স্বাস্থ্যকর জীবন যাপনের শুরুতেই যে ৫ টি কাজ করা প্রয়োজন
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকলকেই অনেক কাজ করতে হয়। আমরা চাইলেও এবং না চাইলেও, কারন আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা নিজেদের কাজ করতে বাধ্য। কিন্তু আমাদের প্রতিদিনকার কাজ একেবারে পারফেক্ট করার জন্য আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই দরকার পরে থাকে। যার মধ্যে সুস্বাস্থ্য, সচল মস্তিষ্ক, ভালো স্মৃতিশক্তি ইত্যাদি।
এইসকল কিছুর জন্যই আমাদের প্রয়োজন একটি স্বাস্থ্যকর জীবন যাপনের যা আমরা অনেকেই করি না। কিন্তু স্বাস্থ্যকর জীবন যাপন না করার ফলে আমরা প্রতিনিয়তই ক্ষতি করছি আমাদের নিজেদের।
আমরা আমাদের কাজে কর্মে নিজের সম্পূর্ণটা দিয়ে মন বসাতে পারি না। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ যতো দ্রুত সম্ভব স্বাস্থ্যকর জীবনের শুরু করা। আর এর জন্য প্রথমেই যে কাজগুলো করতে পারেন না হলো-
শারীরিক পরিশ্রম শুরু করুন:
আজকে থেকেই জীবনযাপনের স্টাইলে সামান্য পরিবর্তন আনুন। খানিকটা সময় বের করে শারীরিক পরিশ্রমের কাজ শুরু করুন। হাঁটাচলা করা, জগিং করা, শারীরিক ব্যায়াম করা দিয়ে শুরু করতে পারেন স্বাস্থ্যকর জীবন যাপনের যাত্রা। মোট কথা বসা কাজকে আক্ষরিক অর্থেই না বলুন।
টানা ২০-২৫ মিনিট বসে কাজ করলে ৫ মিনিট উথে হাঁটাচলা করে আবার কাজে বসুন। শারীরিক ব্যায়ামের জন্য ১০ টি মিনিট সময় বের করে নিন। যদি না পারেন তবে ১০-১৫ মিনিট হেঁটে আসুন। এতে শরীরে রোগ বাসা বাধবে না।
প্রতিদিনের পানি ও পানীয় পানের মাত্রা বাড়িয়ে দিন:
আমাদের দেহের ৬৫% পর্যন্ত পানি দিয়ে তৈরি। আমাদের দেহে যখনই পানির ঘাটতি হয় তখনই আমরা নানা রকম রোগে-শোকে পরে থাকি। তাই আমাদের স্বাস্থ্যকর জীবনের শুরুতে আরও যে কাজটি করতে হবে তা হলো পানি ও পানীয় পানের মাত্রা বাড়িয়ে দিতে হবে। দেহটাকে হাইড্রেট রাখতে হবে।
প্রতিদিন ৬-৮ গ্লাস পানি পানের পাশাপাশি ফলের রস, ডাবের পানি, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি পান করা উচিৎ সকলের।
সকালের তাজা হাওয়া এবং সূর্যের আলো:
কর্মব্যস্ত জীবনের কারনে অনেকেরই তাজা হাওয়া এবং সূর্যের আলো উপভোগ করতে পারেন না একেবারেই। সকালের তাজা হাওয়া আমাদের মনের জন্য অনেক প্রশান্তিকর এবং সূর্যের আলো আমাদের স্বাস্থ্যের জন্য। সূর্যের আলো আমাদের দেহে ভিটামিন ডি তৈরি করে যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সব চাইতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
ভিটামিন ডি এর অভাবে ক্যান্সার, উচ্চরক্ত চাপ, মুটিয়ে যাওয়া, ডায়বেটিস এবং বিষণ্ণতার সৃষ্টি হয়। তাই সুস্থ জীবনের শুরু করতে চাইলে সকাল ৯ টার আগের সূর্যের আলো এবং তাজা হাওয়া নেয়ার চেষ্টা করুন।
পরিমিত বিশ্রাম নিন:
আমাদের সুস্বাস্থ্যের জন্য শারীরিক পরিশ্রমের যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন পরিমিত বিশ্রামের। আপনি শারীরিক পরিশ্রমের পর যদি পরিমিত না ঘুমাতে পারেন তবে আপনার দেহ দুর্বলতায় পড়বে, বিষণ্ণতা ও উদ্বেগে মনোমানসিকতা একেবারেই ভেঙে পড়বে।
স্মৃতিশক্তির দুর্বলতা, মস্তিস্কের অচলতা সবই পরিমিত বিশ্রাম না নেয়ার কারনে হয়ে থাকে। তাই একজন পূর্ণবয়স্ক হিসেবে প্রতিদিন ৬-৮ ঘণ্টা প্রত্যেকের অবশ্যই প্রয়োজন।
স্বাস্থ্যকর খাবার খান:
ভালো খাবার আমাদের দেহকে সুস্থ রাখার জন্য সব চাইতে বড় ভূমিকাটি পালন করে থাকে। খাবার থেকে আমরা শক্তি পাই। এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও স্বাস্থ্যকর খাবার থেকেই আসে।
কিন্তু এই ব্যাপারেও আমরা একটি ভুল করে থাকি। স্বাস্থ্যকর খাবার এখন টিনজাত হিসেবেও পাওয়া যায় যা সময় বাঁচাতে আমরা কিনে খেয়ে থাকি। এতে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। তাই খেয়াল রাখবেন স্বাস্থ্যকর খাবারটি যেন প্রাকৃতিক হয়।











