বেকার সমস্যা?
যুব মন্ত্রণালয়ের হিসাব মতে দেশে বর্তমানে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত যুব পুরুষ ও মহিলার সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। আগামী বছর এ সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় পাঁচ কোটিতে। ইউএনডিপি ও বাংলাদেশ ব্যাংকের গবেষণার তথ্য অনুযায়ী বর্তমানে এদরে মধ্যে বেকারের সংখ্যা সাড়ে তিন কোটি। তার মধ্যে শিক্ষিত বেকার হচ্ছে ২ কোটি ২০ লাখ। অপরদিকে দেশে পরিবারের সংখ্যা সোয়া পাঁচ কোটি। প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দিতে হলে সোয়া পাঁচ কোটি লোককে চাকরি দিতে হয়, যেটা বাংলাদেশের বাস্তবতায় খুবই কঠিন।
দেশে বেকারের সংখ্যা বেড়ে চলেছে। স্বল্প শিক্ষিতের পাশাপাশি উচ্চ শিক্ষিত কর্মহীনের সংখ্যাও বাড়ছে। সেই সঙ্গে ছোট হয়ে আসছে কর্মসংস্থানের পরিধি। ইঞ্জিনিয়ারিং ও এমবিবিএস এর মতো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অনেক উচ্চ শিক্ষিত তরুণ-তরুণী ঘুরছেন বেকারত্ব নিয়ে। দেশে স্বল্প শিক্ষিত ও মধ্যম শিক্ষিতের কর্মসংস্থানে যে সংকট, প্রায় তার অনুরূপ সংকট উচ্চ শিক্ষিতের কর্মসংস্থানের ক্ষেত্রেও। কারণ একটাই অর্থাৎ তাদের সংখ্যা বাড়লেও চাকরির সুযোগ বাড়ছে না। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে শিল্প-কারখানার সংখ্যা বৃদ্ধি বা সম্প্রসারণ ঘটছে না। কর্মসংস্থান সৃষ্টির সমন্বিত পরিকল্পনার অভাবের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি খাতে বরাদ্দের অভাব পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ও তদারকির অভাবে শিল্প ও বাণিজ্য খাতে বিনিয়োগের হিসেবের সাথে কর্মসংস্থান সৃষ্টির হিসেব সঙ্গতিপূর্ণ নয়। পক্ষান্তরে গার্মেন্টস খাতের কর্ম সংস্থান প্রকৃত প্রস্তাবে অর্ধ কর্ম সংস্থান বা অর্ধ বেকারত্ব। তাছাড়া জ্বালানি সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের অভাবে নতুন শিল্প স্থাপন বাধাগ্রস্ত হচ্ছে। মূলত যে কারণে শিল্প খাতে নতুন নতুন শ্রমনির্ভর প্রকল্পে বিনিয়োগ বাড়ছে না। অপরদিকে সংস্কার ও আধৃনিকায়নের অভাব ও দক্ষ ব্যবস্থাপনার অভাবে অনেক পুরনো শিল্প-কারখানা সংকটাপন্ন হয়ে পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এসব নানা কারণে স্থায়ী কর্ম-সংস্থানের সুযোগ সম্প্রসারিত হতে পারছে না। অনেক ক্ষেত্রে বিগত এক দশকে বিশ্ব ব্যাংক ও দাতাদের চাপে চালু শিল্প কারখানা বিক্রি ও বন্ধ করার সরকারী নীতি দেশকে উল্টো পথে পরিচালিত করেছে। চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এসবের বিরূপ প্রভাব স্বাভাবিকভাবেই পড়ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তির সর্বশেষ জরিপ হয় ২০০৫-০৬ অর্থবছরে। এই জরিপে দেখানো হয় যে, ১৫ বছর বয়সের উর্ধ্বে অর্থনৈতিকভাবে কর্মক্ষম শ্রমশক্তির সংখ্যা ৪ কোটি ৯৫ লাখ। এর মধ্যে ৪ কোটি ৭৪ লাখ শ্রমশক্তি বিভিন্ন পেশার সাথে জড়িত। সর্বাধিক শ্রমশক্তি কৃষিখাতে ৪৮.১০ শতাংশ। এর আগে ২০০৩-০৪ অর্থবছরে শ্রমশক্তি জরিপে দেখানো হয়েছিল যে, ১৫ বছরের উর্ধ্বে ৪ কোটি ৪৩ লাখ শ্রমশক্তির মধ্যে ৫১.৬৯ শতাংশ কৃষি-শ্রমিক। এতে দেখা যায়, কৃষি খাতে উল্লেখিত সময়ে শ্রমশক্তির হার ৩.৫৯ শতাংশ কমেছে।
২০০৫-০৬ অর্থবছরের হিসাবে সর্বাধিক ৪১.৯৮ শতাংশ শ্রমশক্তি স্বকর্মে নিয়োজিত। ২০০২-০৩ অর্থবছরে এই হার ছিল ৪৪.৭০ শতাংশ। আবার বিবিএস ২০০৯ সালে এমইএস রিপোটে বলেছে যে, দেশে ১৫ বছর বয়সের উর্ধ্বে অনৈতিকভাবে কর্মক্ষম জনশক্তির সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ, এর মধ্যে ৫ কোটি ১০ লাখ শ্রমশক্তি বিভিন্ন পেশায় জড়িত। কৃষিকাজে সর্বাধিক ৪৩.৫৩, দিনমজুরিতে এবং পারিবারিক শ্রমে নিয়োজিত যথাক্রমে ২০.২০ ও ২০.১৮ শতাংশ যা গত ২০০৫-০৬ অর্থবছরে ছিল যতাক্রমে ১৮.১৪ ও ২১.৭০ শতাংশ।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল প্রতিটি পরিবারে কমপক্ষে একটি বর্মসংস্থান নিশ্চিত করা। বর্তমানে সরকারি আধাসরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদের সংখ্যা প্রায় ২৫ লাখ। এই পচিশ লাখের মধ্যে প্রায় সোয়া চার লাখ পদ শূন্য আছে। কারণ বাজেট ঘাটতি কমাতে ও ক্ষেত্র বিশেষে লোকসান কমাতে আবার কোথাও সরকারী ভর্তূকি কমাতে অনেক সরকারী, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ রাখা হয়েছে। ফলে শূন্য পদ শূন্যই থাকছে, নতুন করে আরো শূন্য হওয়া পদগুলি তার সাথে যুক্ত হচ্ছে।
ফলে দিন দিন বেড়েই চলেছে বেকারত্বের হার। বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২ কোটি ৪৪ লাখ। যা দেশের মোট জনসংখ্যার ১৩.৪ শতাংশ। ১৯৯০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ১১ শতাংশ বেশি। ১৯৯০ সালে দেশের বেকারত্বের হার ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ওই বছর একশ জনের মধ্যে বেকার ছিলেন তিন জন। ২০০০-০২ সালে বেকারত্বের এ হার বেড়ে দাঁড়ায় ৮ শতাংশে। অর্থাৎ ১০ বছরে বেকারত্বের হার বাড়ে ৫ শতাংশ। ২০০৮ সালে এমডিজির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০০০ সালে বেকারত্বের হার কমানোর লক্ষ্যে দেশে ১৫ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। এখন পর্যন্ত পরিকল্পনার অর্ধেকেরও বেশি সময় পার হলেও বেকারত্বের হার কমেনি। উল্টো বেড়েছে। বর্তমানে দেশে বেকারত্বের হার ১৩.৪ শতাংশ। অর্থাৎ ১৮ বছরে দেশে বেকারত্বের হার কমার পরিবর্তে উল্টো বেড়েছে ১১ শতাংশ।
বেকারত্বের এই সমস্যা-সংকট দেশে একদিনে তৈরি হয়নি। এই মূহূর্তে বেকারত্ব নিরসন যেমন অপরিহার্য, তেমনি ভবিষ্যতে বেকারত্ব কোন পর্যায়ে পৌছতে পারে, তার নিরিখে আগাম ব্যবস্থা গ্রহণও সমভাবে প্রয়োজনীয়। বেকারত্বের হার বাড়ছে, এমন ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম। গবেষণা সংস্থার মতে, বর্তমানে দেশে জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবা এবং তাদের মধ্যে ৪০ থেকে ৪২ ভাগই বেকার। পরিল্পনা কমিশন ও জাতিসংঘের সংস্থা ইউএনডিপির গবেষণা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দেশে কর্মক্ষম যুবক-যুবতীর সংখ্যাই দাঁড়াবে সাড়ে তিন কোটি। বেকারত্বের হার বর্তমান অবস্থায় রাখতে হলে এ সময়ের মধ্যে এক কোটির উপর যুবক-যুবতীকে চাকরি দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গবেষণায় বলা হয়েছে, ২০১১ সালের মধ্যে সৃষ্টি করতে হবে ১৮ লাখ মানুষের কর্মসংস্থান।
কেউ স্বীকার করছে না, তবে বাস্তবতা হল বিশ্বে ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছে। আমাদের জীবনধারণ প্রনালী ও অর্থনীতি এখনও প্রধানত মৌলিক চাহিদা ভিত্তিক হবার কারণে আমরা এই মন্দার প্রভাব ভাল করে বুঝতে পারছি না। বছর দুয়েকের মধ্যে রেমিট্যান্স ও বৈদেশিক কর্মসংস্থানের উপর যখন এর প্রভাব আরও জোরালো হবে, তখন আমরাও মন্দার আঘাত কিছুটা হলেও বুঝতে পারবো।
১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যখন অর্থনৈতিক মহামন্দায় পড়েছিল, তখন তারা দাতা ও বিশ্ব ব্যাংকের প্রভাব মুক্ত হয়ে ঘাটতি বাজেট দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছিল। থাইল্যান্ডের মূদ্রা ৪০০ ভাগ অবমূল্যায়ন করতে হয়েছিল, তারপরও ঘাটতি বাজেটই তাদের অবলম্বন ছিল। পরে সেখান থেকে তারা আস্তে অস্তে গত এক যুগে ঘুরে দাড়িয়েছে। আট-নয় দশকে ঋণভারে জর্জরিত ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু ও ফিলিপাইন এভাবেই অর্থনীতি সামাল দিয়েছিল। আজ ব্রাজিল বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি। আজ চীন বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি হলেও, তারাও এই পথ অনুসরণ করেছে চার-পাঁচ দশক ধরে। এখনও তারা পরিকল্পিতভাবে মূদ্রা মান কম রেখেছে তাদের অনুকুলে, অন্যদের অনুকুলে নয। এসব দেশের অনুকরণে, ইউরো ত্যাগ করে ও বিশ্বব্যাংকের প্রভাবের বাইরে গিয়ে, ঘাটতি বাজেট অনুসরণ নীতি অবলম্বনের জন্য গ্রীস সরকারের উপর চাপ বাড়ছে। আহবান আসছে ইউরো জোন থেকে বের হওয়ার। “মুরগী” চুড়ান্ত জবাই হওয়ার আগে হাতছাড়া হয়ে যায়, সেই আশঙ্কায় আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন কৌশলে গ্রীসকে ইউরোর ব্রাকেটে ধরে রাখতে চাইছে। তবে শেষ রক্ষা হবে না। ওদের প্রভাব ও পরিকল্পনায় গ্রীসের অর্থনীতি আরও বিপর্যস্ত হবে এবং শেষ পর্যন্ত গ্রীস ইউরো থেকে বেরিয়ে আসবে এবং ঘাটতি বাজেটর পথ ধরবে। এক সময় আয়ারল্যান্ড, ইতালী এবং স্পেনও গ্রীসের পথ ধরতে পারে। এসব যদি ঘটে তাহলে ইউরোপে অর্থনৈতিক সম্পর্কের নতুন মেরুকরণ হবে।
ঘাটতি বাজেটের প্রধান লক্ষ্য থাকে অভ্যন্তরীণ বিনিয়োগ সর্বাচ্চ রাখার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখা এবং দেশের মধ্যে ভোক্তা সৃষ্টি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অব্যন্তরীণ বাজারকে শক্তিশালী রাখা, বাজার ব্যবস্থাকে সবসময় গতিশীল রাখা। যেসব দেশ মন্দা মোকাবিলায় এই ব্যবস্থা অবলম্বন করেছিল তারা মন্দাকালীন সময়ে ব্যায়বহুল মেগা প্রকল্প পরিহার করে কর্মসংস্থান ও সামাজিক খাতে বেশী বেশী বিনিয়োগ করেছিল। ফলে মূদ্রস্ফীতি ঘটলেও সবার হাতে টাকা ছিল। অভ্যন্তরীণ বাজার ক্রেতাশুণ্য হয়নি, মন্দায় পড়েনি। তবে আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রভাবাধীনে থেকে এই পথ অবলম্বন করা সম্ভব নয়। বাংলাদেশ উল্টো পথে হাটছে। হাতে পয়শা নাই, তারপরও ধার করে, ঋণ করে মেগা প্রকল্প হাতে নিচ্ছে। একদিকে ঋণ করেই চলেছে, অপর দিকে মধ্যম আয়ের দেশ হবার চিন্তা করছে। আইএমএফএর প্রেসক্রিপশনে এমন “উন্নয়নের” ঘটনা আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে ঘটেনি।
আমাদের অর্থনীতি, বেকারত্ব এবং আই এমএফ ও দাতাদের দ্বারা আমাদের “মুরগী” বানানোর প্রক্রিয়া যদি আমরা বুঝি এবং আমরা যদি জেগে না ঘুমাই- তাহলে আমাদেরও উচিৎ কর্মসংস্থান ও সামাজিক খাতে সর্বোচ্চ বিনিয়াগ নিশ্চিত করে অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করা। এর জন্য প্রয়োজনে ঘাটতি বাজেট অনুসরণ করা এবং উদার আমদান নীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা। বেকারত্ব শুধু একটি সরকারকে নয়, একটি দেশকেও বিপদে ফেলতে পারে এবং সে ক্ষেত্রে আন্তর্জাতিক ইন্ধনদাতার অভাব হবে না।











