শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করা হবে : এটর্নি জেনারেল

news-image

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় পেলে তার মৃত্যুদণ্ডের রায় পুনর্বহালের আরজি জানিয়ে রিভিউ আবেদন করা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে এ পর্যন্ত পাঁচটি মামলার নিষ্পত্তি হলেও এখন পর্যন্ত তিনটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। এর মধ্যে অচিরেই দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে বলে আশা প্রকাশ করেন মাহবুবে আলম।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা ৫টি মামলা এ পর্যন্ত সুপ্রিমকোর্টে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে। আপিলের প্রথম রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদন্ডাদেশ দেয় আপিল বিভাগ। এর রায় রিভিউ’র আবেদনও খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর ওই বছর ১২ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। গত বছর ১৭ সেপ্টেম্বর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ট্রাইব্যুনালে দেয়া সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ড দেয় আপিল বিভাগ। এ রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশিত হয়নি।

আপিলের তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির দন্ডাদেশ বহাল রাখা হয়। ফাঁসির দণ্ড বহাল রাখার রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনও খারিজ করে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত ১১ এপ্রিল শনিবার রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। ট্রাইব্যুনালে দন্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার ফাঁসির রায় কার্যকর করা হলো। গত ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায়েও মৃত্যুদন্ড বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এখন মজাহিদের মামলায় আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে। গত ২৯ জুলাই বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ মামলায়ও আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে। সাঈদী, মুজাহিদ ও সাকা চৌধুরীর আইনজীবীরা জানায় পূর্ণাঙ্গ রায় পেলে তারা রায় রিভিউর আবেদন করবেন।