ব্লগার হত্যাকাণ্ডে ডেসমোন্ড সোয়ানের উদ্বেগ
বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেসমোন্ড সোয়ান। এমন হত্যাকাণ্ডে একজন ব্রিটিশ জড়িত থাকার বিষয়টি নিয়ে তিনি ভীত বলেও উল্লেখ করেন।
মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশন অ্যামিনিটিস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া সুষ্ঠু তদন্ত করে ব্লগার হত্যায় জড়িত ব্রিটিশ নাগরিকসহ অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান এই মন্ত্রী।
উল্লেখ্য, ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী মিঠু (২৮) ও আমিনুল মল্লিক (৩৫) নামে তিন জনকে আটক করা হয়েছে। র্যাব দাবি করছে, এদের মধ্যে তৌহিদুর রহমান ব্রিটিশ নাগরিক। তাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে।
তিন দিনের সফর শেষে মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশন অ্যামিনিটিস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেসমোন্ড সোয়ান। এসময় গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের অগ্রগতি, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা বিষয়ে কথা বলেন সোয়ান।
বাংলাদেশে পোশাক শিল্পের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে উন্নয়ন শুরু হয়েছে। তবে আরও অগ্রগতি প্রয়োজন।
তিনি বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সেক্টরে ৪০ লাখ মানুষ কাজ করেন। যার ৭০ শতাংশই নারী। আরও বিনিয়োগ বাড়িয়ে দেশ ও দেশের মানুষকে সচ্ছল করা সম্ভব।’
এসময় সুষ্ঠু তদন্ত করে ব্লগার হত্যায় জড়িত ব্রিটিশ নাগরিকসহ অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান সোয়ান।
তিনি বলেন, ‘এটি একটি জঘন্য হত্যাকাণ্ড। আমি ভীত। যুক্তরাজ্যের নাগরিক নিজেই এই অপরাধের জন্য দায়ী। সুষ্ঠু তদন্ত করে এদের প্রত্যেকে আইনের আওতায় আনা ও বিচারের মুখোমুখি করতে হবে।’
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও গণতান্ত্রিক বাংলাদেশ এমন হত্যাকাণ্ড সহ্য করা যায় না বলে মনে করেন ডেসমোন্ড। আর তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এদিকে যুক্তরাজ্যের পক্ষ থেকে দেশে বন্যাদুর্গত মানুষের জন্য ৩০ লাখ পাউন্ড আর্থিক সহায়তারও ঘোষণা দেন ডেসমোন্ড।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। আমরা চাই শান্তিপূর্ণ সমাজ ও শক্তিশালী সিভিল সোসাইটি, শক্তিশালী প্রতিষ্ঠান, যার মধ্যে গণমাধ্যম একটি। তবে এ ব্যাপারে আমার লেকচার দেয়া বা কিভাবে এক্ষেত্রে লক্ষ্যে পৌঁছানো যাবে সে ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। এটি আপনাদের দেশ আপনাদের গণতন্ত্র ও আপনাদের রাজনীতিবিদ। আপনাদেরই সমাধান করতে হবে।’
সফরে কুড়িগ্রামে ব্রিটিশ সরকারের সহায়তার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন ডেসমোন্ড। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
banglamail24.com











