা সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ওজন কমাতে অনেকেই এই পানীয় পানের পরামর্শ দিয়ে থাকেন। গিনেথ প্যালট্রো, ক্লডিয়া শিফার এবং জেনিফার অ্যানিস্টনের মতো তারকারা এই পানীয়ের প্রশংসায় পঞ্চমুখ। কারণ এই পানীয়ের কারণে বেশ কিছু উপকার পাওয়া যায়। বলা হয়, এটি আমাদের লিভারকে কাজ শুরু করতে তাগাদা দেয়, হজম শক্তি বাড়ায় এবং ওজন ঝরাতে সাহায্য করে।
কিন্তু ডেন্টিস্টরা বলছেন, এই পানীয়টির অ্যাসিডিটি আমাদের দাঁতের এনামেল ক্ষয় করে ফেলতে পারে, ফলে দাঁতের ক্ষতি হয় এবং বিশ্রী দাগ পড়ে দাঁতে। ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক অ্যাডভাইজার প্রফেসর ডেমিয়েন ওয়ামসলি বলেন, কিছু গবেহসনায় দেখা গেছে কোনো পানীয়ের মাঝে অ্যাসিডিটি যতো বেশি, তার দাঁত ক্ষয় করার পরিমাণও বেশি। লেবুর অ্যাসিডিটি তো বেশি বটেই, সাথে গরম পানি যোগ করার ফলে এর ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। কারণ উঁচু তাপমাত্রায় সহজে ক্ষয় হয় দাঁত।
গবেষণায় দেখা যাচ্ছে, এই পানীয় পানের অভ্যাসের কারণে অতীতের চাইতে বর্তমানে শিশু ও তরুণদের মাঝে দাঁত ক্ষয়ের ঘটনা বেশি দেখা যাচ্ছে। লেবু ভিটামিন সি এর খুব ভালো উৎস সত্যি, কিন্তু অনেকদিন ধরে এই পানীয় পান করতে থাকলে একটা সময়ে দাঁতের এনামেল নরম হয়ে ক্ষয় হয়ে যায়। ভেতরের গাড় রঙের ডেন্টিন দেখা যাবার ফলে দাঁত কুৎসিত মনে হয়। শুধু তাই নয়, সকালে এমন স্বাস্থ্যকর পানীয় পান করলেও দিনের অন্যান্য সময়ে অনেকেই বিভিন্ন ঝাঁঝালো কোমল পানীয় পান করে থাকেন। এসব কোমল পানীয় দাঁতের ক্ষতি আরও বাড়িয়ে দেয়।
তাহলে কী করবেন? গরম পানিতে লেবু দিয়ে পান করা তাহলে এখন থেকে বাদ? মোটেই না! বরং দাঁতের ক্ষতি এড়াতে একটি স্ট্র দিয়ে পান করতে পারেন একে। শুধু লেবু পানিই নয় বরং দাঁতের ক্ষতি করতে পারে এমন যে কোনো পানীয় স্ট্র দিয়ে পান করা ভালো, তা দেখতে যতো হাস্যকরই লাগুক না কেন। আরেকটি কৌশল হলো, এক ঢোকে সবটা পানীয় পান করুন, তাতে এটি দাঁতের বেশি ক্ষতি করতে পারবে না। এরপর ভালো করে কুলি করে ফেলুন।
মূল: How your morning glass of hot water with lemon – favoured by the likes of Gwyneth and Jen – could be ruining your teeth by Madlen Davis, Daily Mail
ফটো ক্রেডিট: blog.thebreastcancersite.com











